Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

শিশির আজমের গুচ্ছকবিতা

বাতাসের প্রাণ আছে

বাতাস ভারী হয়ে আসে হালকা হয়ে আসে
কখন
এটা কেউ আপনাকে বলে দেবে না

কিন্তু বাতাস এমন এক বস্তু যে ঘোরাফেরা করে
আমাদেরই ভেতর
আমাদের ইলেক্ট্রিসিটি বিল আর রেশনকার্ড সে চেক করে
আমাদের অস্বস্তির ওপর সে ছিটিয়ে দেয় সোশাল সিম্ফনি
আমরা টের পাইনে

শহিদের রক্তে আর মাসিকের রক্তে
হিমোগ্লোবিনের উপস্থিতির তফাৎ ঠিক কীরকম
এটা আজ অব্দি হাতেনাতে কেউ কি আপনাকে দেখিয়েছে

হ্যাঁ বাতাসের গতিবিধি নিয়ে আমাদের সতর্ক থাকা দরকার
কেন না খুব সহজে
বাতাস
আমাদের বাগান এলোমেলো করে দিতে পারে

আবার এও মনে রাখা দরকার
বাতাসের সৃষ্টি আমাদেরই ভেতর থেকে
বা ভেতরের ভেতর থেকে

*

আদিবাসী, এবং জাতীয়তাবাদী রাষ্ট্রের পবিত্র পতাকা

মনে করো
এক-সিঁড়ির এই জগতে
থৈ না পাওয়া এক জীব তুমি
মাথা নেই
লেজ অনেক লম্বা

জলের তলে
আলোর তলে
পুরাকালে ছিল নদী
মানুষ তো নদীরই সন্তান
অথবা তার বাম পায়ের আঁচড় থেকেই
তৈরি হয়েছে নদী

বেয়াড়া বাতাসে রাত্রিযাপন করে তারা
তাদের স্বপ্ন তাদের মতোই
জন্তুরা তাদের মতোই
জন্তু আর জলজন্তু

গাছের পাতার অন্ধকার
আর পাখি
আর পরাগরেণু
গাছের অসুখ

সংখ্যাগরিষ্ঠ মানুষের
চিন্তাকে
ভালবাসাকে
শ্রদ্ধা করতে
শেখো

*

নারীর আগুনলাগা বন

আমি কোনওদিন তোমাকে বিশ্বাস করিনি
প্রতিবার
তোমার মাটির নগ্ন শরীর
দু’হাতে ছানি
আর ওটা পিছলে যায়
পিছলে যায়
বিশাল বনের ওপর ভাসতে ভাসতে
আমার নাগালের বাইরে

তবে আগুন লাগার পর
বন
নিচের দিকে খানিক তাকায়
এই যে প্রমাণ
ছাই

*

সহজ একটা উপায়

যে লোক তিন বেলা খেতে পায় না
তার পক্ষে টিস্যু পেপার কেনা হাস্যকর।

আবার এও তো সত্যি
যে টিস্যু পেপার অতি দরকারি জিনিস।

সহজ উপায় বাতলে দিচ্ছি:
যে কাগজগুলোতে ছবি থাকে
বিশুদ্ধ সব ছবি
যে কাগজগুলোতে কবিতা থাকে
বিশুদ্ধ সব কবিতা
সেগুলোকে নির্দ্বিধায় টিস্যু পেপার বানিয়ে ফেলো।

*

একজন বিখ্যাত কবির আত্মপ্রতিকৃতি

কে বোঝে
আমার কবিতা?

কে শোনে
আমার জখম প্রকরণচিড়?

কে দেখে
আমার আলোছায়ার ত্রাসিত পরিপ্রেক্ষিত?

কে জানে
আমার নাম?
আমার সত্যিকার নাম?

আমি জানি?

চিত্রণ: মনিকা সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 20 =

Recent Posts

গৌতম চক্রবর্তী

দুই হুজুরের গপ্পো

১৯৩০ সালের ১৪ জুলাই, আলবার্ট আইনস্টাইন বার্লিনের উপকণ্ঠে নিজের বাড়িতে স্বাগত জানান ভারতীয় কবি, দার্শনিক ও সঙ্গীতজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় নোবেল বিজয়ী। তাঁদের এই সাক্ষাৎকারটি ইতিহাসের অন্যতম বুদ্ধিদীপ্ত ও মননশীল আলাপচারিতায় পরিণত হয়, যেখানে তাঁরা বিজ্ঞান ও ধর্মের চিরন্তন দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেন। “সায়েন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান ট্রাডিশন: হোয়েন আইনস্টাইন মেট টেগোর” গ্রন্থে এই ঐতিহাসিক সাক্ষাতের বিবরণ পাওয়া যায়। এই বইতে বিশ শতকের শুরুতে ভারতের বৌদ্ধিক পুনর্জাগরণ এবং ভারতীয় ঐতিহ্য ও পাশ্চাত্য বৈজ্ঞানিক চিন্তার মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আশা ভোসলে ও তাঁর বাংলা গান

সুদীর্ঘ আট দশক ধরে তিনি তাঁর সঙ্গীতের সুধায় ভরিয়ে দিয়েছেন কেবল ভারত বা এই উপমহাদেশকেই নয়, বিশ্বকে। পরিণত বয়সেই মৃত্যু হয়েছে তাঁর, যেমন কয়েক বছর আগে হয়েছিল তাঁর স্বনামখ্যাত অগ্রজা লতা মঙ্গেশকরের। আশা ভোসলে তাঁর সমগ্র জীবনে বারো হাজার গান গেয়ে গিনেস বুকে স্থান পেয়েছেন। একদিকে ধ্রুপদী সঙ্গীত, অন্যদিকে লঘু, পপ, এমনকী চটুল গানেও তাঁর সমকক্ষ খুঁজে পাওয়া কঠিন। সমসাময়িক কিংবদন্তি শিল্পীদের মধ্যে এজন্য অনায়াসে স্থান করে নিয়েছিলেন তিনি।

Read More »
গৌতম চক্রবর্তী

স্প্যানিশ ছোটগল্প: পুতুল রানি

সত্যিকারের আমিলামিয়া আবার আমার স্মৃতিতে ফিরে এসেছে, আর আমি আবার— সম্পূর্ণ সুখী না হলেও সুস্থ বোধ করছি: পার্ক, জীবন্ত সেই শিশুটি, আমার কৈশোরের পঠনকাল— সব মিলিয়ে এক অসুস্থ উপাসনার প্রেতচ্ছায়ার ওপর জয়লাভ করেছে। জীবনের ছবিটাই বেশি শক্তিশালী। আমি নিজেকে বলি, আমি চিরকাল আমার সত্যিকারের আমিলামিয়ার সঙ্গেই বাঁচব, যে মৃত্যুর বিকৃত অনুকরণের ওপর জয়ী হয়েছে। একদিন সাহস করে আবার সেই খাতাটার দিকে তাকাই— গ্রাফ কাগজের খাতা, যেখানে আমি সেই ভুয়ো মূল্যায়নের তথ্য লিখে রেখেছিলাম। আর তার পাতার ভেতর থেকে আবার পড়ে যায় আমিলামিয়ার কার্ডটি— তার ভয়ানক শিশুসুলভ আঁকাবাঁকা লেখা আর পার্ক থেকে তার বাড়ি পর্যন্ত যাওয়ার মানচিত্র। আমি সেটা তুলে নিয়ে হাসি।

Read More »
যদুনাথ মুখোপাধ্যায়

বিজ্ঞানমনস্কতা কারে কয়?

শ্রদ্ধেয় বসুর বইতে হোমিওপ্যাথি সম্পর্কিত অধ্যায়টি তথাকথিত বিজ্ঞানমনস্কদের, বিশেষ করে মুদ্রা-মূর্ছনায় মজে থাকা, বা রাজনীতিজ্ঞ হিসেবে স্বীকৃতির দাবেদার-ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরক্তিকর বা অপ্রীতিকরই মনে হবার কথা। কেননা, উল্লিখিত দুটি বিষয় নিয়ে তাদের মনের গহীন কোণে প্রোথিত বিজ্ঞানবাদিতার শেকড় ওপড়ানোর সম্ভাবনা নেই বলেই মনে হয়। প্রশ্ন হল, তাঁর উপরিউক্ত বইটির কারণে তথাকথিত বিজ্ঞানমনস্ক বন্ধুদের চোখে ব্রাত্য বলে চিহ্নিত হবেন না তো? হলে আমি অন্তত আশ্চর্যচকিত হব না। দাগিয়ে দেবার পুরনো অভ্যাস বা পেটেন্ট এই মহলের বাসিন্দাদের প্রধান অস্ত্র, তা ভুক্তভোগীরা হাড়ে হাড়ে জানেন।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

অগ্নিবীর: বন্দুকের মুখে ঈশ্বর

১৯৫০ দশকে নেপালের রাজতন্ত্র ও রাজার মন্ত্রিগোষ্ঠী রানাশাহী শাসনের বিরুদ্ধে সফল সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে অনেকে বাঙালি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রথম সংঘর্ষ সে-দেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত। ভারত ও চীনের মধ্যে একফালি দেশ নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম সশস্ত্র ও নিরস্ত্র দুই পথ ধরে চলেছিল। ডান-বাম-অতিবাম— ত্রিমুখী রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের চূড়ান্ত সফলতা আসে ২০০৮ সালে রাজার শাসনের অবসানে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারী: এক দৈবী আখর

আমরা ৮-ই মার্চের আন্তর্জাতিক নারীদিবসে আবহমান নারীবিশ্বকে সামান্য একটু ছুঁয়ে যেতে চাইলাম মাত্র। হাজার হাজার বছর ধরেই তাঁদের ওপর কড়া অনুশাসন, জবরদস্ত পরওয়ানা আর পুরুষতন্ত্রের দাপট। সে-সবের ফল ভুগতে হয়েছে আন্তিগোনে থেকে সীতা, দ্রৌপদী; জোয়ান অফ আর্ক থেকে আনারকলি, হাইপেশিয়া; রানি লক্ষ্মীবাঈ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া; রোজা পার্কস থেকে মালালা ইউসুফজাই— তাঁদের মতো হাজারো নামহীন নারীকে।

Read More »