Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

তৃতীয় পৃথিবীর নিঃসঙ্গতা : একটি অভিব্যক্তি

একটা স্থির সময় আবর্তিত হচ্ছে নিজের চারপাশে। একটা শ্লথ বৃদ্ধি, একটা ধূসর চঞ্চলতা, একটা বৃত্তের সীমিত পরিধি যা সবসময় তর্জনী তুলে আছে তোমার দিকে। হয়তো সে দিক নির্দেশ করছে, হয়তো সে তোমাকে শাসনে রাখতে চাইছে, হয়তো বুঝিয়ে দিতে চাইছে নিজের ক্ষমতার কথা। একটি সূর্যান্ত থেকে অন্য একটি নতুন সূর্যাস্তের ভিতরে অন্ধকারের আলাদা আলাদা অধ্যায়কে চিহ্নিত করছে, যে কোনও একটি অন্ধকারকে বেছে নিতে বলছে নিজের জন্য। তারপর সূর্য ওঠার পর সেই সব স্বপ্নের ক্যানভাসে তৈরি হচ্ছে খণ্ডদৃশ্য। প্রতিটি দৃশ্যের নিঃসঙ্গতা সৎ এবং নগ্ন। সেইসব দৃশ্যেরা শেষ হয়ে যাওয়ার নয়, বারে বারে তারা ফিরে আসে তৃতীয় পৃথিবীর নিঃসঙ্গতায়। কুয়োর অনেক গভীরে জলের আশায় এই নিঃসঙ্গতা একটি দশক জুড়ে ভাঙা ইটের দেওয়াল বেয়ে শুরু করতে চেয়েছিল তাদের অভিযান। তাদের সঞ্চয়ে ছিল অতীতের শিবির থেকে জেগে ওঠা লৌহকণিকার গান, সত্তরের দগদগে অভিজ্ঞতা। কোনও কাঙ্ক্ষিত উৎসের দিকে এগিয়ে যায়নি তারা। সময়কে ছুঁয়ে দেখতে চেয়েছেন মানুষের মুখ ও মনের যোগাযোগ থেকে বিকীর্ণ হওয়া রং।

আমাদের পরিচয় আদর্শমুখী হতে চায়। মধ্যবিত্ত বাঙালি চিরকাল একটি সৎ রাজনৈতিক আদর্শে টিকে থাকতে চেয়েছে। ফাটল সমেত সেই টিকে থাকা বাঙালির মায়োপিক দৃষ্টি কুখ্যাত মানিক চক্রবর্তীকে লুকিয়ে রেখেছে ট্রাঙ্কের ভিতরে আর লাবণ্যর বাবাকে বাঁচিয়ে রেখেছে ভবিষ্যতের জীবাশ্ম করে তুলতে। একটা সামাজিক স্থিরচিত্রের মধ্যে যেন তিনি সিসিফাসের মতো পুরাতন আপ্তবাক্যগুলিকে বয়ে চলেছেন। লাবণ্যর নিচের পোশাক থেকে খুলে গেছে তার অন্ধবিশ্বাসের গিঁট অথবা আত্মবিশ্বাসের? কে বলতে পারে সে অস্থির পরিবর্তনমুখী কুহকের বিস্তৃত জাল নয়। কিছুই তো অবশ্যম্ভাবী ছিল না সে সময়। এই মায়াচ্ছন্ন অবাস্তবের প্রশ্নগুলির মধ্যেই বাস্তবের বৈধতা প্রকট হয়ে উঠেছে অ্যাবসার্ডিটির চলনে। গল্প দিকনির্দেশ করে বলেছে, যেখানেই বাস্তব গিয়ে ধাক্কা খায় অবাস্তবের সঙ্গে ঠিক সেই বিন্দুতে বসে অনুভব হয়, বাস্তব বলে আসলে কিছু নেই। সবটাই কল্পিত অথবা সুপরিকল্পিত। তাই অপালা বলেও হয়তো সেই গল্পটিতে আসলে যে থাকে না সেও অদ্ভুতভাবে শাসন করে কাহিনির আলোকে। প্রকৃতপক্ষে না থাকা মানুষগুলি রক্তের গোলাপি রঙের লাল হয়ে ওঠাটিকে সঞ্চালনা করে। তার সাথে কথা বলার জন্য জেগে ওঠে ঘরের আসবাবপত্র যারা সঞ্চয় করে রেখেছিল এক তাৎক্ষণিক মূল্যবোধ। একটি চলমান চরিত্র একটি সামাজিক অবস্থার মধ্যে দিয়ে বয়ে চলেছে স্রোতের সঙ্গে। সমসাময়িক রাজনৈতিক আবহাওয়া তার ভাবনাকে রং করে দিচ্ছে, পরমুহূর্তে সেই সাদা রং ভেদ করে ফের জেগে উঠছে তার ভিতরে প্রোথিত ছবিরা। মৃত শিল্পী ফিরে এসেছেন জীবিত চরিত্রের বোধে। নবারুণ ভট্টাচার্যের হারবার্ট কথা মনে পড়ে। হারবার্ট মৃত ব্যক্তিদের সাথে কথা বলতে থাকে এবং পেশাগতভাবে তার এই ক্রমঅভ্যুত্থান একসময় রাজনৈতিক চোখের মুখে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। দীপশেখরের চরিত্রগুলি কিন্তু আত্মহত্যামুখী নয়, তারা প্রতিমুহূর্তে জীবনের কথা বলে গেছে। সম্ভাবনার আগামী ইঙ্গিত একেবারে গুঁড়িয়ে যায়নি কোথাও।

চরিত্রের জীবনের উপরে প্রচ্ছন্ন ছায়া ফেলে গেছে সম্পর্ক। সম্পর্কশুশ্রূষার শিশিতে ধরে রেখেছে মায়ের চোখের জল। দরজার বাইরে রেখেছে সমুদ্রের দিন। দরজার এপারের ঘরে রেখেছে আয়না এবং রূপকথা। একমাত্র জানলার ওপারে বয়ে যাচ্ছে স্বাধীনতার অদ্ভুত এক গল্প যেখানে এক মুক্ত ঘুড়ি উড়তে উড়তে একদিন দেশদ্রোহিতা হয়ে ঝুলে পড়ছে স্তম্ভের প্রতীক হয়ে।

বাঁধানো মলাটে দীপশেখর চক্রবর্তীর ‘তৃতীয় পৃথিবীর নিঃসঙ্গতা’ একটি স্বপ্ন এবং দুঃস্বপ্নের ভিতরে যাতায়াত অথবা যোগাযোগ। এই যোগাযোগের ভিতরে প্রতিটি কথোপকথন যেন স্বতন্ত্র সলিটিউড। গ্যাব্রিয়েল গারসিয়া মার্কেসের উনিশ’শ সাতষট্টি সালের একশ বছরের নিঃসঙ্গতা, অর্থাৎ ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিচুড উপন্যাসের কথা মনে পড়ে যায়।

একা, প্রগাঢ় একা যে দৃশ্য সেখানে মানুষের মুখ খসে পড়ে, ফের জেগে ওঠে আশ্চর্য চিত্ররূপের ভিতরে। ক্রাইসিস এই চিত্ররূপের একমাত্র রং। ক্রাইসিস এবং শেডস। অন্ধকার এবং তার অজস্র প্রশাখার গিঁট। তৃতীয় পৃথিবীর ভিতরে আটকে থাকা কান্না, মৃত্যু, পুরুষ এবং নারীর বিপরীত লিঙ্গের নিজস্ব অবস্থান, অভিযোজন এবং কখনও কখনও আত্মসমর্পণও বটে। অথচ এসব কিছুই তত সাদামাটা নয়। এর ভিতর থেকেও চারার বৃদ্ধিতে প্রতিবাদ জন্ম নিয়েছে আস্তাবলে যিশুর অক্ষরে এবং এর মধ্যেই ঘনীভূত হয়েছে পরিবারমুখী জীবনগুলির পেঁচানো আবর্ত। অথচ সবই স্বাভাবিক রয়েছে সর্বত্র। মৃতের দেহের ভিতরে জীবন বয়ে গেছে ফল্গুধারার মতো। কোথাও তো মনে হল না চরিত্র প্রসঙ্গ থেকে সরে গেছে বাস্তবের খাতিরে। বরং প্রতিমুহূর্তে গল্প একটি রূপকথার খুঁজতে চেয়েছে, বাস্তবের রূপকে। এখানে রূপক বাস্তব, জাদুকাঠির বাস্তব যা কল্পনাকে ছুঁতে চেয়েছে।

সেই স্পর্শটিও বড় নিঃসঙ্গ। অসাধারণ একটি ভূমিকা গল্পসংকলনটির শুরুতেই তাকে পূর্ণাঙ্গ প্রজাপতির জীবন দান করেছে। বাকি যা কিছু লিখলাম সবই হয়তো অতিকথন। তবুও দশটি ছোটগল্পের এই সংকলন থেকে আরও দু’একটি বাক্য উদ্ধৃত করলে বোধহয় খুব বেশি বাচালতা হবে না।

১. “ভালোবাসা যে একটা ধনতান্ত্রিক সমাজের লজেন্স বিক্রির বিজ্ঞাপন ছাড়া কিছুই নয়, এই কথাটি স্পষ্ট করে বোঝানো যেত। এও বোঝানো যেত, আসলে কেউ আমাকে ভালোবাসেনি। ভালোবেসেছে, আমার চোখের ইশারায় আসবাবপত্র সরানোর অলৌকিক ক্ষমতাকে। সমুদ্রের ধারের মেয়েরা আমাকে ভালোবেসেছিল, সাবানজলের বুদবুদের ভেতর রামধনু দেখানোর কায়দাটির জন্য। ভালোবাসা হল এই ব্যবহারযোগ্যতা।”

Advertisement

২. “এত সহজে দেখা যায়না পুকু। সবকিছুর জন্য দেখার একটা চোখ চাই। তুই বল, ছবি কি সবাই দেখতে পারে? ছবি দেখার চোখ তৈরি করতে হয়। তেমনই যে ছবি আঁকে, তাকে দেখারও চোখ তৈরি করে নিতে হয়। পুকু। নইলে এমন একটা মোটা চোখ দিয়ে কিছুই দেখা যায় না।”

৩. “কোথায়ই বা কী হয়! একটা আলো জ্বালানো এবং নিভিয়ে দেওয়ার মতো সামান্য জীবন ধরে কেবল অর্থহীনতা বয়ে নিয়ে চলা। একদিন পৃথিবী ধ্বংস হবে। একদিন মহাকাশ সংকুচিত হয়ে ফিরে আসবে সেই একটা বিন্দুতে। তারপর? সেখানেই শেষ? নাকি আবার শুরু হবে এই প্রবাহ? আবার লক্ষ কোটি বছর পর এমন একটা অন্ধকার বারান্দা এবং বাইরের আলো নিয়ে বসে থাকব আমি।”

৪. “তোমাদের পরিবারে যৌনতা হল টিভির রিমোট দিয়ে চ্যানেল পাল্টে দেওয়ার মতো।”

৫. “আমাদের সম্পর্কটা একটা কালো বিড়ালের আয়ুর ভেতর, যা দ্রুত ফুরিয়ে গেছিল।

৬. “তখন সবে সবে আমাদের এই ছোট শহরের আকাশ থেকে শয়ে শয়ে মৃত পাখি পড়তে শুরু করেছে। তৎকালীন বামপন্থী সরকারের উচিৎ ছিল, এই ঘটনাটিকে একটি অশুভ সংকেত হিসেবে গ্রহণ করা। কিন্তু তখনও ওরা পায়ের ওপরে পা রেখে ঘুমোচ্ছিল। এমনকী, কেউ কেউ কিনে নিচ্ছিল দেওয়ালে টাঙানোর বিরাট বড় টেলিভিশন সেট।”

আরও হয়তো অনেক কথা বাকি থেকে গেল। পাঠক হয়তো আরও বহুমুখী দৃষ্টিভঙ্গি দিয়ে নতুন করে আবিষ্কার করবেন ‘তৃতীয় পৃথিবীর নিঃসঙ্গতা’-কে। দীপশেখর জাদুবাস্তবতার অক্ষরে একটি সময়কালের ভিতরে ছুঁয়ে থাকলেন সেই সমস্ত মানুষদের যারা রৌদ্রের ওঠা-নামা দেখেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 19 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »