Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

লাভরভের আফ্রিকা ভ্রমণ: বিশ্বকূটনীতিতে নতুন ইঙ্গিত?

আগুনটা ধিকিধিকি জ্বলছিলই। তাকে আর-একটু উসকে দিলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।

ঔপনিবেশিকতার নাগপাশ থেকে আফ্রিকার দেশগুলির মুক্তি ঘটতে শুরু করে গত শতকের পাঁচের দশকের প্রথম থেকেই। ১৯৫১ সালে। ওই বছর স্বাধীনতা লাভ করে লিবিয়া। আর ছয়ের দশক থেকেই আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রের কূটচাল। প্রথম বলি হন কঙ্গোর জননায়ক প্যাট্রিস লুমুম্বা। মূলত এঁর নেতৃত্বেই বেলজিয়ান উপনিবেশবাদীদের সরিয়ে ১৯৬০ সালের জুন মাসে স্বাধীনতা লাভ করে কঙ্গো। প্রধানমন্ত্রী হন তিনি। কিন্তু দেখা যায় তাঁর আরোহণের সঙ্গে সঙ্গেই দেশে শুরু হয়ে যায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। এই আন্দোলন দমন করার জন্য লুলুম্বা আমেরিকা ও রাষ্ট্রসংঘের কাছে আবেদন করে বিফল হন। অবশেষে আমেরিকা ও বেলজিয়ামের সমর্থনপুষ্ট সেনাপ্রধান মোবুটু লুমুম্বাকে সরিয়ে ক্ষমতা দখল করেন এবং লুমুম্বাকে খুন করা হয়।

এই কৌশল আমেরিকা চালিয়ে এসেছে সেদিন থেকেই। এবং এখনও চালাচ্ছে। সরাসরি কোনও যুদ্ধ নয়। যে রাষ্ট্রপ্রধান সার্বভৌমত্বের কথা বলবেন, প্যান আফ্রিকানিজমের কথা বলবেন, আমেরিকা ও পশ্চিম ইউরোপের কাছে মাথা বিকিয়ে দেবেন না, তাঁর বিরুদ্ধে শুরু হয়ে যাবে বিচ্ছিন্নতাবাদী বা অন্য ধরনের তৎপরতা। অথবা সেনাবাহিনীতে বিক্ষোভ। ঠান্ডাযুদ্ধের অবসানের পরও এই কৌশলের পরিসমাপ্তি হয়নি। লিবিয়ার গদ্দাফিকে কীভাবে খুন করা হল তা আমরা সকলেই জানি। এই কায়দায় এখনও খুন করা চলছে। দেড় বছরও হয়নি সিআইএ-র অন্তর্ঘাতের কারণে খুন হয়েছেন চাদের জনপ্রিয় প্রেসিডেন্ট ইদ্রিস দিবাই।

দিবাই ছিলেন গাদ্দাফির অনুসারী। এই লিবীয় নেতার মতই অর্থনীতি ছিল তাঁরও। যা মনপসন্দ ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের। অথচ নিজের দেশে অসম্ভব জনপ্রিয় ছিলেন এই চাদ নেতা। ৯০ সালে স্বৈরাচারী হিসিঁ হেব্রেকে সরিয়ে ক্ষমতায় আসেন তিনি। তারপর তিনি ছ’-ছ’বার পুনর্নির্বাচিত হন। সিআইএ-র কারসাজিতে তাঁর মত এক জনপ্রিয় নেতা খুন হন। এইরকম একের পর এক জনপ্রিয় নেতাদের খুনের কারণে গোটা আফ্রিকাই মার্কিন-বিরোধী হয়ে ওঠে। যার সঙ্গে যুক্ত হয় খাদ্যসংকট জনিত বিক্ষোভ। খাদ্যসংকট আফ্রিকায় নতুন কোনও কথা নয়। কিন্তু রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই সংকট আজ এক ভয়ংকর মাত্রায় পৌঁছেছে। আইসিআরসি (ইনটারন্যাশনাল কমিটি অব রেড ক্রস) জানাচ্ছে, আফ্রিকার ৩৪ কোটি ৬০ লক্ষ মানুষ আজ খাদ্য অসুরক্ষার সম্মুখীন। অর্থাৎ, মহাদেশের এক-চতুর্থাংশ মানুষের খাদ্যের নিশ্চয়তা নেই। এইসব কারণে তাদের আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। যার সদ্ব্যবহার করতে কোনও খামতি রাখেননি রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।

গত ২৩ থেকে ২৫ জুলাই আফ্রিকার চার দেশ— মিশর, ইথিওপিয়া, উগান্ডা ও কঙ্গো ঘুরে গেলেন রাশিয়ার ৭২ বছর বয়স্ক বিদেশমন্ত্রী। প্রতিটি জায়গাতেই তাঁর গলাতে ছিল সেই একই সুর। আফ্রিকার দেশগুলির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করে রাশিয়া। রুশ-ইউক্রেন যুদ্ধের জন্য আফ্রিকার খাদ্য-পরিস্থিতি খারাপ হলেও রাশিয়া তার প্রতিজ্ঞা পূরণে বদ্ধপরিকর। এই কথাই বারবার বলে গিয়েছেন লাভরভ। তিনি ভালই জানেন যে, এই মহাদেশের নেতারা আজ আর আগের মত মার্কিন-প্রেমী নন। সম্প্রতি রাষ্ট্রসংঘ কর্তৃক রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দাপ্রস্তাবে ভোট দেয়নি ১৭টি আফ্রিকার দেশ। যার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার মত প্রভাবশালী দেশ। নাইজেরিয়ার মত অর্থনৈতিকভাবে পুষ্ট দেশ আমেরিকা ও ব্রিটেনের এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও অন্য একটি পশ্চিম ঘনিষ্ঠ দেশ যে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি, সেটিও উল্লেখযোগ্য। দেশটি হল উগান্ডা। ১৯৮৬ সাল থেকে যে দেশের প্রেসিডেন্ট পদে পশ্চিম-ঘনিষ্ঠ ইয়োএরি মুসেভেনি। রাষ্ট্রসংঘ অধিবেশনে ভোটদানে বিরত থাকে এই দেশ।

উল্লেখ্য, লাভরভ যে চারটি আফ্রিকার দেশে গিয়েছিলেন, তার অন্যতম হল উগান্ডা। মুসেভেনির সঙ্গে সাক্ষাৎ করেন রুশ বিদেশমন্ত্রী। আর তারপরেই যেন মধু ঝরে পড়ে সাড়ে তিন দশকের প্রেসিডেন্টের গলায়। ‘যদি রাশিয়া ভুল করে, আমরা বলব। কিন্তু যেখানে তাদের ভুল নেই, আমরা তাদের বিরুদ্ধে যেতে পারি না।’

Advertisement

শুধু এখানেই শেষ নয়। লাভরভের সঙ্গে সাক্ষাতের পর মুসেভেনি বলেন, ‘শুধু নিরাপত্তা ক্ষেত্রেই এই দুই দেশ (রাশিয়া ও উগান্ডা)-এর সহযোগিতা আটকে থাকতে পারে না।’ কৃষি, পরমাণু প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতার জন্য রাশিয়া ও উগান্ডা চুক্তি স্বাক্ষর করে।

এসবের ইঙ্গিত ভালই বোঝেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সঙ্গে সঙ্গে সম্পর্ক মেরামতির জন্য কূটনীতিবিদ লিন্ডা টমাস-গ্রিনফিল্ডকে উগান্ডায় পাঠান তিনি। গত ৪ আগস্ট মুসেভেনির সঙ্গে সাক্ষাৎ করেন লিন্ডা। ড্যামেজ কন্ট্রোলে খামতি রাখেননি তিনি। জোর দেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উগান্ডার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর।

কিন্তু তার পরেও মুসেভেনি বলেন, ‘কারও শত্রু মানে আমাদের শত্রু, এমন তত্ত্বে বিশ্বাস করি না আমরা।’ তিনি আরও স্পষ্টভাষায় বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমরা বাণিজ্য করতে চাই। পৃথিবীর সব দেশের সঙ্গেই বাণিজ্য করতে চাই আমরা।’

স্পষ্ট ইঙ্গিত মুসেভেনির। এইখানেই প্রশ্ন উঠছে, আফ্রিকার কূটনীতিতে কি তাহলে পরিবর্তন আসতে চলেছে?

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »
সুজিত বসু

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »