Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বাঙালির ‘মাছে-ভাতে’ থাকার আইকনিক পরিচয় জিইয়ে রেখেছেন এই বঙ্গসন্তান

এই ২০২১ সালে এসে তিনি শতবর্ষে পদার্পণ করেছেন। ২১ নভেম্বর তাঁর জন্মদিন। কিন্তু এই বঙ্গসন্তানকে নিয়ে দেশে আশ্চর্য নীরবতা। দেশবাসী তাঁকে কার্যত চেনেই না। অথচ  কার্প জাতীয় মাছের ‘প্রণোদিত প্রজননের জনক’ বলে বিশ্ববাসী তাঁকে কুর্নিশ করেছে। বিশ্বে ‘নীল বিপ্লব’-এর পথপ্রদর্শক হিসাবেও বিবেচিত হন তিনি। বিশ্বের বহু দেশের বহু সম্মানে ভূষিত হয়েছেন এই বিজ্ঞানসাধক। অনেকে মনে করেন, প্রথম বিশ্বের কোনও দেশে জন্মালে হয়তো নোবেল পুরস্কারটা তাঁর ঝুলিতেও থাকত। জন্মশতবর্ষে সেই মহান বাঙালি বিজ্ঞানী ড. হীরালাল চৌধুরির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।
আমাদের দেশে কী পেয়েছেন তিনি? দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ তো অনেক দূরের, ‘পদ্মশ্রী’ ‘পদ্মভূষণ’ ‘পদ্মবিভূষণ’ প্রভৃতি কোনও ‘ভূষণ’ই তাঁর জন্য বরাদ্দ হয়নি। শুধু তাঁর উদ্ভাবন সাফল্যকে স্মরণে রেখে ১০ জুলাই ‘ফিস ফার্মার্স ডে’ উৎযাপিত হয় দেশে। পেয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স আকাডেমির ‘চন্দ্রকলা হোরা মেমোরিয়াল মেডেল’, ‘রফি আহমেদ কিদওয়াই পুরস্কার’। মুম্বাইয়ের সেন্ট্রাল ইনস্টিটিউট অব ফিশারিজ এডুকেশন তাঁকে সাম্মানিক ডি.এসসি ডিগ্রি দিয়েছে। বাংলায়, মৎস্যবিজ্ঞানে সারাজীবনের অবদানের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় কৃতজ্ঞচিত্তে তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছিল। ব্যাস, এই পর্যন্তই।

মাছকে ইনজেকশন দিচ্ছেন ড. চৌধুরী।

দেখে নেওয়া যাক, বিদেশে তাঁর সমাদর ছিল কতটা? প্রখ্যাত জাপানি মৎস্যবিজ্ঞানী ড. কুরোনুমা তাটট তাঁকে ‘Father of induced breeding of the Carp’ আখ্যা দিয়েছিলেন। পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির ‘গামা সিগমা ডেল্টা’ অ্যাওয়ার্ড, আলাবামার অবার্ন ইউনিভার্সিটির ‘গোল্ডেন কি’ অ্যাওয়ার্ড, ‘ওয়ার্ল্ড অ্যাকুয়াকালচার অ্যাওয়ার্ড’, ‘এশিয়াটিক সোসাইটি অ্যাওয়ার্ড’ ইত্যাদি। এছাড়াও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বোদেগা মেরিন ল্যাবরেটরিতে তাঁর সম্মানে প্যাসিফিক রিম অ্যাকুয়াকালচারে এন্ডোক্রিনোলজির অ্যাপ্লিকেশন সম্পর্কিত একটি সম্মেলনের আয়োজনও করে।
প্রফেসর হীরালাল চৌধুরী জন্মেছেন অবিভক্ত ভারতে, ১৯২১-এর ২১ নভেম্বর, তৎকালীন আসামের সিলেট (শ্রীহট্ট)-এর (অধুনা বাংলাদেশে) সুরমা নদী উপত্যকা সংলগ্ন কুবাজপুর গ্রামে। ছাত্র হিসেবে ছিলেন উজ্জ্বল। ম্যাট্রিকুলেশনে চারটি বিষয়ে লেটার সহ পাস করেন। তারপর ছাত্রবৃত্তি লাভ করে কলকাতার বঙ্গবাসী কলেজে আই.এসসি পড়েন। বি.এসসি (সাম্মানিক)-তে প্রথম শ্রেণিতে প্রথম হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে প্রাণীবিদ্যায় এম.এসসি পাস করেন। এরপর অধ্যাপনা শুরু করেন। কিন্তু দেশভাগের ফলে কর্মচ্যুত হয়ে ভারতে চলে আসনে। এখানে ভারত সরকারের অধীন Central Inland Fisheries Research Institute (CIFRI)-এ কাজ এবং গবেষণা একসঙ্গে চলতে থাকে। কর্মদক্ষতার জন্য অবার্ন ইউনিভার্সিটি থেকে এম.এস এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। মৎস্য প্রজননে পিটুইটারি ইনজেকশনের প্রভাব ছিল তাঁর গবেষণার বিষয়। এরপর দেশের বিভিন্ন সংস্থায় নিজেকে নিয়োজিত করেছেন। এছাড়া রাষ্ট্রসংঘের এফ এ ও (Food and Agricultural Organisation)-র উপদেষ্টা হয়ে সুদান, নাইজেরিয়া, ফিজি, লাওস, ফিলিপিনস, মায়ানমার সহ বিশ্বের বহু দেশে কাজ করেছেন। ছিলেন ফিলিপিনসে দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিশারিজ উন্নয়ন কেন্দ্রের (SEAFDEC) রিজিওনাল কোঅর্ডিনেটর এবং সহকারী অধিকর্তা ও ফিলিপিনসের এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাকুয়াকালচারের পরিদর্শক বিজ্ঞানী।

এনামেল ট্রেতে নিষিক্ত কার্প মাছের ডিম পর্যবেক্ষণ করছেন ড. চৌধুরী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন দেশ খাদ্য এবং প্রোটিনের সংকটের সম্মুখীন হয়েছিল সেই সময় মাছের চাষ কিছুটা গতি পায়। মৎস্য চাষকে দেশের অর্থনীতিতে এক বিশেষ জায়গায় পৌঁছে দিতে ভারত সরকার এই বিষয়ে গবেষণার কাজে আরও গতি আনতে চেয়ে পশ্চিমবঙ্গের বারাকপুরে স্থাপন করে CIFRI, যেখানে দেশের সমস্ত মৎস্য দপ্তরের আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হত। এই গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ার পরেই হাওড়া জেলার অনেক ছোটবড় পুকুর থেকে মাছের চারা সরবরাহ করা হত, যেগুলোকে বলা হত ‘ফিস সিড সিন্ডিকেট’। তবে ‘নীল বিপ্লব’ বা Blue Revolution শুরু হয় ড. কে এইচ আলিকুনহির তত্ত্বাবধানে ড. হীরালাল চৌধুরীর হাত ধরে ‘Seed production technology through Induced Breeding’ (Hypophysation)-এর মাধ্যমে। ডক্টর আলিকুনহি ছিলেন CIFRI (কটক)-এর Pond culture division-এর প্রধান, সংস্থাটি বর্তমানে CIFA (Central Institute of Freshwater Aquaculture) নামে পরিচিত।
বারাকপুরের কেন্দ্রে থাকার সময়ই ড. চৌধুরী লক্ষ্য করেন, গঙ্গার ধারে ইটভাটায় জোয়ারের জলে ভেসে আসা পেটফোলা মাছ ধরে টিপে দিতেই ওভাল শেপের স্বচ্ছ ডিম বেরিয়ে আসছে এবং কয়েক ঘণ্টা এক পাত্রে রাখার পর জীবনের সঞ্চার প্রত্যক্ষ হচ্ছে। এই ঘটনাই তাঁকে ‘প্রণোদিত প্রজনন প্রক্রিয়া’ সম্পর্কে চিন্তাভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। কটকের মৎস্য গবেষণাগারে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে মাছের এন্ডোক্রাইনোলজি এবং ফিজিওলজির ওপর দীর্ঘ ৯ বছর গবেষণার পর ১৯৫৭-র ১০ জুলাই কার্প প্রজাতির মাছের প্রণোদিত প্রজননে সাফল্যের মুখ দেখেন, যা প্রাণীবিজ্ঞানে প্রথম সারির একটি মৌলিক কাজ হিসাবে পরিগণিত হয়েছে। এর আগে পর্যন্ত বিশ্বের কোথাও এই প্রক্রিয়ায় মৎস্য প্রজনন সম্ভব হয়নি। এই পদ্ধতিতে রুই, কাতলা, মৃগেল, বাটাখয়রা ও গ্রাসকার্প প্রজাতির মাছের প্রজনন যেমন সম্ভব হয়েছে, তেমনই কই, পাবদা, মাগুর প্রভৃতি বহু প্রজাতির মাছের প্রণোদিত প্রজননও সম্ভব হয়েছে। তাঁর এই গবেষণার ফলেই আজকের মৎস্যচাষিরা প্রয়োজনমতো যেকোনও সময়ে চাষের জন্য একসঙ্গে সমবয়সী সুস্থ ডিমপোনা পেয়ে যাচ্ছেন। আজ আমাদের পাতে যে সস্তায় রুই-কাতলা-মৃগেল উঠছে, তার রূপকার প্রফেসর হীরালালই।

Advertisement
সাফল্য এসেছিল ১৯৫৭-র ১০ জুলাই।

তবে হীরালাল চৌধুরী কেবল প্রণোদিত প্রজননেরই জনক নন। পরবর্তীকালে পুকুরে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে নিবিড় মিশ্রচাষের (মিশ্রচাষ হল একই পুকুরে বিভিন্ন প্রজাতির পৃথক জলস্তরে পৃথক খাদ্যাভ্যাসে থাকা মাছের বহুগুণ উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়া) দিশা দেখিয়েছেন তিনিই। এছাড়াও কার্প প্রজাতির ১২ রকমের নতুন সঙ্করীকরণ করেছেন। আঁতুর পুকুরের ডিমপোনা কোন পোকার দ্বারা আক্রান্ত হয়, তা চিহ্নিত করে তার প্রতিকার এবং বিজ্ঞানসম্মতভাবে আঁতুর পুকুর পালনের পদ্ধতির উপায় বিশদে দেখিয়েছেন।
এবারে একটু জেনে নিই প্রণোদিত প্রজনন বা Induced Breeding পদ্ধতিটি আসলে কী আর কেন প্রয়োজন? যদি বিষয়টিকে বুঝতে না পারা যায়, তবে ড. চৌধুরীকে হয়তো আমরা যথাযথভাবে চিনতে পারব না, বুঝতেও পারব না যে তাঁর যুগান্তকারী আবিষ্কার বাঙালি তথা সারা পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ!
প্রথমত, মাছ বর্ষাকালে নদী, খাল-বিল বা পুকুরে নির্দিষ্ট তাপমাত্রায়, বৃষ্টি হচ্ছে এমন অবস্থায় ডিম পাড়ে। জলের স্রোত অবশ্যই থাকতে হবে। কারণ এই অবস্থাগুলোই মাছের ডিম পাড়ার আদর্শ। দ্বিতীয়ত, মাছ বছরে একবারই ডিম পাড়ে; বিশেষ করে কার্প জাতীয় মাছ, যেমন রুই কাতলা মৃগেল। তৃতীয়ত, প্রাকৃতিক অবস্থায় বিভিন্ন কারণে ৫৬ থেকে ৬০ শতাংশ মাছের ডিম নষ্ট হয়ে যায় বা অন্য মাছ খেয়ে সাবাড় করে। এখন যদি কৃত্রিম পরিবেশ তৈরি করে মাছকে বছরে দুই থেকে তিন বার ডিম পাড়ানোর ব্যবস্থা করা যায় ও একইসঙ্গে ৯০ থেকে ৯৫ শতাংশ মাছের ডিম বাঁচিয়ে চারার জন্ম দেওয়া যায়, তবে উৎপাদন একধাক্কায় অনেকখানি বাড়ানো যেতে পারে। এই চিন্তাই প্রণোদিত প্রজনন বা Induced Breeding-এর উদ্দেশ্য। প্রফেসর হীরালাল চৌধুরী এই কাজটিই করে দেখিয়েছেন, যা সারা পৃথিবীতে তাঁর আগে আর কেউ করে দেখাতে পারেননি।
প্রণোদিত প্রজনন বা Induced Breeding সম্বন্ধে কিছুটা জেনে নেওয়া যাক খুব সহজ করে। মাছের বাজারে গেলে লক্ষ্য করবেন কিছু লোক মাছের পিটুইটারি গ্রন্থি সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার কারণ হল এই পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন তৈরি করে তা পুরুষ ও মেয়ে মাছকে ইনজেক্ট করা হয়। মেয়ে মাছটিকে নির্দিষ্ট সময় অন্তর দুবার ও পুরুষমাছকে একবার পিটুইটারি ইনজেকশন দেওয়া হয়। মাছের ওজন দেড় কেজির আশপাশে রাখতে হয় এবং তাদের পর্যাপ্ত পরিমাণে ডিম্বাণু ও শুক্রাণু থাকতে ও বয়স দুই থেকে চার বছরের মধ্যে হতে হবে। আমাদের দেশে সাধারণত Intramuscular Injection দেওয়াই প্র‌্যাকটিস করানো হয়ে থাকে। এর পর কৃত্রিম জলাশয়ে কৃত্রিম ফোয়ারা বৃষ্টিপাত ঘটিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। মোটামুটিভাবে ৬ থেকে ১০ ঘণ্টার মধ্যে নিষিক্তকরণের কাজটি সমাপ্ত হয়। নিষিক্ত ডিম্বাণু দেখতে স্বচ্ছ হয়। তারপর ডিম ফুটে চারা বের হয় ও এই উপায়ে প্রায় ১০০ শতাংশ চারা বাঁচানোই সম্ভব হয়। পৃথিবীর তাবড় পণ্ডিত যাকে যুগান্তকারী সাফল্য বলে বর্ণনা করেছেন।
২০১৪ সালের ১২ সেপ্টেম্বর ড. হীরালাল চৌধুরী প্রয়াত হয়েছেন। তবে তাঁর উদ্ভাবন তাঁকে অমর করে রাখবে। তাঁর এই যুগান্তকারী আবিষ্কারের ফলে দেশে Aqua-Explosion  ঘটে, শত শত মৎস্য আঁতুরঘর বা Fish Hatchery তৈরি হয়ে সেখানে প্রণোদিত প্রজননের মাধ্যমে চারা উৎপাদন শুরু হয়। এর ফলে দেশে ‘নীল বিপ্লব’-এর সূচনা হয় এবং দেশের অর্থনীতির উন্নতি হয়। ভারতীয় ফিশারিজ সেক্টর থেকে সরকার বৈদেশিক মুদ্রা অর্জন করতে শুরু করে। তাঁর এই যুগান্তকারী আবিষ্কারের ফলে দেশের মৎস্য উৎপাদন প্রায় ১১ গুণ বৃদ্ধি পেয়ে আজ ৯.৫৮ মিলিয়ন টনে দাঁড়িয়েছে (২০১৪ সালের হিসেব)। ১৯৫০ সালে যা ছিল ০.৭৫ মিলিয়ন টন। বর্তমানে ভারত দ্বিতীয় বৃহত্তম মৎস্য উৎপাদক দেশ, চিনের পরেই।

চিত্র : গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

স্যার রোনাল্ড রস, ম্যালেরিয়া ও অন্যান্য

রোনাল্ড রসকে তাঁর গবেষণার সহায়তাকারী এক বিস্মৃত বাঙালি বিজ্ঞানীর নাম কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায় (১৮৭৭-১৯২৯)। তাঁর অবদান কিন্তু খুব কম নয়। তিনি ছিলেন রস-এর অধীনে সহ-গবেষক। রস নোবেল পেলে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর নেতৃত্বে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, শিবনাথ শাস্ত্রী, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ কিশোরীনাথের ভূমিকার বিষয়টি বড়লাট লর্ড কার্জনকে জানান। কার্জন এ-বিষয়টি ব্রিটিশ সরকারের গোচরে আনেন। এর ফলে ১৯০৩ সালে যখন দিল্লিতে দরবার বসে, তখন ডিউক অফ কনট-এর মাধ্যমে কিশোরীনাথকে ব্রিটিশরাজ সপ্তম এড‌ওয়ার্ড-এর তরফ থেকে স্বর্ণপদক প্রদান করা হয়। পরে কলকাতা
র সেনেট হলে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

Read More »
গৌতম চক্রবর্তী

দুই হুজুরের গপ্পো

১৯৩০ সালের ১৪ জুলাই, আলবার্ট আইনস্টাইন বার্লিনের উপকণ্ঠে নিজের বাড়িতে স্বাগত জানান ভারতীয় কবি, দার্শনিক ও সঙ্গীতজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় নোবেল বিজয়ী। তাঁদের এই সাক্ষাৎকারটি ইতিহাসের অন্যতম বুদ্ধিদীপ্ত ও মননশীল আলাপচারিতায় পরিণত হয়, যেখানে তাঁরা বিজ্ঞান ও ধর্মের চিরন্তন দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেন। “সায়েন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান ট্রাডিশন: হোয়েন আইনস্টাইন মেট টেগোর” গ্রন্থে এই ঐতিহাসিক সাক্ষাতের বিবরণ পাওয়া যায়। এই বইতে বিশ শতকের শুরুতে ভারতের বৌদ্ধিক পুনর্জাগরণ এবং ভারতীয় ঐতিহ্য ও পাশ্চাত্য বৈজ্ঞানিক চিন্তার মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আশা ভোসলে ও তাঁর বাংলা গান

সুদীর্ঘ আট দশক ধরে তিনি তাঁর সঙ্গীতের সুধায় ভরিয়ে দিয়েছেন কেবল ভারত বা এই উপমহাদেশকেই নয়, বিশ্বকে। পরিণত বয়সেই মৃত্যু হয়েছে তাঁর, যেমন কয়েক বছর আগে হয়েছিল তাঁর স্বনামখ্যাত অগ্রজা লতা মঙ্গেশকরের। আশা ভোসলে তাঁর সমগ্র জীবনে বারো হাজার গান গেয়ে গিনেস বুকে স্থান পেয়েছেন। একদিকে ধ্রুপদী সঙ্গীত, অন্যদিকে লঘু, পপ, এমনকী চটুল গানেও তাঁর সমকক্ষ খুঁজে পাওয়া কঠিন। সমসাময়িক কিংবদন্তি শিল্পীদের মধ্যে এজন্য অনায়াসে স্থান করে নিয়েছিলেন তিনি।

Read More »
গৌতম চক্রবর্তী

স্প্যানিশ ছোটগল্প: পুতুল রানি

সত্যিকারের আমিলামিয়া আবার আমার স্মৃতিতে ফিরে এসেছে, আর আমি আবার— সম্পূর্ণ সুখী না হলেও সুস্থ বোধ করছি: পার্ক, জীবন্ত সেই শিশুটি, আমার কৈশোরের পঠনকাল— সব মিলিয়ে এক অসুস্থ উপাসনার প্রেতচ্ছায়ার ওপর জয়লাভ করেছে। জীবনের ছবিটাই বেশি শক্তিশালী। আমি নিজেকে বলি, আমি চিরকাল আমার সত্যিকারের আমিলামিয়ার সঙ্গেই বাঁচব, যে মৃত্যুর বিকৃত অনুকরণের ওপর জয়ী হয়েছে। একদিন সাহস করে আবার সেই খাতাটার দিকে তাকাই— গ্রাফ কাগজের খাতা, যেখানে আমি সেই ভুয়ো মূল্যায়নের তথ্য লিখে রেখেছিলাম। আর তার পাতার ভেতর থেকে আবার পড়ে যায় আমিলামিয়ার কার্ডটি— তার ভয়ানক শিশুসুলভ আঁকাবাঁকা লেখা আর পার্ক থেকে তার বাড়ি পর্যন্ত যাওয়ার মানচিত্র। আমি সেটা তুলে নিয়ে হাসি।

Read More »
যদুনাথ মুখোপাধ্যায়

বিজ্ঞানমনস্কতা কারে কয়?

শ্রদ্ধেয় বসুর বইতে হোমিওপ্যাথি সম্পর্কিত অধ্যায়টি তথাকথিত বিজ্ঞানমনস্কদের, বিশেষ করে মুদ্রা-মূর্ছনায় মজে থাকা, বা রাজনীতিজ্ঞ হিসেবে স্বীকৃতির দাবেদার-ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরক্তিকর বা অপ্রীতিকরই মনে হবার কথা। কেননা, উল্লিখিত দুটি বিষয় নিয়ে তাদের মনের গহীন কোণে প্রোথিত বিজ্ঞানবাদিতার শেকড় ওপড়ানোর সম্ভাবনা নেই বলেই মনে হয়। প্রশ্ন হল, তাঁর উপরিউক্ত বইটির কারণে তথাকথিত বিজ্ঞানমনস্ক বন্ধুদের চোখে ব্রাত্য বলে চিহ্নিত হবেন না তো? হলে আমি অন্তত আশ্চর্যচকিত হব না। দাগিয়ে দেবার পুরনো অভ্যাস বা পেটেন্ট এই মহলের বাসিন্দাদের প্রধান অস্ত্র, তা ভুক্তভোগীরা হাড়ে হাড়ে জানেন।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

অগ্নিবীর: বন্দুকের মুখে ঈশ্বর

১৯৫০ দশকে নেপালের রাজতন্ত্র ও রাজার মন্ত্রিগোষ্ঠী রানাশাহী শাসনের বিরুদ্ধে সফল সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে অনেকে বাঙালি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রথম সংঘর্ষ সে-দেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত। ভারত ও চীনের মধ্যে একফালি দেশ নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম সশস্ত্র ও নিরস্ত্র দুই পথ ধরে চলেছিল। ডান-বাম-অতিবাম— ত্রিমুখী রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের চূড়ান্ত সফলতা আসে ২০০৮ সালে রাজার শাসনের অবসানে।

Read More »