Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ভোটযুদ্ধ ও গণতন্ত্র হত্যা

বৃদ্ধ মানুষটি কেমন যেন নিস্পন্দের মতো দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ঘরে গিয়ে মলিন বিছানায় বসলেন। কানে আসছে তখনও… ‘অমর রহে, অমর রহে…।’ ‘শহিদ’ হয়েছে পাড়ার দুর্ধর্ষ দুষ্কৃতী তার দলের দোস্তদেরই হাতে, দাপুটে নেতার নির্দেশে, দলীয় কোন্দলের জেরে। সেই ‘মহান শহিদ’-কে ফুলের মালায় সাজিয়ে শোভাযাত্রা বেরিয়েছে রাস্তায়! চলছে স্লোগান— ‘শহিদ… অমর রহে।’ বৃদ্ধের দুচোখে জলের ধারা নামল বহু পরে। তারপর তিনি যেন সম্বিত ফিরে পেলেন। দেওয়ালে ঝুলিয়ে রাখা দেশবরেণ্যদের ছবিগুলো নামিয়ে ধুলো মুছে যেন আদর করলেন। তারপর খাটের নিচ থেকে পুরনো রংচটা টিনের বাক্স বের করে সেগুলোকে সেটির মধ্যে ঢুকিয়ে দিয়ে বললেন, ‘তোমরা এখন এখানেই থাকো।’ যেন তাঁদেরকে তিনি এমন ঘটনার সাক্ষী হওয়া থেকে আড়ালে রাখতে চাইলেন। সে কর্মটি সারা হলে নির্বিরোধী মানুষটি আবার শান্তি ফিরে পেলেন নিজের মনে। নিষ্ঠুর বাস্তবের এমন কাহিনিরূপ পড়েছিলাম একালের গল্পলেখকের লেখায়। ক্রমশ নিকটবর্তী হয়ে আসা ভোটযুদ্ধের কথা ভেবে আমারও যেন একই অবস্থা হয়েছে! শুনতে পাচ্ছি স্লোগান— শহিদ গণতন্ত্র অমর রহে। অমর রহে! অমর রহে!

ভোটযুদ্ধ ও গণতন্ত্রের শব

গণতন্ত্র বহু বছর আগে শহিদ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ নামক রাজ্যটিতে। আর তার শবদেহ নিয়ে আমরা শোভাযাত্রা করে চলেছি যেন অনন্ত বছরকাল! সেই সঙ্গে স্লোগান তুলছি— গণতন্ত্র অমর রহে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কোনও রাজনৈতিক দলের মুখে গণতন্ত্রের কথা শুনলে সে কথা আমার কানে এমন স্লোগান হয়েই বাজে। কেন? মনে হয়, গণতন্ত্র যদি বেঁচে থাকত তাহলে ‘শাসক’, ‘ক্ষমতা’, ‘দখল’, ‘আমরা’, ‘ওরা’ শব্দগুলো গণতন্ত্রের (আসলে দলতন্ত্রের) ধ্বজাধারীদের মুখে শোভা পেতে পারত না কোনওমতেই। নির্বাচনে ‘দখল’ নেওয়াকে ঘিরে জয়-পরাজয়ের ফলাফল ঘোষিত হতে পারত না। দখল নেওয়ার জন্য পরিকল্পিত ভোটযুদ্ধে বোমা-গুলি-আগুন ছুটত না দুষ্কৃতীদের হাতে। এই যুদ্ধে জয়ের আনন্দে মাত্রাতিরিক্ত উল্লাস আর পরাজয়ের জ্বালায় বাক্যবাণ ব্যবহার করার চিত্র উজ্জ্বল হয়ে উঠত না সংবাদমাধ্যমের পাতায় ও গণমাধ্যমের পর্দায়। ফলাফলকে ঘিরে হিংসাত্মক ঘটনাও ঘটত না! অথচ সাম্প্রতিককালের নির্বাচন প্রক্রিয়া বুঝিয়ে দেয় ‘গণতন্ত্র’ বলতে আজ এসবকেই বোঝানো হয়। দলাদলির নামে হিংসা ও রক্তপাত ঘটিয়ে একদল ‘জয়’ কেড়ে নিয়ে গণতন্ত্রের ফুলঝুরি ঝরায় মুখে। অন্যদিকে ভিন্নদল পরের বার একই পদ্ধতিতে জয়ের মুখ দেখার জন্য মুষ্টিবদ্ধ করে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণের পথ অবলম্বন করে। চলছে এই খেলা বহুবছর ধরে। ইতিমধ্যে গণতন্ত্রকে এভাবে যে তারা শবাধারে ঢুকিয়ে ফেলেছে তা বুঝতে পারছে না অথবা বুঝেও অবুঝ হয়ে পড়েছে। এই অবোধের দল গণতন্ত্রের শব কাঁধে বয়ে নিয়ে চলেছে। তাতে সামিল হয়েছে রাজ্যবাসীও।

গণতন্ত্রের শোকসভা

নাগরিক সমাজের সদস্যরা মাঝেমধ্যেই শোকাভিভূত হয়ে শহিদ গণতন্ত্রের স্মরণে সভা বসায়। সে কাজও চলছে পাশাপাশি বহুদিন ধরে। নির্বাচন ঘটে যখন রাজ্যে তখন তার মধ্যে একটু-আধটু গণতন্ত্রের ছায়া দেখতে পায় কেউ কেউ। কিন্তু বন্দুক-বোমাবাজির অত্যাচারে তা মিলিয়ে যায় অচিরে। বদলে দেখা যায়, বিভিন্ন দল-সমর্থকরা বাঁচার তাগিদে মরণ-বরণ করে শহিদ হয়ে যায় বিরোধী পক্ষের সঙ্গে লড়াইয়ে। সেভাবে ভোটযুদ্ধে দেখা যায় বৃদ্ধ-নারী-শিশু শহিদ হওয়ার সূত্রে একসারিবদ্ধ হয়েছে, যেমন সবক্ষেত্রে হয় ‘অসহায় প্রাণী’ হিসেবে। এদেশে পূর্ণবয়স্কা নারীরাও জীবনে বৃদ্ধ এবং শিশুদের সঙ্গে একই গোত্রভুক্ত হয়! ভোট-লড়াইয়ে হিংসার বলি হওয়ার ক্ষেত্রে মরণেও সেটি দেখা যায়। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আহত হয় অবোধ বালক ভোটের সময়। মৃত্যুর সঙ্গে যুদ্ধে হার হয় তার। তার এইপ্রকার অকাল-মৃত্যুর জন্য দায় নেয় না কেউ। অপরাধী বলে ধরা হয় না কাউকেও। উল্টে শোনা যায়, ‘গণতন্ত্রের উৎসব’ হয়েছে এই রাজ্যে। নিহত বালকের আত্মজনেরাও সেকথা বলবে? মানবে? মানবে সেকথা ভোট-হিংসায় নিহত হওয়া অন্যান্য মানুষগুলির পরিবার-পরিজন? না মানলেও তাদের শোকে পাথর হয় না নেতা-নেত্রীদের ‘মানবদরদী’ হৃদয়। কেবল পরাজিত দল তখন গণতন্ত্রের জন্য শোকসভা বসায়! সেই সঙ্গে আগামী পর্বে জয়ের আশায় বুক বাঁধে সেসব দলের নেতৃবৃন্দ এবং জয়ের তিলক কপালে কাটতে পারলে গণতন্ত্রের জয়গান তারা তখন গাইবে দ্বিগুণ চড়া সুরে। এই পরম্পরা চলছে। চলবে। চলতে দেখা যায়!

গণতন্ত্রের প্রাণনাশ-প্রক্রিয়া

রাজ্যের বিভিন্ন দলের নেতৃবর্গ সমর্থকদের ‘জনগণ’ থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার প্রথা চালু করে ফেলেছে। তারা আর দেশের জনগণ থাকে না। হয়ে যায় ‘আমরা’ ও ‘ওরা’ এবং পরস্পরের শত্রু। নির্বাচন প্রক্রিয়াকে নেতৃবর্গ ‘লড়াই’ বলে গণ্য করতে শেখায় শিষ্যদের। সেই লড়াইয়ে ‘অস্ত্র’ ব্যবহৃত হবে— হিংসার অস্ত্র। রক্তপাত, হানাহানি অবশ্যম্ভাবী। তা না হলে ‘যুদ্ধ’! এভাবে মূলত নষ্ট হয়ে যায় গ্রাম-প্রধান বাংলার পরিবেশ। উন্নয়নের চিন্তা লোপাট হয়ে যায়। উৎপীড়ন সেখানে দখল নেয়। গ্রামবাসীরা একে অন্যের উৎপীড়ক হয়ে পড়ে। শহরেও এই ধারার প্রসারণ চলে। দেখা যায়, নিজেদের গদি বা ক্ষমতা দখল করা নামক চক্রান্তের জালে বঞ্চিত, বিপন্ন, বেকার ও দরিদ্র রাজ্যবাসীকে মাছেদের মতোই তুলে নেওয়ার কৌশল রপ্ত করে ফেলে বিভিন্ন দলের প্রধানরা। ভোগের উপকরণ (নারীও তার অন্তর্ভুক্ত) বিতরণ করে শিষ্যদের জালে গেঁথে চলতে থাকে নেতাদের দখলদারির খেলা। অথচ গণতন্ত্রের মূলকথা হল, বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সমর্থন নিয়ে তাদের দুঃখ-দুর্দশা, অভাব-অভিযোগ মিটিয়ে রাজ্যকে সকল রাজ্যের উপরে ঠাঁই করে দেওয়ার লক্ষ্যে অবিচল থাকবে এবং তাদের বুকের মধ্যিখানে বাজবে একটাই মন্ত্র— আমরা সকলে মিলে আমাদের দেশকে ভালবেসে সর্বপ্রকারে সমৃদ্ধ করে তুলব। গণতন্ত্রের প্রাণপাখিটির তার মধ্যেই বেঁচে থাকার কথা। তা হতে পারল না এতদিনেও নেতাদের দুর্বুদ্ধিতে।

তারা এমন রাজনীতি চালু করল যেটি হল সম্পূর্ণত দুর্জন-নির্ভর এবং হিংসাশ্রয়ী, কেন না সেই রাজনীতির লক্ষ্য দেশগঠন বা দেশোন্নয়ন নয়, জনগণের ওপর নিজদলের দখলদারী অর্থাৎ দলতন্ত্র প্রতিষ্ঠা। সকল রাজ্যবাসী হবে ‘আমাদের লোক’— সেটিই হল তাদের একমাত্র দলীয় কামনা। দুর্নিবার সে কামনা। সে কামনার আগুনে পুড়ল সমস্ত রাজনৈতিক দলের নেতৃবর্গের দেশপ্রেমিক সত্তা। দগ্ধ হল রাজ্যবাসীর শান্তিপ্রিয়, সুস্থ, স্বাভাবিক জীবন-কামী অন্তর। তাদের ভোগবাসনার লেলিহান শিখা প্রকৃতিজগতেও বিষবাষ্প ছড়িয়ে ধ্বংসসাধন করতে উদগ্র হয়ে উঠল। সর্বংসহা প্রকৃতিও তাদের ভোগবাদী সত্তার আগ্রাসনে তাই রুষ্ট হয়ে রুদ্রমূর্তিতে দেখা দেয় প্রায়শই। তাতেও তাদের হুঁশ ফিরছে না। স্বনির্ভর প্রকৃতি ও স্বজাতি, স্বজন মানুষেরও দুশমন হয়েছে আজ ‘শ্রেষ্ঠ জীব’ মানুষ মন্দ রাজনীতির গোলকধাঁধায় বিবেক-বুদ্ধি হারিয়ে। গণতন্ত্রের মৃত্যু ঘটেছে ঘাতক দলতন্ত্রের হাতে এভাবে। গণতন্ত্রের প্রাণ হল জনগণ। সেই জনগণই দলতন্ত্রের ক্রূর জালে পড়েছে যখন, তখন গণতন্ত্র বাঁচে কীভাবে? কিন্তু না। এটাই শেষকথা নয়। জনগণকে দলীয় ফাঁদ থেকে মুক্তিলাভ করতেই হবে, কেন না গণতন্ত্রের মূল্যবান সঞ্জীবনী পরশকাঠিটি তাদেরই হাতে রয়েছে।

গণতন্ত্রের সঞ্জীবনী পরশকাঠি

পশ্চিমবঙ্গের দলতন্ত্রে দস্যুতা থেকে রক্ষা পাওয়ার জন্য শুভবুদ্ধিসম্পন্ন, সাহসী রাজ্যবাসীদের ঐক্যবদ্ধ হওয়া একান্ত আবশ্যক। সুটিয়া, কামদুনি, ভাঙড়, খরজুনা, গেদের গ্রামবাসী ও বিশেষত মহিলারা পথপ্রদর্শনের কাজটি করে ফেলেছে বর্তমান সরকারের আমলেই। গত সরকারের সময়কালে পথ দেখিয়েছে সিঙ্গুর ও নন্দীগ্রামের জনগণ। সেই ঐক্যবদ্ধতা ধ্বংস করার জন্য ভয়ের বাতাবরণ তৈরি করে চলেছে দলতন্ত্রের সাধক ও শিষ্যবর্গ। সেই ধ্বংসাত্মক কাণ্ডকে ধ্বংস করতে পারে জনগণের ঐক্যশক্তি, যার চেয়ে বড় শক্তি পৃথিবীতে নেই। সেই সঙ্গে ভোটদান প্রক্রিয়ায়ও ‘পরিবর্তন’ সাধন করতে হবে। কোনও রাজনৈতিক দলই যেন পাঁচ বছরের বেশি ক্ষমতার গদিতে না থাকতে পারে। জনগণই পারে সেটিকে বাস্তবায়িত করতে। একমাত্র সে প্রক্রিয়াতেই গণতন্ত্রের পুনর্জীবন লাভ সম্ভব। দলতন্ত্রের দস্যুতা নিষ্ক্রিয় করার সে পথ অবলম্বন করা আজ সকল রাজ্যবাসীর জন্য একান্ত কর্তব্য!

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + eight =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »
কাজী তানভীর হোসেন

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »