Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

নুশান জান্নাত চৌধুরীর দুটি কবিতা

জোনাকি মেঘের নিচে এই কুঁড়েঘরে

আজ প্রাচীন প্রাচীন কোন পুরনো দিন ঝরে
জোনাকি মেঘের নিচে এই কুঁড়েঘরে
আর স্মৃতির আকাশ জুড়ে
যাপনের দৃষ্টিতে যতদূর মনে পড়ে—
কোন দূর পারাবার জলে সহসা আলোড়নে
সেও একদিন ছিল এইখানে,
ও লেমন ইউক্যালিপ্টাস, তোমরা কি দেখেছ তাকে?

          মনে হয়, মনে হয় দেখেছি তারে কোথায়;
.            সে কি সবুজ উঠোন ঘেঁষে যেন তার সুগভীর বুকে
          রোদের মতন নীল মোহনা আঁকে?
          মনে হয় তাকে তবে দেখেছি কোথায় কবে,
          কোন সুদূরে সোনালি গমের খেতে পাখিদের কলস্বরে
          খালিপায়ে কেউ এক আছে দাঁড়িয়ে,
.            তার নদী বয়ে গেছে ভোরের জানালা গলে,
          জলবাঁধা মেঘ তার পায়ে পায়ে চলে
          তুমি কি খুঁজছ তাকে? ও তুমি কি খুঁজছ তাকে?

          মনে হয় তাকে তবে দেখেছি কোথায় কবে।
          তার চোখ রংধনু আকাশের ওপারে, বলেছিল সে—
          সেখানে নাকি দিনরাত দিনরাত
.            ধূসরাভ-নীল রূপকথা-পাখি করে ডাকাডাকি

          ও ম্যাপল-পাইনের বন, ও ল্যাভেন্ডার-ওক,
          তোমরা কি দেখেছ তাকে?

          যতদূর মনে হয় মনে হয় দেখেছি তারে কোথায়,
.            সে কি সবুজ উঠোন ঘেঁষে যেন তার সুগভীর বুকে
.            রোদের মতন নীল মোহনা আঁকে?
          মনে হয় তাকে তবে দেখেছি কোথায় কবে,
          যেখানে শহর শেষে পদ্মগন্ধ ভাসে দৃশ্যত আনমনা বাতাসে
          হয়ত সেখানে তাকে পেলেও পেতে পারো,
.            তবে ভয় হয়, আমাদের শুধু ভয় হয়
          সে কি পাছে ছেঁড়া ঘুড়ি হয়ে আর কোথা হারায়!

ও লেমন ইউক্যালিপ্টাস! ও ম্যাপল-পাইনের বন! ও ল্যাভেন্ডার-ওক!
একদিন, কোনও একদিন
গভীর ঘুম থেকে জেগে উঠে যদি তারে কোনও ভোরে
তোমাদের ফের মনে পড়ে, জেনো—
সে তো শখের উঠোন ফেলে
উজানদিঘির পাড়ে
জোনাকি মেঘের সাথে চলে যায় দূরে
আর প্রাচীন প্রাচীন, কোন পুরনো দিন
টুপটাপ টুপটাপ কল্পতরু থেকে ঝরে এই কুঁড়েঘরে।

পাদটীকা: ভোরের জানালা গলে, সবুজ উঠোন ঘেঁষে যেন তার সুগভীর বুকে, জলবাঁধা মেঘ, শহর শেষে পদ্মগন্ধ ভাসে দৃশ্যত আনমনা বাতাসে, শখের উঠোন ফেলে, উজানদিঘির পাড়ে— এই বাক্যাংশগুলোর উৎস স্বীকার: নিজ লেখা— বেলা অবেলা, সচলায়তন, নুশান, ২০১১।

**

জানতে দিয়ো যা কিছু ভালবাসার মতো দেখায়

আমাকে জানতে দিয়ো না—
তোমার অভ্রান্ত ভালবাসার কথা

জানতে দিয়ো আর সবকিছু—
যা কিছু ভালবাসার মতো দেখায়
কিন্তু সে অব্দি পৌঁছুতে পারে না, সেইসব কথা

আমাকে জানতে দিয়ো না—
তোমার অভ্রান্ত ভালবাসার কথা

আমাকে জানতেও দিয়ো না—
গভীর চিত্তদাহের লকলকে আগুনে ভস্ম হয়ে
বক্ষ ও নাভিমূল থেকে উঠে আসা
তোমার অনাবিল বেদনার কথা; পাকা বরইয়ের মতো
উপচে পড়া সে গোপন প্রেমের আভাস
দিয়ো না আমাকে

সব প্রাক্তন প্রেম
যা কিছু বিস্মৃত কুয়োর মত,
খাপছাড়া অর্ধমৃত হয়ে পড়ে আছে—
আমাকে সুযোগ দিয়ো
সেইসব নিয়ে তাণ্ডব নৃত্য করার

এই ফাঁকে ছলে-বলে-কৌশলে
তুমি চলে যেয়ো এইসব তাণ্ডব নাচ ফেলে,
ব্যথার লোহিত-নীলে।

কথা দিলাম— আমি দীপ্র এ ভয়ানক দহন
সহন করিতে পারি
যদি আর-সব শান্তিতে থাকে।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 5 =

Recent Posts

মো. বাহাউদ্দিন গোলাপ

জীবনচক্রের মহাকাব্য নবান্ন: শ্রম, প্রকৃতি ও নবজন্মের দ্বান্দ্বিকতা

নবান্ন। এটি কেবল একটি ঋতুভিত্তিক পার্বণ নয়; এটি সেই বৈদিক পূর্ব কাল থেকে ঐতিহ্যের নিরবচ্ছিন্ন ধারায় (যা প্রাচীন পুথি ও পাল আমলের লোক-আচারে চিত্রিত) এই সুবিস্তীর্ণ বদ্বীপ অঞ্চলের মানুষের ‘অন্নময় ব্রহ্মের’ প্রতি নিবেদিত এক গভীর নান্দনিক অর্ঘ্য, যেখানে লক্ষ্মীদেবীর সঙ্গে শস্যের অধিষ্ঠাত্রী লোকদেবতার আহ্বানও লুকিয়ে থাকে। নবান্ন হল জীবন ও প্রকৃতির এক বিশাল মহাকাব্য, যা মানুষ, তার ধৈর্য, শ্রম এবং প্রকৃতির উদারতাকে এক মঞ্চে তুলে ধরে মানব-অস্তিত্বের শ্রম-মহিমা ঘোষণা করে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বুদ্ধদেব বসু: কালে কালান্তরে

বুদ্ধদেব বসুর অন্যতম অবদান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য (Comparative Literature) বিষয়টির প্রবর্তন। সারা ভারতে বিশ্ববিদ্যালয়-মানে এ বিষয়ে পড়ানোর সূচনা তাঁর মাধ্যমেই হয়েছিল। এর ফল হয়েছিল সুদূরপ্রসারী। এর ফলে তিনি যে বেশ কয়েকজন সার্থক আন্তর্জাতিক সাহিত্যবোধসম্পন্ন সাহিত্যিক তৈরি করেছিলেন তা-ই নয়, বিশ্বসাহিত্যের বহু ধ্রুপদী রচনা বাংলায় অনুবাদের মাধ্যমে তাঁরা বাংলা অনুবাদসাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। অনুবাদকদের মধ্যে কয়েকজন হলেন নবনীতা দেবসেন, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুবীর রায়চৌধুরী প্রমুখ। এবং স্বয়ং বুদ্ধদেব।

Read More »
দেবময় ঘোষ

দেবময় ঘোষের ছোটগল্প

দরজায় আটকানো কাগজটার থেকে চোখ সরিয়ে নিল বিজয়া। ওসব আইনের বুলি তার মুখস্থ। নতুন করে আর শেখার কিছু নেই। এরপর, লিফটের দিকে না গিয়ে সে সিঁড়ির দিকে পা বাড়াল। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে উঠে বসল গাড়িতে। চোখের সামনে পরপর ভেসে উঠছে স্মৃতির জলছবি। নিজের সুখের ঘরের দুয়ারে দাঁড়িয়ে ‘ডিফল্ট ইএমআই’-এর নোটিস পড়তে মনের জোর চাই। অনেক কষ্ট করে সে দৃশ্য দেখে নিচে নেমে আসতে হল বিজয়াকে।

Read More »
সব্যসাচী সরকার

তালিবানি কবিতাগুচ্ছ

তালিবান। জঙ্গিগোষ্ঠী বলেই দুনিয়াজোড়া ডাক। আফগানিস্তানের ঊষর মরুভূমি, সশস্ত্র যোদ্ধা চলেছে হননের উদ্দেশ্যে। মানে, স্বাধীন হতে… দিনান্তে তাঁদের কেউ কেউ কবিতা লিখতেন। ২০১২ সালে লন্ডনের প্রকাশনা C. Hurst & Co Publishers Ltd প্রথম সংকলন প্রকাশ করে ‘Poetry of the Taliban’। সেই সম্ভার থেকে নির্বাচিত তিনটি কবিতার অনুবাদ।

Read More »
নিখিল চিত্রকর

নিখিল চিত্রকরের কবিতাগুচ্ছ

দূর পাহাড়ের গায়ে ডানা মেলে/ বসে আছে একটুকরো মেঘ। বৈরাগী প্রজাপতি।/ সন্ন্যাস-মৌনতা ভেঙে যে পাহাড় একদিন/ অশ্রাব্য-মুখর হবে, ছল-কোলাহলে ভেসে যাবে তার/ ভার্জিন-ফুলগোছা, হয়তো বা কোনও খরস্রোতা/ শুকিয়ে শুকিয়ে হবে কাঠ,/ অনভিপ্রেত প্রত্যয়-অসদ্গতি!

Read More »
শুভ্র মুখোপাধ্যায়

নগর জীবন ছবির মতন হয়তো

আরও উপযুক্ত, আরও আরও সাশ্রয়ী, এসবের টানে প্রযুক্তি গবেষণা এগিয়ে চলে। সময়ের উদ্বর্তনে পুরনো সে-সব আলোর অনেকেই আজ আর নেই। নিয়ন আলো কিন্তু যাই যাই করে আজও পুরোপুরি যেতে পারেনি। এই এলইডি আলোর দাপটের সময়কালেও।

Read More »