Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

একটা বাজে লোকের পাল্লায়

লোকটা এদিক-ওদিক চাইছিল। নন্দবাবু মাঠের দিকে চেয়ে ছিলেন। মনে হবে খেলা দেখছেন আসলে অনেকক্ষণ এমনি বসে আছেন। কিছুই দেখছেন না, নিজের রাগ কমাচ্ছেন। জোরে জোরে নিশ্বাস নিচ্ছেন। এটা উনি মাঝে মাঝেই করেন। রাগ কমে এলে বাড়ির পথে যান। বিকেল বা সকাল হলে মানিয়ে যায় কিন্তু ভরদুপুরে হলে লোকে দেখে মাথার দোষ হয়তো ভাবে। তাতে ওনার কিছু এসে যায় না। এখন বিকেল বেলা। সামনের মাঠে ফুটবল খেলা চলছে। গুটিকয়েক ছেলেপুলে মাঠের ধরেই বসে উৎসাহ দিচ্ছে। লোকটি নন্দবাবুর দিকে চেয়ে বললে, ‘খুব চিন্তায় আছেন?’

পাশের লোকটিকে উনি চেনেন না তবু আলপটকা বেরিয়ে গেল, ‘হুঁ’, তারপরই মুখ দিয়ে বেরুল, ‘আপনি?’

লোকটি মৃদু হাসলে। ‘আমি ব্রজ।’

‘ভ্যাঙাচ্ছেন?’

‘মানে?’

‘খুব সহজ। আপনি ব্রজ আমি নন্দ।’

‘যাহ? কী যে বলেন।’

‘যা সত্যি তাই বলছি। বলছি রেগে যাবেন না। আপনি আর কী করবেন? আপনার হাতে কি সব আছে?’

‘আরে এই বয়সে এসে কার সঙ্গে কী ব্যবহার করব তাও শিখতে হচ্ছে।’ বলে মাথার চুলগুলো হাত দিয়ে টানতে থাকেন।

‘উঁহু, অমন করবেন না। চুল যেটুকু মাথায় ছুঁয়ে আছে সব ঝুরঝুর করে পড়ে যাবে। তখন টানার আর কিছু পাবেন না। ঠান্ডা, কুল কুল হয়ে ভাবুন গলদটা কোথায়?’

‘গলদ বলে গলদ? আমি একটা আস্ত বলদ। ব্যবহার এই বয়সে শিখব?’

‘খুলে না বললে কেমন করে বুঝব?’

‘নকল করছেন নাকি?’

‘মাথাখারাপের আর কি বাকি?’

‘কোথা থেকে শুরু করব জানি না। এই ধরুন আমার শালির কথাই বলি। উনি দিব্বি ছিলেন বিয়ে করে আনন্দে। ধুমধাম করে বিয়ে হল। ক’দিন কব্জি ডুবিয়ে খেলাম।’ চাহনি দেখে একটু অপ্রস্তুত হয়ে বললেন, ‘না, মানে, বিয়ের সময়। নতুন বিয়ের পর সকাল রাত যখন তখন তার দিদির কাছে বরকে নিয়ে চলে আসত। দিদি বলতে অজ্ঞান। ছেলেটি বেশ শান্তশিষ্ট।

‘ছেলে? আগের পক্ষের?’

‘আরে না। বরের নাম দীপক। বাড়ির সবাই মানে বউ দীপু বলে, তাই আমিও ওই নামেই ডাকতাম। একই পথের পথিক তো। নির্ভেজাল ভদ্রলোক।’

মাথা ঝাঁকিয়ে বললে, ‘আগে, আগে।’

‘অ্যাঁ? কিছু বললেন? নানা মশাই গে নয়।’

‘আরে এগোন, তারপর কী হল?’

‘‘শালির সঙ্গে কি একটা কারণে মনোমালিন্য চলছে, শালি শ্বশুরবাড়িতে রয়েছে কিছুদিন। এরমধ্যে দীপুর সঙ্গে মশাই কলেজ স্ট্রিটে দেখা। আমাকে দেখে বেমালুম মুখ ব্যাজার করে মাথা নামিয়ে চলে যাচ্ছিল। মানেটা কী? খপাৎ করে ধরলাম। ‘কী হল ভায়া? আমাকে দেখতে পাওনি?’ গা বাঁচানোর মত বলল, ‘না ওই আর কী? তাড়া আছে অফিসে।’ বলছে কিছু, কিন্তু মুখে সেই উষ্ণতা নেই। চোখ সরিয়ে রেখেছে। ‘কিছু হয়েছে?’ ‘না।’ বিষাদগ্রস্ত মুখে বললে, ‘না। তেমন কিছু না।’ বললাম, ‘অনেকদিন আসো না। এসো একদিন।’ ‘হুঁ, হ্যাঁ’, এইসব বলে পাশ কাটাল। দাঁড়িয়ে ভাবলাম লোকটার হল কী? বাড়ি এসে গিন্নিকে বলতেই দপ করে যেন লেগে গেল দক্ষযজ্ঞ। প্রথম হাহুতাশটা হল নিজের মা-বাবার প্রতি। ওনারা কেমন ভাসিয়ে দিয়েছে যার তার সঙ্গে, বিয়ের নামে। তারপর যেটি পড়ে রইল সেটা সম্পূর্ণ আমার জন্যে। এই মধ্যবয়েস রোজকার মত জানলাম আমি কিছুই পারি না। কোথায় কী বলতে হয় জানি না। এরমধ্যে দোষের মধ্যে বলে ফেলেছি, ‘ওকে আসতে বলেছি।’ মুহূর্তে মিসাইল ছুটে এল, ‘কে বলেছে? কেন বলেছ? কে তোমাকে বলেছে বলতে? একদম ওয়ার্থলেস। কী একটা বাজে লোকের পাল্লায় পড়েছি।’ বললাম, ‘কে?’ ‘তুমি, তুমি।’ চিৎকার করে উঠল। ‘ও একটা শয়তান, আমার বোনকে টর্চার করেছে। ওকে আমি ছাড়ব না। ওকে হাজতবাস করিয়েই ছাড়ব।’ বোঝো ঠ্যালা। আমাকেই হাজতে রাখে প্রায়। বললে, গ দিয়ে বিচ্ছিরি একটা গালি দিয়ে বললে, ‘তুমি জানো না! ছবির সঙ্গে বনিবনা হচ্ছে না? এর মধ্যে তুমি ডাকলে? এত গায়ে পড়ার কী আছে? কোনও বুদ্ধি কি ঠাকুর দেননি তোমাকে?’ প্রচুর বকাঝকা খেলাম কিন্তু মনে হল তাহলে কি আমাদের সব সম্পর্কগুলো এই রকমই? যতদিন শালির সঙ্গে ভাব তখন সব গলে গলে পড়ছে। আর মূল যোগাযোগের মানুষটা মুখ ফিরিয়ে নিলে কি আমরাও মুখ ফিরিয়ে নেব? এটা কেমন সম্পর্ক?’’

‘আর কিছু?’

‘‘দুবছর আগে ফ্যামিলি পিকনিকের আয়োজন করা হয়েছে বারুইপুরের বাগানবাড়িতে। ভাইপো এসে বললে, ‘কাকা আমার একজন বন্ধুকে কি আমি আনতে পারি?’ পিসতুতো মাসতুতো ভাই বোন কাকা জ্যাঠা মিলে হচ্ছে, তারমধ্যে ভাইপোর বন্ধু কেমন বেমানান। গিন্নি বললে, ‘ওর যার সঙ্গে ভাব-ভালবাসা আছে, সেই মেয়েটিকে আনতে চাইছে। তুমি আর না করো না।’ মেয়েটি এল। সবার সঙ্গে পরিচিত হল। মেয়েটি দেখতে সুন্দরী, ফর্সা, নরম স্বভাব। নাম স্বাগতা। কথায় কথায় আলাপ গড়াতে বুঝলাম সে আমার কলেজের এক বন্ধুর মেয়ে। তার নাম ছিল স্বাগতম, তার মেয়ে স্বাগতা। সেই বন্ধু একদিন ডাকলে তার বাড়ি। ভাইপোকে নিয়ে গেলাম। অনেক গল্প হল। খাওয়াদাওয়া হল। ওরাও একদিন এল।’’

‘তারপর? প্রবলেম কী?’

‘‘হঠাৎ একদিন শুনি, গিন্নি বলছে, ‘শুনেছ, স্বাগতার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে তোমার নয়নের ভাইপো রাজার।’ ‘সে কি? ব্রেকআপ বললেই কি করা যায়? ও তো এখন আমাদের আত্মীয়স্বজন সবারই চেনা। সবাই ওকে মেনে নিয়েছে রাজার অনুরোধেই।’ আমার রাগ হল। ‘মামদোবাজি নাকি? রাজা এটা করতে পারে না।’ গিন্নি হাত ধরে থামালে। ‘ওরা যদি একসাথে থাকতে না চায় তখন তো ভালই আগেই ব্রেকআপ হয়ে গেছে। পরে তো আরও লোক হাসানো হত।’ বললাম, ‘আমি কথা বলব রাজার সাথে।’ গিন্নি এবার শক্ত হয়ে গেল, ‘না তুমি বলবে না। তোমার কথায় ও সব ঝামেলা মিটিয়ে নেবে না। তুমি মাঝখান থেকে অপ্রস্তুত হবে।’ সেই প্রশ্নটা আবার তুললাম, ‘তাহলে কি আমাদের সম্পর্কগুলো নদীর শাখাপ্রশাখার মত বেঁচে থাকে? নদী যদি শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে শাখাও বুজে যাবে। আমি এখন থেকে স্বাগতার সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে চলে যাব? এইটাই কি মানুষের মানুষে সম্পর্কের ভিত?’ এতগুলো কথা বলে একটু দম নিলেন, ‘হ্যাঁ যেটা জিজ্ঞেস করা হয়নি। আপনি থাকেন কোথায়?’’

ব্রজ বলে, ‘আপনাদের পাড়ার গলির শেষের বাড়িটা আমার। যদিও আমি সব সময় ওখানে থাকি না।’

‘আপনার বাড়ি কিন্তু আপনি থাকেন না? তাহলে কে কে থাকে?’

ব্রজ মুখটা সামনে এনে চারিদিক তাকিয়ে বললে, ‘আমাকে আপনি ভীষণ বদমাইশ লোক বলতে পারেন। আপনার মত আমারও অবস্থা ছিল এক সময়। কিন্তু এখন আমি দিব্বি আছি। আমি ভাল থাকার একটা দারুণ উপায় বার করেছি। তবে এখানে অন্য সবাই মানে বউ, ছেলে, নাতিনাতনি সবাই থাকে আর আমি মাঝে মাঝে থাকি বৃদ্ধাশ্রমে।’

নন্দর চোখ চকচক করে ওঠে, ‘বৃদ্ধাশ্রমে? বলেন কি মশাই? এ তো অভিনব। তারপর? তারপর? কী করে ম্যানেজ করেন সবটা? কেউ কিছু ভেটো দেয়নি? ছেড়ে দিল আপনাকে?’

‘কাউকে বলবেন না। কিছুই ছিল না নিজের জীবনে। রিটায়ার করার পর শুধু চাকরির মত সকাল বিকেল বাজার করা, নাতিকে স্কুলে দিয়ে আসা নিতে আসা, আর উঠতে বসতে বউয়ের মুখঝামটা, ভুলে যাওয়ার জন্যে, কথার মাঝে কথা বলার জন্যে, ভুল শোনার জন্যে, আরও কত কী। আমার রাজনীতি নেই, ধর্ম নেই, রোয়াকের আড্ডাও নেই। মাঝে মাঝেই ভাবতাম এর থেকে মুক্তির উপায় কী? একদিন অনেক প্ল্যান করে দিলাম ঝামা ঘষে।’

উজ্জ্বল হয়ে ওঠেন নন্দ, ‘কী করলেন? কেমন করে ঘষলেন? কোথায়, নাকে নিশ্চয়ই?’

Advertisement

‘বললাম, অনেক হয়েছে আমি এবার গৃহত্যাগ করব।’

‘তারপর? তারপর? সব মিলে যাচ্ছে। বলুন, বলুন।’ নন্দ উত্তেজিত হয়ে ওঠেন। ‘আপনার তো মশাই বেজায় সাহস। এমনি এমনি ছেড়ে দিল? কোনও মুচলেকা? গৃহত্যাগ বললে কেমন সন্ন্যাসী সন্ন্যাসী ভাব এসে যায়।’

ব্রজ থেমে বলে, ‘দেখুন মশাই, অনেক ভেবেচিন্তে একটা উপায় বার করেছি। আপনার পছন্দ না হলে নেবেন না। শুধু বদনাম ছড়াবেন না।’

‘না, না, বলুন দিকি শুনি।’ নন্দ ভাল করে ঘুরে বসে।

‘আমার এক বন্ধু থাকে একটা বৃদ্ধাশ্রমে। তার ওখানে মাঝে মাঝেই যেতাম দেখা করতে, গল্প করতে। বললাম ফোনে কথা তার সাথে। বললাম মানবিক কারণে সাময়িক কয়েকদিন থাকব।’

‘দুর! এরকম হয় নাকি? ওখানে তো একবারে যেতে হয় বাক্সপ্যাঁটরা নিয়ে। ওখানে গেলে আর ফেরা যায় না। বেরোলেই শেষযাত্রা।’

একটা সবজান্তা হাসি দিয়ে ব্রজ নন্দর কাঁধে হাত রাখে। ‘হয় মানে? দারুণভাবে হয়। আপনি জানেন কলকাতার আশেপাশে, একটু দূরে অনেক বৃদ্ধাশ্রম আছে, যেখানে গিয়ে দুতিন সাতদিন থেকে আসা যায়? সাইট ভিসিট। ভাল লাগলে কিনে নিতে পারেন, ভাড়া করতে পারেন। ওখানকার মানুষজনের সাথে রইলেন সময় কাটালেন তারপর ভাল লাগলে পুরোপুরি রয়ে গেলেন। ব্যস। অনেকটা আজকালকার প্রাক-বিবাহ ব্যাপার।’

‘বলেন কি? তারপর?’ নন্দর আর তর সহে না।

‘সাইড ব্যাগে কিছু জামাকাপড় ওষুধ পেস্ট তোয়ালে নিয়ে বেশ আবেগের ঢেউ তুলে বেরিয়ে এলাম। বিচ্ছিরি বাজার করার পর মুখঝামটা শুনে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে এলাম। মনে মনে বেশ মজা পেয়েছিলাম। বড়ছেলেকে ঠিকানা দিয়ে এলাম। যাবার সময় সামান্য একটু টলেছিল গিন্নি। তবে সন্দেহ ছিল সন্ধে হলেই বাছাধন ল্যাজ গুটিয়ে ফিরে আসবে।’

‘আপনি কী করলেন?’

‘‘ফু! দুদিন ফোন ধরলামই না কারুর। শেষে মাসতুতো শালির ফোন ধরলাম দুদিন পরে। ততদিন ওখানে বন্ধুদের সাথে মিলে যদিও বেপরোয়া ক্যারম, আড্ডা, তাস চলছিল নতুন জায়গায়, তবু একটু অভিনয় করতে হল। গলা ভারী করে বলতে হল ‘অনেক হয়েছে আর নয়।’’

‘এই সব বললেন? আপনি তো মশাই সাংঘাতিক বাজে লোক।’

‘সংসার তো যুদ্ধক্ষেত্র। সবই চলে সংসারে শান্তি রাখতে।’

চোখ উজ্জ্বল হয় নন্দর, ‘তারপর, তারপর?’

মুখ নামিয়ে চারিদিক তাকিয়ে সে বললে, ‘এ গল্প যাকে যাকে বলেছি তারাই একটু বলার পর ডুব জলে ভেসে ওঠার মত বলেছে ‘তারপর, তারপর?’ হ্যাঁ একদিন সকালে বড়ছেলেকে নিয়ে গিন্নি চলে এল।’

‘ব্যস, গেল তো সব দম ফুরিয়ে? আপনি সুড়সুড় করে চলে গেলেন?’

‘‘না, সবে এই তো মাছ টোপ গিলেছে। এত তাড়াতাড়ি ফিরে যাব? গম্ভীরসে দারোয়ানকে বললাম, ‘বাইরের ঘরে বসতে বলো।’ বেশ কিছুক্ষণ পর আমি সেই বন্ধু প্রশান্তকে বললাম, ‘চল আমার সাথে। নাহলে নাটকটা জমবে না।’ আমাদের দুজনকে রিসেপশনিস্ট-এর সামনে দেখে গিন্নি দপ করে জ্বলতে গিয়েও নিভে গেল। শুধু গলা নামিয়ে বলল, ‘বাড়ি চলো।’ শুধু বলেনি ‘বাড়ি চলো, তোমার হচ্ছে।’ ছেলে বললে, ‘বাবা এটা কি ছেলেমানুষী হচ্ছে?’ আমি চুপ। গিন্নি মুখ খুললে, ‘এরকমভাবে আমার মুখে চুনকালি না মাখালে চলছিল না বোধকরি?’ আমি চুপ। গিন্নি বললে, ‘ঠিক আছে, যদি দুয়েকটা কথা বললেই তোমার মনে দাগা লাগে তাহলে কি তাও বলব না! আমার ঘাট হয়েছে। কেউ তোমায় গলা তুলে কথা বলবে না। তুমি যা চাও তাই খেতে পরতে পাবে। শুধু আর লোক হাসিয়ো না। ঘরে চলো।’ বেশ গাম্ভীর্য রেখে বললাম, ‘আজ যাব না। কাল ফিরব।’ গিন্নি উৎকণ্ঠিত গলায় বললে, ‘আজ কেন নয়?’ প্রশান্ত আরেকটু হলেই বলে ফেলছিল, ‘আজ তো ফিস্ট।’ ও মুখ খুলতেই জোরে বললাম, ‘আজ এখানে কী একটা পুজো আছে।’ এবার আবার গিন্নির দুচোখ কুঁচকে গেল। ‘পুজো আর তুমি?’ বললাম মুখ ঘুরিয়ে ‘আমি পরিবেশনের দায়িত্বে।’ ঠোঁট উল্টে গিন্নি বললে, ‘দুদিনেই এত পিরিত?’ উঠে দাঁড়িয়ে বললে, ‘ঠিক আছে। তোমার সময় করে এসো।’

‘এরপর কী হল?’

‘পরদিন গেলাম। ভাব দেখলাম অনিচ্ছা সত্ত্বেও এসেছি। তখন গিন্নি একদম নরম, মাখনের মত।’

‘কী? নরম?’

‘‘গলা যেন গোবর। বুঝলেন এটা অনেকটা ভয় পাওয়ার মত। ছোটবেলায় থাকত না? রাস্তার আলো জ্বলে গেছে, বাড়ি ফেরা হয়নি। বা অঙ্কের খাতা দিয়েছে। বুঝতেই পারছেন অনেকটা সেরকম একটা ভয় থাকা দরকার। এখন মশাই দিব্বি চলছে। বেশ নরম করে বলছে, ‘ওগো, বাজারে যাবে না? লিস্টি করে রেখেছি সময় করতে পারলে যেয়ো। না গেলে আমিই গিয়ে নিয়ে আসব।’’

‘বলেন কি? এত মোলায়েম?’

‘মোলায়েম বলে? একদম পায়েস এখন সংসার।’

‘আপনি তো মশাই ডেঞ্জেরাস। কিন্তু শেষটা দারুণ।’

ব্রজ বললে, ‘দেখলাম উপায় নিজেকেই বার করতে হবে। এই বয়সে গিন্নির তো পুজোআর্চা ছেড়ে, সংসার ছেড়ে বেরোনো সম্ভব নয়। আর সত্যি বলতে কী মাঝে মাঝে একটু স্পেস দরকার। তাই অগত্যা আমিই একটু কষ্ট করে নাটকটা করলাম। একটু কয়দিন আলাদা থাকলেই আবার সবুজ তরতাজা হয়ে ওঠে স্বামী-স্ত্রী সম্পর্ক।’

নন্দ পুরো ভেবলে গেছেন দেখে ব্রজ আবার বলে, ‘এই বয়সে একটু মাঝে মাঝে বেড়িয়ে পড়ুন। ঝগড়া করতে করতেই। নাহলে একাই, এদিক-ওদিক ঘুরে আসুন।’

নন্দর মুখ শুকিয়ে আমসি হয়ে যায়, ‘আপনি তো অন্য কোথাও সাময়িক ব্যবস্থা করেছিলেন। কিন্তু আমার তো সে সব চেনা কেউ নেই। কী হবে?’

‘কুছ পরোয়া নেই। তাহলে অন্য কিছু ভেবে বার করুন। আমি বৃদ্ধাশ্রমকে কাজে লাগিয়েছিলাম, আপনি কোনও বাবার আশ্রমকে কাজে লাগাতে পারেন। ভাবনা আপনার। ভয় দেখালেন অথচ গেলেন না এমন যেন না হয়। একটা মাঝে মাঝে সাময়িক দূরত্ব দরকার। ঠাকুর কী বলেছেন? ‘সংসারে থাকবে পাঁকাল মাছের মত।’ এবার আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি, ‘প্রত্যেকটা মানুষ আলাদা। যদি মন থেকে ইচ্ছে করে তাহলে অবশ্যই কাছে ডেকে কথা বলবেন। নাহলে মনুষ্যত্বকে অপমান করা হয়। আপনার গিন্নির বাবা, যিনি শয্যাশায়ী, যিনি আপনার ওপর নির্ভরশীল, যিনি জীবনে আপনার ব্যবসায় অনেক এগিয়ে এসে সাহায্য করেছিলেন, তার সাথে কি আজ আপনি কোনও যোগাযোগ রাখবেন না যদি গিন্নির সাথে মুখ দেখাদেখি বন্ধ থাকে? আগে মানুষ ও মনুষ্যত্ব, পরে সম্পর্ক। আর হ্যাঁ, সংসারে একটা পরস্পরের সম্মান থাকা দরকার না হলে মুশকিল। তাহলেই তরতর করে চলবে নৌকা।’

নন্দবাবু ভাবলেন কী একটা বাজে লোকের পাল্লায় পড়লেন? অচেনা, কিন্তু বলছেন খারাপ না। ওর পাড়ায়, ফেসবুকে কিছু বন্ধু আছেন, তাদের জিজ্ঞাসা করবেন। দেখা যাক ওরা কী বলেন? সংসারে শান্তি থাকা নিয়ে কথা।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »
কাজী তানভীর হোসেন

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »
রাধাবল্লভ রায়

ধর্মযুদ্ধ

এই যে সংবাদমাধ্যমে প্রতিদিন শতমুখে বিদ্বেষ ছড়ানো হয়, এই যে ফেসবুক জুড়ে বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করে সম্মানীয় নেতা-মন্ত্রীদের কুৎসিত ইঙ্গিত, হিংসার প্রদর্শনী— এর প্রতিক্রিয়া কোথায় গিয়ে ঠেকে তাঁরা কি জানেন? পাড়ায় পাড়ায়, রকের আড্ডায়, ক্লাবের আড্ডায়— সর্বত্র বয়োজ্যেষ্ঠদের নির্বোধ অসংযত উচ্চারণ কোন শিশুর হৃদয়ে কেমন ভাবে প্রোথিত হয় তাঁরা কি জানেন? ভেবে দেখেছেন কি এই বিদ্বেষিতার মধ্যে কোথায় গিয়ে দাঁড়াবে আগামী প্রজন্ম?

Read More »