Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

অনুপম ঘোষালের কবিতাগুচ্ছ

জীবনের ডায়েরি

কেন যে মিথ্যা কথা বলেছ ইন্দ্রাণী
কেন এ শুকনো ঘাসে ফুটিয়েছ ফুল?
মৌসুমী বায়ু সে তো যাওয়া আসা করে,
কিছু ফুল ফোটে, কিছু কুঁড়িতেই ঝরে
বাতাসের দোষ নেই, সে তো বড় ভাল
বসন্তের হাত ধরে তাই সে হারাল—

কেন তুমি ইন্দ্রাণী স্বপ্ন দেখাও?
কবিকে কবর থেকে উঠিয়ে লেখাও!
সেই মেয়ে যার মুখে প্রথম পুরুষ—
ইস্কুলে যেতে যেতে কত কথা বলে,
দিদি তো তোমার প্রিয়, তাই বুঝি তুমি
কবিকে একলা পেয়ে সবই যে উগরালে!

কবিরও বুকের মাঝে চোরাস্রোত ছিল—
সেই স্রোতে দিদিমণি স্নান সেরে নিল!
কবি যে মুগ্ধ! নদী পুনরায় বয়,
মাছরাঙা ডুব দেয় নদীর তলায়—
মৌসুমী বায়ু পেয়ে দোলে কাশফুল—
বায়ু নাকি নদী— কে যে করেছিল ভুল!

বাতাসের দোষ নেই সে তো বড় ভাল—
প্রকৃতির নিয়মেই নদীকে ফেরাল।

***

শুধুই তুমি

অভিমানী নদী হয়ে তুমি বয়ে গেলে
শ্মশান হয়ে উঠি তোমার এ পাড়ে
যত কাঁদো, তত পড়ে শত শত লাশ
ডোম হয়ে স্নান সারি, তোমার ওই জলে।

মন দেওয়া মন নেওয়া ভীষণ কঠিন
প্রেম যদি মোহ হয়, ছেড়ে চলে যাবে
বলেছে দোয়েল পাখি আমার কানে
বুঁদ হয়ে থাকি আমি তোমার গানে

তুমি যবে হেসে ওঠো, রাধাচূড়া হাসে
কৃষ্ণচূড়া যে দেখি, বড় ভালবাসে
কখন কৃষ্ণ হই সময় জানে!
ভক্তের ঢল দেখি সমানে নামে।

জীবনটা অঙ্ক বুঝিনি তখন
আফসোস করে আর হবে কী এখন
খাদ থেকে পড়ে যাই, ধরে ফেলো তুমি—

তোমার উপমা দেখি, শুধুই তুমি

***

দর্শন

সেদিন সূর্য যখন পাটে যেতে বসেছে
সিমলিপালের জঙ্গলের রাস্তায়
‘নো এন্ট্রি জোন’ ক্রস করে হাঁটার সময়—
শাল গাছের মগডাল থেকে সেগুনের মগডালে ত্রিশ ফুট লাফ দিতে দিতে উড়ুক্কু কাঠবেড়ালি বলেছিল,—
জীবনটা অঙ্ক হতে পারে অবিনাশ, কিন্তু জঙ্গলটা শুধুই দর্শন!
‘যেমন খুশি ভাবতে পারো
দরাজ গলায় গাইতে পারো
ভালবাসাকে ডাকতে পারো
প্রাণের মায়া ছাড়তে পারো!’

রাত্রি নামার একটু পরে
জোরান্ডার বনবাংলোয় যাওয়ার পথে, মাথা ভর্তি তারা আর জোনাকির মিটিমিটি আলোয় আমাকে সুদূর কলকাতা থেকে সুনন্দা, গোলাম আলীর সেই বিখ্যাত গজল
‘চুপকে চুপকে রাত দিন আঁশু বাহানা…’
মনে করানোর পর, বরাইপানির ঝর্নার জলে আমার কয়েক ফোঁটা চোখের জল মিশে যাওয়ার পর বুঝেছি; কাঠবেড়ালিটা হককথা বুঝিয়ে গেছে গোধূলিবেলায়।

সত্যি অবিনাশ, অঙ্কতে ভিত কাঁচা থাকলে, জীবন জাহান্নামে যেতে পারে! তবে—
দর্শনে যদি নিদেনপক্ষে চল্লিশ শতাংশ নম্বরও পাওয়া যায়, তাহলে স্বর্গের অনেক কাছাকাছি পৌঁছতে পারো তুমি!

***

জন্মান্তরের কবিতা

গভীর রাতে সারা শহর ঘুমিয়ে পড়লে, রাতের আকাশে পেঁচারা গল্প বলে।
ছাদে একাকী সেই গল্প শুনি, গ্রাম থেকে মেট্রো সিটি হওয়ার গল্প!
পেঁচারা তখনও ছিল, এখনও আছে, শুধু রাতের বেলায় এলাকা বদলায়।

আকাশে একঝাঁক বক বলে,
জেগে থাকো কবি, কবিতার খোরাক পাবে!

চুপ করে চোখ বুঝি!
ঝাপসা চোখ খুলতেই দেখি
নদী থেকে কেশবতি কন্যা
কলস হাতে উঠে আসছে!

আহা কী রূপ! ঘন চুল, এলোকেশ, কাটা কাটা চোখ,
আমি ডেকে উঠি অনিন্দিতা!
সে মুচকি হেসে চলে যায়—

যাওয়ার আগে কাছে এসে বলে যায়, ওগো শহুরে বাবু হয়ে তোমার বউ অনিকে এত বড় নাম দিয়ে ফেললে;
লজ্জায় দুটো হাত চেপে ধরি!

বকের ঝাঁকের আওয়াজের সঙ্গে গত জন্মকে পিছনে ফেলে আসি।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =

Recent Posts

যদুনাথ মুখোপাধ্যায়

বিজ্ঞানমনস্কতা কারে কয়?

শ্রদ্ধেয় বসুর বইতে হোমিওপ্যাথি সম্পর্কিত অধ্যায়টি তথাকথিত বিজ্ঞানমনস্কদের, বিশেষ করে মুদ্রা-মূর্ছনায় মজে থাকা, বা রাজনীতিজ্ঞ হিসেবে স্বীকৃতির দাবেদার-ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরক্তিকর বা অপ্রীতিকরই মনে হবার কথা। কেননা, উল্লিখিত দুটি বিষয় নিয়ে তাদের মনের গহীন কোণে প্রোথিত বিজ্ঞানবাদিতার শেকড় ওপড়ানোর সম্ভাবনা নেই বলেই মনে হয়। প্রশ্ন হল, তাঁর উপরিউক্ত বইটির কারণে তথাকথিত বিজ্ঞানমনস্ক বন্ধুদের চোখে ব্রাত্য বলে চিহ্নিত হবেন না তো? হলে আমি অন্তত আশ্চর্যচকিত হব না। দাগিয়ে দেবার পুরনো অভ্যাস বা পেটেন্ট এই মহলের বাসিন্দাদের প্রধান অস্ত্র, তা ভুক্তভোগীরা হাড়ে হাড়ে জানেন।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

অগ্নিবীর: বন্দুকের মুখে ঈশ্বর

১৯৫০ দশকে নেপালের রাজতন্ত্র ও রাজার মন্ত্রিগোষ্ঠী রানাশাহী শাসনের বিরুদ্ধে সফল সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে অনেকে বাঙালি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রথম সংঘর্ষ সে-দেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত। ভারত ও চীনের মধ্যে একফালি দেশ নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম সশস্ত্র ও নিরস্ত্র দুই পথ ধরে চলেছিল। ডান-বাম-অতিবাম— ত্রিমুখী রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের চূড়ান্ত সফলতা আসে ২০০৮ সালে রাজার শাসনের অবসানে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারী: এক দৈবী আখর

আমরা ৮-ই মার্চের আন্তর্জাতিক নারীদিবসে আবহমান নারীবিশ্বকে সামান্য একটু ছুঁয়ে যেতে চাইলাম মাত্র। হাজার হাজার বছর ধরেই তাঁদের ওপর কড়া অনুশাসন, জবরদস্ত পরওয়ানা আর পুরুষতন্ত্রের দাপট। সে-সবের ফল ভুগতে হয়েছে আন্তিগোনে থেকে সীতা, দ্রৌপদী; জোয়ান অফ আর্ক থেকে আনারকলি, হাইপেশিয়া; রানি লক্ষ্মীবাঈ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া; রোজা পার্কস থেকে মালালা ইউসুফজাই— তাঁদের মতো হাজারো নামহীন নারীকে।

Read More »
তন্ময় চট্টোপাধ্যায়

মাতৃভাষা: অবিনাশী হৃৎস্পন্দন ও বিশ্বজনীন উত্তরাধিকার

প্রতিটি ভাষার নিজস্ব একটি আলো আছে, সে নিজের দীপ্তিতেই ভাস্বর। পৃথিবীতে আজ প্রায় সাত হাজার ভাষা আছে। ভাষাবিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীর শেষে তার অর্ধেকেরও বেশি বিলুপ্ত হয়ে যাবে। এ তথ্য সত্যিই বেদনাদায়ক। একটি ভাষার মৃত্যু মানে কেবল কিছু শব্দের মৃত্যু নয়— সে মানে একটি জগৎদর্শনের অবলুপ্তি, একটি জাতির স্মৃতির চিরকালীন বিনাশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমাদের অঙ্গীকার হোক বহুমাত্রিক। নিজের মাতৃভাষাকে ভালবাসা, তাকে চর্চায় রাখা, তার সাহিত্য ও সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আর তার সাথে অন্য সমস্ত ভাষার প্রতি আরও বেশি করে শ্রদ্ধাশীল হওয়া।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শংকর: বিচিত্র বিষয় ও আখ্যানের কথাকার

শংকরের জনপ্রিয়তার একটি কারণ যদি হয় সাবলীল ও সহজ গতিচ্ছন্দময় ভাষা, অন্য আরেকটি কারণ হল, নিজ সময়কে করপুটে ধারণ করা। তার সঙ্গে মিশেছে আমাদের পরিকীর্ণ জগতের বহুকিছু, আমাদের নাগালের মধ্যেই আছে, অথচ আমরা এ-পর্যন্ত যার হদিশ পাইনি, তাকে পাঠকের দরবারে এনে হাজির করা। ১৯৫৫-তে যে উপন্যাসটি দিয়ে বাংলা-সাহিত্যে তাঁর আবির্ভাব, সেই ‘কত অজানারে’ হাইকোর্টের জীবনযাপন, সেখানকার আসামি-ফরিয়াদি, উকিল-ব্যারিস্টার প্রমুখের চিত্র। লেখকের নিজ অভিজ্ঞতাপ্রসূত রচনা এটি। তিনি প্রথম জীবনে হাইকোর্টের সঙ্গে চাকরিসূত্রে যুক্ত ছিলেন।

Read More »
সুজিত বসু

সুজিত বসুর তিনটি কবিতা

তারপরে একদিন আকাশে মেঘের সাজ, মুখরিত ধারাবারিপাত/ রঙিন ছাতার নিচে দু’গালে হীরের গুঁড়ি, মন মেলে ডানা/ আরো নিচে বিভাজিকা, নিপুণ শিল্পীর হাতে গড়া দুই উদ্ধত শিখর/ কিছুটা অস্পষ্ট, তবু আভাসে ছড়ায় মায়া বৃষ্টিস্নাত নাভি/ তখনই হঠাৎ হল ভূমিকম্প, পাঁচিলের বাধা ভাঙে বেসামাল ঝড়/ ফেরা যে হবে না ঘরে মুহূর্তে তা বুঝে যাই, হারিয়েছি চাবি/ অনেক তো দিন গেল, অনেক ঘুরেছি পথে, বিপথে অনেক হল ঘোরা/ তাকে তো দেখেছি, তাই নাই বা পড়ুক চোখে অজন্তা ইলোরা।

Read More »