Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বাঘের ঘরে ঘোগের বাসা

গত শতকের প্রথম দিকে দেশে বাঘের সংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজার। প্রধানত, নির্বিচারে শিকারের কারণে কমে কমে ১৯৭৩-এ যখন সেই সংখ্যা ১৮২৭-এ পৌঁছেছিল, সেই সময় পয়লা এপ্রিল ১৯৭৩-এ বাঘ সংরক্ষণের জন্য শুরু হল প্রোজেক্ট টাইগার। বিভিন্ন রাজ্যের ১৮,২৭৮ বর্গ-কিমি অরণ্যে ন’টি ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল। পরিধি ও সংখ্যা বেড়ে এখন দেশ জুড়ে ৭৫,০০০ বর্গ-কিমিতে ৫৩টি ব্যাঘ্র প্রকল্প। গত ১ এপ্রিল ২০২৩-এ প্রকল্পের সুবর্ণজয়ন্তীতে দেশ জুড়ে ধন্য ধন্য। সভা, সেমিনার, বক্তৃতায় সরগরম হয়েছে দেশ।

২০২২-এ বাঘ সুমারি অনুযায়ী দেশে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৩,১৬৭; ২০১৮-য় সেই সংখ্যা ছিল ২,৯৬৭। অর্থাৎ পাঁচ বছরে দেশে দু’শোটি বাঘ বেড়েছে। নিশ্চিত আনন্দের খবর। যদিও দুর্জনরা বলছেন, এই হিসেবে জল আছে প্রচুর। ২০২২ থেকে ইতিমধ্যেই একশোর ওপর বাঘ মারা গিয়েছে নানা কারণে; সেগুলিও নাকি এখনও জীবিত হিসেবেই ধরা! সে যাই হোক, বাঘ বাড়ছে, এ নিশ্চয়ই ভাল খবর। সারা পৃথিবীর বাঘের ৭০ শতাংশ রয়েছে ভারতে আর তাদের সংখ্যা বছরে ৬ শতাংশ হারে বাড়ছে। কিন্তু এও আবার বেশ দুঃখের যে, ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থা (Wildlife Protection Society of India; WPSI) জানিয়েছে, মূলত চোরাশিকার ও নানান দুর্ঘটনায় ২০০৮ থেকে ২০২৩-এর পয়লা এপ্রিলের মধ্যে ভারতে ১,২৮৭টি বাঘ প্রাণ হারিয়েছে!

গোদের ওপর বিষফোড়ার মতো এখন ব্যাঘ্র প্রকল্পের আর্থিক বরাদ্দে বোধকরি ভাগ বসাতে চলেছে আমদানি করা, নব্য অতিথি প্রাণী, চিতা। চলতি আর্থিক বছরে ব্যাঘ্র প্রকল্পের জন্য বরাদ্দ ৩৮.৭ কোটি টাকা আর চিতার জন্য বাসস্থানের ব্যবস্থা, আফ্রিকা থেকে আনার খরচ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি বাবদ CAMPA-র (Compensatory Afforestation Fund Management and Planning Authority) আওতায় বরাদ্দ হয়েছে ২৯.৪৭ কোটি টাকা। অথচ ভারত সরকারের Ministry of Environment, Forest and Climate Change-এর Funds for Project Tiger জানাচ্ছে যে, সারা দেশে ২০১৮-১৯ থেকে ২০২১-২২, এই চার অর্থবর্ষে ব্যাঘ্র সংরক্ষণের জন্য মোট বরাদ্দের পরিমাণ ছিল প্রায় ১,০৪৮ কোটি টাকা। ভারতের বাঘকে তো বটেই বোধহয় গুজরাতের সিংহকেও আফ্রিকা থেকে আগত চিতাদের জন্য কিছুকাল ‘অতিথি দেবো ভবঃ’ বলে নিজেদের স্বাচ্ছন্দ্য বলিদান দিতে হবে।

মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয়ের ১৫/৪/২০১৩ আর ২৮/১/২০২০-র দুটি নির্দেশ এখানে বলা দরকার। প্রথমটি ছিল অবিলম্বে কুনো-পালপুর অভয়ারণ্যের এলাকা বাড়িয়ে গুজরাতের গির অরণ্যের বেড়ে চলা ভারতীয় সিংহের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আর সাত বছর পরের দ্বিতীয় আদেশনামায় ছিল আফ্রিকা থেকে চিতা আনার অনুমতি। এই সর্বব্যাপী দেখনদারির দেশে আফ্রিকার চিতা আমদানি যে দেশের সিংহের পুনর্বাসনের চেয়ে জনচিত্ত অনেক বেশি আলোড়িত করবে, সেটুকু বুঝতে রাজনীতির দেরি হবে কেন! তাই বুঝতে অসুবিধে নেই, কেন ঢাকঢোল পিটিয়ে চিতারা আগেই কুনো-পালপুরে অধিষ্ঠিত। অথচ ১৯১৩ সালের ২০টি সিংহ বেড়ে ২০২২-এ ৭৫০টি হয়েছে। শুধুমাত্র জুনাগড় বন্যপ্রাণ অঞ্চলে, ১২ জন মানুষ সিংহের আক্রমণে প্রাণ হারিয়েছেন, দারুণ জখম হয়েছেন ৭০ জন আর ৩,৯২৭টি গবাদিপশুর প্রাণ গিয়েছে। কিন্তু নির্বাচন বড় বালাই; আর্থিক সংস্থানও দেশে সীমিত। এইসব টানাটানির মধ্যে কূল রাখতে গিয়ে আমাদের নিজের দেশের অরণ্য আর বন্যপ্রাণের সঙ্গে নতুন অতিথি শ্যামেরা বাঁচলেই মঙ্গল।

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

Recent Posts

প্রসেনজিৎ চৌধুরী

অগ্নিবীর: বন্দুকের মুখে ঈশ্বর

১৯৫০ দশকে নেপালের রাজতন্ত্র ও রাজার মন্ত্রিগোষ্ঠী রানাশাহী শাসনের বিরুদ্ধে সফল সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে অনেকে বাঙালি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রথম সংঘর্ষ সে-দেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত। ভারত ও চীনের মধ্যে একফালি দেশ নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম সশস্ত্র ও নিরস্ত্র দুই পথ ধরে চলেছিল। ডান-বাম-অতিবাম— ত্রিমুখী রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের চূড়ান্ত সফলতা আসে ২০০৮ সালে রাজার শাসনের অবসানে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারী: এক দৈবী আখর

আমরা ৮-ই মার্চের আন্তর্জাতিক নারীদিবসে আবহমান নারীবিশ্বকে সামান্য একটু ছুঁয়ে যেতে চাইলাম মাত্র। হাজার হাজার বছর ধরেই তাঁদের ওপর কড়া অনুশাসন, জবরদস্ত পরওয়ানা আর পুরুষতন্ত্রের দাপট। সে-সবের ফল ভুগতে হয়েছে আন্তিগোনে থেকে সীতা, দ্রৌপদী; জোয়ান অফ আর্ক থেকে আনারকলি, হাইপেশিয়া; রানি লক্ষ্মীবাঈ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া; রোজা পার্কস থেকে মালালা ইউসুফজাই— তাঁদের মতো হাজারো নামহীন নারীকে।

Read More »
তন্ময় চট্টোপাধ্যায়

মাতৃভাষা: অবিনাশী হৃৎস্পন্দন ও বিশ্বজনীন উত্তরাধিকার

প্রতিটি ভাষার নিজস্ব একটি আলো আছে, সে নিজের দীপ্তিতেই ভাস্বর। পৃথিবীতে আজ প্রায় সাত হাজার ভাষা আছে। ভাষাবিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীর শেষে তার অর্ধেকেরও বেশি বিলুপ্ত হয়ে যাবে। এ তথ্য সত্যিই বেদনাদায়ক। একটি ভাষার মৃত্যু মানে কেবল কিছু শব্দের মৃত্যু নয়— সে মানে একটি জগৎদর্শনের অবলুপ্তি, একটি জাতির স্মৃতির চিরকালীন বিনাশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমাদের অঙ্গীকার হোক বহুমাত্রিক। নিজের মাতৃভাষাকে ভালবাসা, তাকে চর্চায় রাখা, তার সাহিত্য ও সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আর তার সাথে অন্য সমস্ত ভাষার প্রতি আরও বেশি করে শ্রদ্ধাশীল হওয়া।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শংকর: বিচিত্র বিষয় ও আখ্যানের কথাকার

শংকরের জনপ্রিয়তার একটি কারণ যদি হয় সাবলীল ও সহজ গতিচ্ছন্দময় ভাষা, অন্য আরেকটি কারণ হল, নিজ সময়কে করপুটে ধারণ করা। তার সঙ্গে মিশেছে আমাদের পরিকীর্ণ জগতের বহুকিছু, আমাদের নাগালের মধ্যেই আছে, অথচ আমরা এ-পর্যন্ত যার হদিশ পাইনি, তাকে পাঠকের দরবারে এনে হাজির করা। ১৯৫৫-তে যে উপন্যাসটি দিয়ে বাংলা-সাহিত্যে তাঁর আবির্ভাব, সেই ‘কত অজানারে’ হাইকোর্টের জীবনযাপন, সেখানকার আসামি-ফরিয়াদি, উকিল-ব্যারিস্টার প্রমুখের চিত্র। লেখকের নিজ অভিজ্ঞতাপ্রসূত রচনা এটি। তিনি প্রথম জীবনে হাইকোর্টের সঙ্গে চাকরিসূত্রে যুক্ত ছিলেন।

Read More »
সুজিত বসু

সুজিত বসুর তিনটি কবিতা

তারপরে একদিন আকাশে মেঘের সাজ, মুখরিত ধারাবারিপাত/ রঙিন ছাতার নিচে দু’গালে হীরের গুঁড়ি, মন মেলে ডানা/ আরো নিচে বিভাজিকা, নিপুণ শিল্পীর হাতে গড়া দুই উদ্ধত শিখর/ কিছুটা অস্পষ্ট, তবু আভাসে ছড়ায় মায়া বৃষ্টিস্নাত নাভি/ তখনই হঠাৎ হল ভূমিকম্প, পাঁচিলের বাধা ভাঙে বেসামাল ঝড়/ ফেরা যে হবে না ঘরে মুহূর্তে তা বুঝে যাই, হারিয়েছি চাবি/ অনেক তো দিন গেল, অনেক ঘুরেছি পথে, বিপথে অনেক হল ঘোরা/ তাকে তো দেখেছি, তাই নাই বা পড়ুক চোখে অজন্তা ইলোরা।

Read More »
সর্বাণী বন্দ্যোপাধ্যায়

ছোটগল্প: ফাউ

গরমকালে ছুটির দিনে ছাদে পায়চারি করতে বেশ লাগে। ঠান্ডা হাওয়ায় জুড়োয় শরীরটা। আকাশের একপাশে আবির। সন্ধে হবে হবে। অন্যদিকে কাঁচা হলুদ। চায়ের ট্রে নিয়ে জমিয়ে বসেছে রুমা। বিয়ের পর কি মানুষ প্রেম করতে ভুলে যায়? নিত্যদিন ভাত রুটি ডালের গল্পে প্রেম থাকে না কোথাও? অনেকদিন রুমার সঙ্গে শুধু শুধু ঘুরতে যায়নি ও।

Read More »