Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সুজিত বসুর চারটি কবিতা

সেতুর উপর গালিয়া

মস্কো নদীর সেতুর উপর হঠাৎ হল সাক্ষাৎকার
নদী তখন সূর্য-তেজে গলন্ত এক দীপ্ত ধাতু
ফাল্গুন না চৈত্র মাস ঠিক মনে নেই এখন আমার
উরালদেশি আধো আধো মিষ্টি রুশি উচ্চারণে
মনের ভিতর কুয়াশানীল, চোখেও কী আশ্চর্য জাদু
গলার রুমাল ঘোমটা হল, কপালে টিপ কী বিভ্রমে
হঠাৎ সিঁদুর, বেলাশেষের ক্লান্ত আলো এক ঝলকে
স্নিগ্ধ শিথিল জ্যোৎস্না যেন রূপান্তরে অকারণে
পার্কে তুমি ভ্রূক্ষেপও তো করলে না কী বলল লোকে
আমার যত দর্শনকে অনায়াসে বিনাশ্রমে
বন্ধ করে ধরলে তুলে উন্মুখ ঠোঁট পদ্মকলি
অতীত কাল ভবিষ্যৎ আর বর্তমানকে জলাঞ্জলি
সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, জীবন থেকে চারখানি দিন
হারিয়ে গেল, যেমন হারায় মোহনাতে খরস্রোতা
নদী এবং আমিও যদি পালিয়ে যেতাম সন্ধানী তিন
চোখগুলোকে ফাঁকি দিয়ে, তবে কি আর যন্ত্রদানব
অপহরণ করে তাকে, নিয়ে পালায় সেই গালিয়া
‘সর্বস্ব গেল গেল’ বলে তবে বিলাপ সরব
করি না আর, অশ্রু মুছে বলি না দাসভিদানিয়া
সেই তো আমার ভাগ্য, তবু, সেই তো আমার বিষণ্ণতা।

*

স্বর্ণবৃত্তে শায়ক

অন্ধকারে বসে থাকি নিরালায় স্থাণু হয়ে ভাঙা এক চারপায়া চেয়ারে
আবছায়া আঁধারিতে মুঠো মুঠো বাতাসেরা কত যে স্বপ্নের গান গায়
দুর্বোধ্য ভাষায় কিন্তু, তাই তা না শুনে আমি মনোযোগ দিয়ে দেখি কে হারে
অসম দ্বৈরথ যুদ্ধে, অস্বচ্ছ জলের মতো যেটি চলে গোলঘরে ছায়ায় ছায়ায়

উৎসেরও অবনতি! আঙিনায় মেলে দেওয়া আলোগুলি পরী হয়ে যেন উড়ে যায়
রাস্তার বিদ্যুৎবাতি শুধুই বিদ্রূপ করে উপহাসে, ক্রোধে ক্ষিপ্ত হয়ে ভাবি মনে
বাহিরে রুপোর থালা চাঁদ আছে, ব্যর্থ তাই ক্রুর ফাঁদ, মুখ শুধু রাখি ঝরোকায়
জলপাই পাতা দিয়ে আলপনা এঁকে দেওয়া বাতায়ন বন্ধ হয় হাওয়ার গর্জনে

ব‍্যাকুল এখন হই এবং ভয়ও পাই, কপাল গালের থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু স্বেদ
কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক
করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক
ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ
আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ
আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

*

বিজ্ঞাপন

টিভি খুললেই বিনোদনে ছেদ ঘটায় বিজ্ঞাপন
কত রকমের সাবান রয়েছে ফিরিস্তি শোনা তার
নিকুচি করেছে এবার আমিও দৃঢ়তায় করি পণ
নানা পণ্যের বিবিধ গুণের ছাপাব ইস্তাহার

কফিতে সুখের অমৃতধারা, ফ্রিজে দুঃখের জ্বালা
জুড়োবে, সাবান ঘোচাবে মনের কলঙ্ক নাগপাশ
কিছু না কিনেও চাইলে পাবেন শান্তির ফুলমালা
না হলে থাকুন বিজ্ঞাপনের চিরকাল ক্রীতদাস।

*

কলঙ্ক

বাসন জুড়ে কলঙ্ক ছাপ কালো
সাবান গুঁড়ো ঢেলেও পরিষ্কার
হয় না দেখে মানুষ করে সাবান আরো ভাল
কলঙ্ক নিশ্চিহ্ন করার জন‍্য আবিষ্কার

মনের মধ্যে কলঙ্ক যা কোন সাবানে তার
শুদ্ধি হবে, এই জীবনে শোনা
হয়নি, শুধুই গালের কালো তিলে প্রতিমার
কলঙ্ককে সবাই করে প্রণাম আরাধনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »
সুজিত বসু

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »