Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বাইসাইকেল ডে-র গল্প এবং একটি আকস্মিক আবিষ্কার

অনেক ক্ষেত্রেই দেখা যায়, লেখার শিরোনাম শুরুতেই পাঠককে বিভ্রান্ত করে। আগাম একটি ধারণা নিয়ে পড়তে শুরু করে পরে বুঝতে পারেন যে, তিনি যা ভেবে পড়তে শুরু করেছিলেন, আসলে সেটি তা নয়। বস্তুত সেক্ষেত্রে পাঠকের আগাম ধারণাকে দোষ দেওয়া যায় না, শিরোনাম নির্বাচন যথাযথ না-হওয়ার জন্যেই ওই বিভ্রান্তি। এই লেখার শিরোনামে ‘বাইসাইকেল’ শব্দটি যথোপযুক্ত হওয়া সত্ত্বেও পাঠক নিশ্চিত বিভ্রান্তিতে পড়বেন। সেকথা আন্দাজ করেই প্রথমেই এই লেখার উপজীব্য নিয়ে একটু বলে নিতে চাই। আসলে ‘বাইসাইকেল ডে’ পড়ে পাঠক প্রথমেই ভেবে নেবেন, খুব চেনা দু-চাকার সেই পরিবেশবান্ধব যানের কথা। না, তা একেবারেই নয়, এ কাহিনি ‘বাইসাইকেল’ উদ্ভাবন নিয়েও নয়।

তাহলে এই ‘বাইসাইকেল ডে’ ঠিক কী?

এর পেছনে আছে সম্পূর্ণ অন্যরকমের অভিনব একটি আবিষ্কারের কাহিনি। যে আবিষ্কারের জন্ম হয়েছিল ৮০ বছর আগে, আকস্মিকভাবে। আবিষ্কৃত সেই নতুন রাসায়নিক পদার্থটির নাম এল. এস. ডি. (LSD)। নামটি অনেকেরই শোনা শোনা লাগবে। নিষিদ্ধ নেশাবস্তু হিসেবেই তার পরিচিতি।  LSD-র পুরো কথাটি হল ‘লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড’ (Lysergic Acid Diethylamide)। এই অভিনব রাসায়নিক পদার্থটি প্রথম সংশ্লেষ করেন অ্যালবার্ট হফম্যান নামে একজন রসায়ন বিজ্ঞানী। স্যুইস রসায়নবিদ অ্যালবার্ট হফম্যান (১৯০৬-২০০৮) সাইকোঅ্যাক্টিভ পদার্থ LSD-র আবিষ্কারক হিসেবে বিশ্ববাসীর কাছে সুপরিচিত। সাইকোঅ্যাক্টিভ পদার্থের বৈশিষ্ট্য ও ধর্ম সম্পর্কে তিনি বিশেষভাবে আলোকপাত করেন, যা তাঁর অন্যতম যুগান্তকারী আবিষ্কার।

অ্যালবার্ট হফম্যান (১১ জানুয়ারি ১৯০৬-২৯ এপ্রিল ২০০৮)।

শিরোনামের ‘বাইসাইকেল ডে’ প্রসঙ্গে আসার আগে LSD সম্পর্কে দু-চার কথা বলে নেওয়া দরকার। হফম্যানের এই আবিষ্কারের পরেই মানুষের চেতনায় সাইকেডেলিক পদার্থের প্রভাব সম্পর্কে ব্যাপক আগ্রহ তৈরি হয় জনমানসে। প্রকৃতিগতভাবে সৃষ্ট একাধিক সাইকেডেলিক পদার্থ সম্পর্কে জ্ঞানের পরিধি সম্প্রসারিত হয়েছে হফম্যানের গবেষণালব্ধ ফলাফল থেকে। LSD নামের এই শক্তিশালী সাইকেডেলিক পদার্থ পাওয়া যায় একধরনের ছত্রাকের (Ergot fungus) মধ্যে। তাঁর গবেষণা থেকে জানা গেছে, মানুষের চেতনা, উপলব্ধি, সাময়িক মানসিক অবস্থা এবং চিন্তাপ্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করতে পারে LSD। সেই কারণে LSD-কে হ্যালুসিনোজেন (hallucinogen) গোত্রের বস্তু হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। কোনও পদার্থের এই ধরনের ধর্ম থাকলে তাকে, ‘সাইকেডেলিক’ বা ‘সাইকোঅ্যাক্টিভ’ ধর্মীয় পদার্থ বলে। এর প্রভাব ও প্রতিক্রিয়া এক-এক জনের ক্ষেত্রে এক-একরকম এবং প্রয়োগের মাত্রার ওপর নির্ভরশীল।

শস্যাদি সংক্রমণকারী এর্গো‌ট (Ergot) ছত্রাকের মধ্যে এর্গো‌টামিন (ergotamine) নামের এক ধরনের অ্যালক্যালয়েড (Alkaloid) পাওয়া যায়। এর্গো‌টামিন-কে হাইড্রোলিসিস (জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া) করে লাইসারজিক অ্যাসিড (lysergic acid) পাওয়া যায়। তার পরের ধাপে, এই অ্যাসিডকে সংশ্লেষ করলে LSD তৈরি হয়। যদিও একাধিক ‘সাইকেডেলিক’ বস্তুর সন্ধান পাওয়া গেছে পরবর্তী সময়ে। তাদের মধ্যে উল্লেখযোগ্য আর-একটি হল সিলোসাইবিন (psilocybin), যা ম্যাজিক মাশরুম থেকে তৈরি হয়। এছাড়াও বিভিন্ন প্ল্যান্ট-অ্যালক্যালয়েডের মধ্যেও সাইকেডেলিক ধর্ম দেখতে পাওয়া যায়। হফম্যানের আবিষ্কার সাইকোলজি, নিউরোসায়েন্স, এবং ফার্মাকোলজি গবেষণার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী। তাঁর গবেষণা মগজ সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেছে। মানসিক অসুস্থ রোগীদের চিকিৎসায় সাইকেডেলিক ড্রাগ ব্যবহারের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন বিজ্ঞানীরা। যদিও পৃথিবীর অধিকাংশ দেশে LSD নামক হ্যাল্যুসিনোজেনিক ড্রাগটির ব্যবহার আইনত নিষিদ্ধ।

‘বাইসাইকেল ডে’-র ছবির পোস্টার।

১৯৩৮ সালের কথা। সুইৎজারল্যান্ডে ‘স্যানডোজ ল্যাবরেটরি’-তে সেসময় কাজ করেন হফম্যান। এর্গো‌ট-এর মধ্যে সম্ভাব্য ওষধিগুণ রয়েছে কি না, তা নিয়ে সেসময় চলছিল তাঁর পরীক্ষানিরীক্ষা। হফম্যানের প্রধান লক্ষ্য ছিল, এমন একটি উদ্দীপক রাসায়নিক বস্তু তৈরি করা, যা দিয়ে শ্বাসপ্রশ্বাস এবং সংবহন সংক্রান্ত সমস্যার নিরাময় সম্ভব। ওই সময়েই তিনি LSD সিন্থেসিস করতে সমর্থ হন। প্রথমদিকে তিনি প্রাণীদের ওপর পরীক্ষানিরীক্ষার সময় LSD-র প্রতিক্রিয়া ও প্রভাব বিষয়ে উল্লেখযোগ্য কিছু দেখতে পাননি। তবু সেই LSD নিয়েই পাঁচ বছর পরে আবার নতুন উদ্যমে পরীক্ষানিরীক্ষা শুরু করেন। তার জন্য একটি নতুন LSD ব্যাচ তৈরিও করলেন। আর সেখান থেকেই ঘটনাক্রমে ঐতিহাসিক ‘বাইসাইকেল ডে’-র দিকে এগিয়ে গেলেন হফম্যান।

আবিষ্কারের পাঁচ বছর পরের কথা। ব্যাসেল-এ স্যানডোজ ল্যাবরেটরির ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে কাজ করছিলেন হফম্যান। হঠাৎই হাতের পাত্র থেকে সামান্য একটু LSD ছিটকে পড়ে এবং কোনওভাবে তা তাঁর ত্বকের সংস্পর্শে আসে। তখনও পর্যন্ত হফম্যানের বিন্দুমাত্র ধারণা ছিল না যে, LSD-র তীব্র সাইকেডেলিক প্রভাব থাকতে পারে। সেদিন কাজ করতে করতে কোনওভাবে খুব সামান্য LSD চামড়ার মধ্য দিয়ে ঢুকে যায়। কিছু সময় পরে তিনি বুঝতে পারেন কেমন অদ্ভুত একধরনের আচ্ছন্নতার অনুভূতি হচ্ছে শরীরে ও মনে। এক অজানা উদ্দীপনার সঞ্চারের অনুভূতি টের পাচ্ছিলেন। বুঝতে পারছিলেন এই মানসিক অস্থিরতা আর অদ্ভুত লাগার অনুভূতি খুব সম্ভবত LSD-র সংস্পর্শে হয়েছে।

এলএসডি-র আণবিক গঠন সংকেত।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে হফম্যান বস্তুটি এবার সরাসরি নিজের ওপর পরীক্ষা করবেন বলে স্থির করলেন। দিনটি ছিল ১৯ এপ্রিল। বিকেল ৪:২০ মিনিট। ২৫০ মাইক্রোগ্রাম এলএসডি নিজের শরীরে নিলেন। প্রায় সঙ্গে সঙ্গে হফম্যান বুঝতে পারলেন বস্তুটির অদ্ভুত প্রভাব ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে। তিনি বুঝতে পারলেন এই অবস্থায় একা একা বাড়ি ফেরা ঠিক হবে না। তাই তিনি তাঁর সহকারীকে অনুরোধ করলেন, তিনি যেন সঙ্গে যান। সেইসময় যুদ্ধ চলছিল। তাই ব্যাসেলের রাস্তায় যাতায়াত করার ক্ষেত্রে বিধিনিষেধ বহাল ছিল। সুতরাং সেদিন বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরা ছাড়া গত্যন্তর ছিল না। সেই সাইকেল-যাত্রায় তাঁর চেতনার ওপর যে অভূতপূর্ব শক্তিশালী প্রভাবের অভিজ্ঞতার সাক্ষী হলেন হফম্যান, যাকে বলা চলে সাইকেডেলিক অভিযাত্রা। LSD-র প্রভাবে হফম্যানের চেতনার ওপর সেই যে অভূতপূর্ব প্রভাবের অভিজ্ঞতা— সেখান থেকেই পৃথিবীতে নিয়ে এল এক নতুন যুগ। হফম্যানের স্মরণীয় সেই অভিজ্ঞতার ‘১৯-এ এপ্রিল’ দিনটি চিহ্নিত হয়ে গেল ‘বাইসাইকেল ডে’ হিসেবে। পরবর্তী ১৯৫০ থেকে ১৯৬০ চেতনা গবেষণার ক্ষেত্রে LSD নতুন নতুন দরজা খুলে দিল এবং মানুষের মন ও মনস্তত্ব গবেষণায় নতুন যুগের সূচনা করল। বিভিন্ন ধরনের মানসিক ব্যাধির চিকিৎসা ও উপশমের ক্ষেত্রে সাইকেডেলিক ড্রাগের প্রয়োগ নতুন প্রতিশ্রুতি নিয়ে এল। সেই বাইসাইকেল অভিযাত্রার পর থেকেই অ্যালবার্ট হফম্যানকে ‘সাইকেডেলিক্স’-এর ‘বিজ্ঞানী-গডফাদার’ হিসেবে পরিচিতি দিল।

Advertisement

সেদিনের সেই যাত্রাপথের অভিজ্ঞতা ও মানসিক অবস্থা এবং উপলব্ধিকে হফম্যান পরে বর্ণনা করেছেন— “…মনে হচ্ছিল, আমি যেন শূন্যে ভেসে ভেসে রয়েছি। তারপর কখন যেন আমি একটু একটু করে উপভোগ করতে আরম্ভ করলাম অজস্র অদৃষ্টপূর্ব রং, না-শোনা শব্দ এবং বিভিন্ন আকারের কতরকমের জিনিস, আমার বন্ধ চোখের পেছনে সেসব কিছু ভেসে বেড়াচ্ছিল। ক্যালাইডোস্কোপের মত যেন। চমৎকার সব ছবি তরঙ্গের মত আছড়ে পড়ছিল আমার চারপাশে। পর্যায়ক্রমে বৈচিত্র্যময় কখনও খুলে যাচ্ছিল, কখনও তা বন্ধ হচ্ছিল… বৃত্তীয় আকৃতির, কখনও বা সর্পিল, নানান রঙের ঝর্নার অবিরাম স্রোতধারা দেখতে পাচ্ছিলাম। সেই অবিরাম প্রবাহ কখনও পুনর্বিন্যস্ত হচ্ছিল, কখনও আবার তা একটি অবয়বের সঙ্গে অন্যটি মিশে যাচ্ছিল।” পরবর্তী সময়ে হফম্যান তাঁর স্মৃতিকথা ‘LSD: My Problem Child’ লিখেছিলেন।

LSD: My Problem Child

ছ-মাইল রাস্তা সাইকেলের প্যাডেলে পা রেখে সেই পরাবাস্তব যাত্রা-শেষে হফম্যান বাড়ি ফিরেছিলেন আর সেই অভিযাত্রায় অসাধারণ সব ছবির সাক্ষী হয়েছিলেন। সেসব দৃশ্যের কতটুকুই বা ভাষায় প্রকাশ করা সম্ভব? ওই অবস্থায় কোনও দুর্ভাগ্যজনক প্রতিক্রিয়া ছাড়া তিনি কী করে যে নিরাপদে বাড়ি ফিরে আসতে পেরেছিলেন, এখন তা ভাবতেই পারা যায় না।

এই ঘটনার পরে গৃহচিকিৎসককে তাঁর অভিজ্ঞতার কথা বিস্তারিত বললেন। ডাক্তারবাবু পরীক্ষা করে নিশ্চিত করলেন যে, এই ঘটনায় হফম্যানের শরীরে বাহ্যিক কোনও পরিবর্তন হয়নি। তিনি আরও নিশ্চিত করেন যে, ওই বস্তুর প্রভাব সম্পূর্ণভাবে মানসিক (সাইকোলজিক্যাল)। হফম্যান পরবর্তী সময়ে বুঝতে পারেন যে, সেদিনের সেই LSD ডোজ ন্যূনতম মাত্রার (২০ মাইক্রোগ্রাম) প্রায় দশ গুণ বেশি ছিল। আর সেই কারণেই তাঁর মধ্যে LSD-র প্রতিক্রিয়া অতখানি দ্রুত ও প্রবল হয়েছিল। যদিও এর ফলে তাঁর শারীরিক যে কোনও ক্ষতি হয়নি, তা তাঁর ১০২ বছরের আয়ুষ্কাল থেকেই বুঝতে পারা যায়।

উল্লেখ্য যে, LSD এবং psilocybin-এর গঠনের সঙ্গে আমাদের ব্রেনে তৈরি হওয়া ‘সেরোটোনিন’ নামের নিউরো-ট্রান্সমিটার-এর অনেক মিল রয়েছে। আমরা আজ জানি, এই Serotonin বিভিন্ন স্নায়বিক প্রক্রিয়া; যথা মুড এবং উপলব্ধির নিয়ন্ত্রক। অনেকটা একই রকমভাবে LSD-ও সম্ভবত আমাদের মগজে কাজ করে। হফম্যান নিজেই জানিয়েছিলেন যে, তাঁর আবিষ্কৃত এলএসডি ‘মেডিসিন ফর দ্য সোল’। তবে সতর্কও করেছিলেন, এটা ‘ভুল হাতে পড়লে মারাত্মক’-ও হতে পারে।

রাষ্ট্রপুঞ্জ ঘোষিত জুনের ৩ তারিখের ‘ওয়ার্ল্ড বাইসাইকেল ডে’-র সঙ্গে যে এই লেখার ‘বাইসাইকেল ডে’-র যে কোনও মিল নেই— তা আর পাঠককে নতুন করে না বললেও চলবে।

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

স্যার রোনাল্ড রস, ম্যালেরিয়া ও অন্যান্য

রোনাল্ড রসকে তাঁর গবেষণার সহায়তাকারী এক বিস্মৃত বাঙালি বিজ্ঞানীর নাম কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায় (১৮৭৭-১৯২৯)। তাঁর অবদান কিন্তু খুব কম নয়। তিনি ছিলেন রস-এর অধীনে সহ-গবেষক। রস নোবেল পেলে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর নেতৃত্বে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, শিবনাথ শাস্ত্রী, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ কিশোরীনাথের ভূমিকার বিষয়টি বড়লাট লর্ড কার্জনকে জানান। কার্জন এ-বিষয়টি ব্রিটিশ সরকারের গোচরে আনেন। এর ফলে ১৯০৩ সালে যখন দিল্লিতে দরবার বসে, তখন ডিউক অফ কনট-এর মাধ্যমে কিশোরীনাথকে ব্রিটিশরাজ সপ্তম এড‌ওয়ার্ড-এর তরফ থেকে স্বর্ণপদক প্রদান করা হয়। পরে কলকাতা
র সেনেট হলে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

Read More »
গৌতম চক্রবর্তী

দুই হুজুরের গপ্পো

১৯৩০ সালের ১৪ জুলাই, আলবার্ট আইনস্টাইন বার্লিনের উপকণ্ঠে নিজের বাড়িতে স্বাগত জানান ভারতীয় কবি, দার্শনিক ও সঙ্গীতজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় নোবেল বিজয়ী। তাঁদের এই সাক্ষাৎকারটি ইতিহাসের অন্যতম বুদ্ধিদীপ্ত ও মননশীল আলাপচারিতায় পরিণত হয়, যেখানে তাঁরা বিজ্ঞান ও ধর্মের চিরন্তন দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেন। “সায়েন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান ট্রাডিশন: হোয়েন আইনস্টাইন মেট টেগোর” গ্রন্থে এই ঐতিহাসিক সাক্ষাতের বিবরণ পাওয়া যায়। এই বইতে বিশ শতকের শুরুতে ভারতের বৌদ্ধিক পুনর্জাগরণ এবং ভারতীয় ঐতিহ্য ও পাশ্চাত্য বৈজ্ঞানিক চিন্তার মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শতবর্ষী বাঙালি

বাঙালিদের মধ্যেও শতায়ু লোক নেহাত কম নেই। একটা কথা মনে রাখা জরুরি, বিখ্যাত ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের আয়ু নিয়ে বিশেষ কোনও গবেষণা থাকে না। আবার একটু বেশি বয়স্ক মানুষকে শতায়ু বলে চালিয়ে দেওয়ার রেওয়াজ-ও রয়েছে। তবে শতবর্ষের আয়ুলাভ যে মানুষের কাঙ্ক্ষিত, তা উপনিষদের‌ একটি বাক্যে সুন্দরভাবে ধরা পড়েছে— ‘জীবেম শরদঃ শতম্’, অর্থাৎ শতবর্ষ বাঁচতে ইচ্ছে করবে। কেবল অলস জীবন নিয়ে বাঁচবার ইচ্ছে করলেই হবে না, কর্ম করে বাঁচার কথাও বলা হয়েছে সেখানে— ‘কুর্বেন্নেবেহ কর্মাণি জিজীবিষেচ্ছতম্ সমাঃ’।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আশা ভোসলে ও তাঁর বাংলা গান

সুদীর্ঘ আট দশক ধরে তিনি তাঁর সঙ্গীতের সুধায় ভরিয়ে দিয়েছেন কেবল ভারত বা এই উপমহাদেশকেই নয়, বিশ্বকে। পরিণত বয়সেই মৃত্যু হয়েছে তাঁর, যেমন কয়েক বছর আগে হয়েছিল তাঁর স্বনামখ্যাত অগ্রজা লতা মঙ্গেশকরের। আশা ভোসলে তাঁর সমগ্র জীবনে বারো হাজার গান গেয়ে গিনেস বুকে স্থান পেয়েছেন। একদিকে ধ্রুপদী সঙ্গীত, অন্যদিকে লঘু, পপ, এমনকী চটুল গানেও তাঁর সমকক্ষ খুঁজে পাওয়া কঠিন। সমসাময়িক কিংবদন্তি শিল্পীদের মধ্যে এজন্য অনায়াসে স্থান করে নিয়েছিলেন তিনি।

Read More »
গৌতম চক্রবর্তী

স্প্যানিশ ছোটগল্প: পুতুল রানি

সত্যিকারের আমিলামিয়া আবার আমার স্মৃতিতে ফিরে এসেছে, আর আমি আবার— সম্পূর্ণ সুখী না হলেও সুস্থ বোধ করছি: পার্ক, জীবন্ত সেই শিশুটি, আমার কৈশোরের পঠনকাল— সব মিলিয়ে এক অসুস্থ উপাসনার প্রেতচ্ছায়ার ওপর জয়লাভ করেছে। জীবনের ছবিটাই বেশি শক্তিশালী। আমি নিজেকে বলি, আমি চিরকাল আমার সত্যিকারের আমিলামিয়ার সঙ্গেই বাঁচব, যে মৃত্যুর বিকৃত অনুকরণের ওপর জয়ী হয়েছে। একদিন সাহস করে আবার সেই খাতাটার দিকে তাকাই— গ্রাফ কাগজের খাতা, যেখানে আমি সেই ভুয়ো মূল্যায়নের তথ্য লিখে রেখেছিলাম। আর তার পাতার ভেতর থেকে আবার পড়ে যায় আমিলামিয়ার কার্ডটি— তার ভয়ানক শিশুসুলভ আঁকাবাঁকা লেখা আর পার্ক থেকে তার বাড়ি পর্যন্ত যাওয়ার মানচিত্র। আমি সেটা তুলে নিয়ে হাসি।

Read More »
যদুনাথ মুখোপাধ্যায়

বিজ্ঞানমনস্কতা কারে কয়?

শ্রদ্ধেয় বসুর বইতে হোমিওপ্যাথি সম্পর্কিত অধ্যায়টি তথাকথিত বিজ্ঞানমনস্কদের, বিশেষ করে মুদ্রা-মূর্ছনায় মজে থাকা, বা রাজনীতিজ্ঞ হিসেবে স্বীকৃতির দাবেদার-ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরক্তিকর বা অপ্রীতিকরই মনে হবার কথা। কেননা, উল্লিখিত দুটি বিষয় নিয়ে তাদের মনের গহীন কোণে প্রোথিত বিজ্ঞানবাদিতার শেকড় ওপড়ানোর সম্ভাবনা নেই বলেই মনে হয়। প্রশ্ন হল, তাঁর উপরিউক্ত বইটির কারণে তথাকথিত বিজ্ঞানমনস্ক বন্ধুদের চোখে ব্রাত্য বলে চিহ্নিত হবেন না তো? হলে আমি অন্তত আশ্চর্যচকিত হব না। দাগিয়ে দেবার পুরনো অভ্যাস বা পেটেন্ট এই মহলের বাসিন্দাদের প্রধান অস্ত্র, তা ভুক্তভোগীরা হাড়ে হাড়ে জানেন।

Read More »