Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

গুটলিমোহন: রথের দিনে মালদা মজে যে মিষ্টিতে

সারা বাংলায় যা পান্তুয়া, মালদায় সেই মিষ্টির নামই লালমোহন। আর সারা বাংলায় যা নিখুঁতি, মালদায় তাইই গুটলিমোহন। আকৃতিতে ছোট বলে লালমোহনের ছোটভাই। শতাব্দীপ্রাচীন রথযাত্রার ঐতিহ্য মেনে এখনও মালদায় শুধুমাত্র সোজারথ এবং উল্টোরথের দিনে তৈরি হয় এই মিষ্টি। যুগ পরিবর্তনের সঙ্গেও ম্লান হয়ে যায়নি তার চাহিদা।

লালমোহনের সঙ্গে প্রস্তুত প্রণালীর কোনও পার্থক্য নেই। সেই ছানা, চিনি এবং ময়দার মিশ্রণ। সঙ্গে সামান্য সোডা। তারপর তেলে ভেজে হালকা রসে ডোবানো। পার্থক্য শুধু একটাই, এই মিষ্টি বিক্রি হয় ওজন হিসাবে। গৌড় রোড মোড়ে মিষ্টান্ন ব্যবসায়ী নিশীথ পাল জানান, “বছরের অন্যান্য দিন এই মিষ্টির কথা লোকে ভুলেই থাকে। কিন্তু সোজারথ আর উল্টোরথের দিনে ব্যাপক চাহিদা এই মিষ্টির। এখন ২৪০-২৮০ টাকা কেজি চলছে।” সুকান্ত মোড়ের মিষ্টান্ন ব্যবসায়ী শোভন ঘোষ বলেন, “এই মিষ্টিকে পুরনো দিনের মানুষরা গুটলিমোহন বলেন। অনেকে বলেন এর নাম নিখুঁতি। এখন এটা গোলাপজাম নামেও বিক্রি হয়। শুধুমাত্র বছরের দুটো দিন এই মিষ্টি বেশি পাওয়া যায়।”

গুটলিমোহন। বিক্রি হয় ওজন হিসাবে।

প্রয়াত ইতিহাসবিদ তুষারকান্তি ঘোষ তাঁর সর্বশেষ প্রকাশিত গ্রন্থ ‘মালদহের ইতিহাসের ধারা’-য় বলেছিলেন রথযাত্রাকালীন এই বিশেষ মিষ্টি নদীয়ার শান্তিপুর অঞ্চলের কারিগররা প্রথম মালদায় নিয়ে আসেন। প্রসঙ্গক্রমে চৈতন্যদেবের মালদায় আগমনের সঙ্গে এই মিষ্টির একটি সূক্ষ্ম যোগাযোগের দিকেও তিনি ইঙ্গিত করেছিলেন।

রাধাপ্রসাদ গুপ্তের লেখা ‘বাংলার মিষ্টি’-তে নিখুঁতিকে শান্তিপুরের মিষ্টি হিসাবেই উল্লেখ করা হয়েছে। তিনি বলছেন, শান্তিপুরের গোভাগাড় মোড়ে ছিল বিখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী ইন্দ্র পরিবারের বাড়ি ও দোকান। সিপাহি বিদ্রোহের সময় গুড় দিয়ে তৈরি মিষ্টি চিনির ডেলা এই ইন্দ্র পদবিধারী ময়রাদের হাত ধরেই উঠে আসে। এই পরিবারেরই কিশোরী কন্যা নিখুঁতি। নিখুঁত রূপের জন্য তার এই নাম। একদিন বাবার অনুপস্থিতিতে দোকানে বসে ছোট ছোট হাতে পান্তুয়ার লেচি থেকে গোল্লা বানিয়ে খেলার ছলেই ভেজে ফেলে মেয়েটি। তারপর ভয় পেয়ে অন্য মিষ্টির সঙ্গে রসে ডুবিয়ে তাড়াতাড়ি ভিতর বাড়িতে পালিয়ে যায়। ইন্দ্র ময়রা অন্যান্য মিষ্টির সঙ্গে খেয়াল না করে এই মিষ্টিগুলোকেও ওজন দরে বিক্রি করে দেন। তারপর একের পর এক খদ্দের এসে এই নতুন মিষ্টির খোঁজ করতে থাকে। কালক্রমে মেয়ের নামে এই মিষ্টির নাম হয়ে যায় নিখুঁতি। সময়টা ১৮৫৬-এর আশেপাশে। সেই হিসাবে এই মিষ্টির বয়স দুশো বছরের কাছাকাছি।

১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের পরবর্তী সময় থেকে আরম্ভ হয় নিখুঁতির জয়যাত্রা। বর্ধমানের সীতাভোগ বা মিহিদানার সঙ্গে এক থালায়, চৈতন্যদেবের ভোগের সঙ্গে বা রথযাত্রার প্রসাদ হিসেবে এই মিষ্টি উঠে আসতে থাকে। আরম্ভ হয় ময়রাবাড়ির সেই কিশোরী মেয়েটির বাংলাজয়।

সোজারথ আর উল্টোরথের দিনে ব্যাপক চাহিদা এই মিষ্টির।

শুধু শহর নয়; পুরাতন মালদার তপন ঘোষ, মানিকচকের সুবল সরকার বা বাঙ্গিটোলার ষষ্ঠীচরণ সাহার মত প্রবীণ মিষ্টান্নশিল্পীরা একটি বিষয়ে একমত— শান্তিপুরের নিখুঁতির সঙ্গে মালদার নিখুঁতির একটা গুণগত পার্থক্য আছে। মালদার নিখুঁতি নরম পাকের, আর এতে হালকা গোলমরিচের গুঁড়োর ব্যবহার নেই। অন্যদিকে নদীয়া-শান্তিপুর অঞ্চলের নিখুঁতি কড়াপাকের, চিনির রস অনেক গাঢ়। ঠান্ডা হয়ে গেলে চিনির দানাদার ভাবটাও টের পাওয়া যায়। পরিবেশনের আগে তার ওপর ছড়ানো হয় হালকা গোলমরিচের গুঁড়ো।

Advertisement

উনিশ শতকের কলকাতায় নিধুবাবুর টপ্পায় উঠে এসেছে নিখুঁতি প্রসঙ্গ— “খাওয়াইবো গণ্ডা গণ্ডা নিখুঁতি আর দেদো মণ্ডা/ খেয়ে খেয়ে বলবে প্রাণটা বলবে বলিহারি যাই!” শুধু জনজীবনে নয়, বাংলা সাহিত্যেও অমর হয়ে আছে এই মিষ্টি।

নিখুঁতি বা গুটলিমোহন— যে নামেই ডাকা হোক না কেন, মালদা জেলার প্রেক্ষিতে এই মিষ্টিকে শহরকেন্দ্রিক বলেই উল্লেখ করেছেন মিষ্টান্ন বিশেষজ্ঞ ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের কর্মী সৌমেন্দু বাবাই রায়। তিনি বলেন, “প্রাচীনকাল থেকে মালদা টাউনে বড় রথ বলতে ইংরেজবাজারের মকদমপুরের রথঘরের রথ আর ইস্কনের রথ। প্রায় দেড়শো বছরের পুরনো এই দুই রথ উপলক্ষেই মেলা বসে। তাতেই এই মিষ্টিটা পাওয়া যায়। পাপড় বা জিলিপির মত মেলা দেখতে আসা সারা জেলার মানুষ এই মিষ্টি কিনে খান। একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়: বিস্তীর্ণ গ্রামীণ মালদায় রথ বেরোলেও রথের মেলা হয় না। মানিকচক-মথুরাপুর হোক বা হবিবপুর-বামনগোলা— যত বড় রথ আজকাল বেরোয়, কোনওটারই বয়স কুড়ি-পঁচিশ বছরের বেশি নয়। এই রথগুলিকে কোনও একটি বিশেষ রাজনৈতিক দলের ১৯৯৭-৯৮ নাগাদ প্রবর্তিত রথযাত্রার ধারাবাহিকতার অংশ হিসাবে দেখা যেতে পারে। বিশেষত বরিন্দ অঞ্চলের রথগুলি।”

শান্তিপুরের নিখুঁতির সঙ্গে এর একটা গুণগত পার্থক্য আছে।

সেই যে রাধারাণী নামের এক কিশোরী ঝড়বৃষ্টির মাঝে হারিয়ে গিয়েছিল মাহেশের রথ দেখতে গিয়ে, নোটের উপর লেখা নাম দেখে তার রুক্মিণীকুমারকে খুঁজে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র স্বয়ং। রথের মেলার ঝড়জলে এমন কত হারিয়ে যাওয়া আর হারিয়ে যেতে চাওয়া লুকিয়ে থাকে। হারাতে হারাতেও হারায় না নিখুঁতি।

আর সেই বাজার নেই— এই আক্ষেপ আজ ক্রেতা-বিক্রেতা সকলের মুখে। তবুও সোজারথ আর উল্টোরথের দিনে হঠাৎ নামা আকাশভাঙা বৃষ্টি আর মেঘের ডাক, তার সঙ্গে মিলে যাওয়া রথের ভেঁপুবাঁশি আর মেলার ভিড়… প্রিয়জনের হাত মেলার ভিড়ে শক্ত করে চেপে ধরা আর অন্যহাতে শালপাতার ঠোঙা থেকে একটা একটা করে নিখুঁতি মুখে তোলা এই জনপদের অনেকের কাছেই স্মৃতির ফিরতি পথ। সময় এগোয়… পথ ফুরোয় না।

চিত্র: লেখক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 8 =

Recent Posts

যদুনাথ মুখোপাধ্যায়

বিজ্ঞানমনস্কতা কারে কয়?

শ্রদ্ধেয় বসুর বইতে হোমিওপ্যাথি সম্পর্কিত অধ্যায়টি তথাকথিত বিজ্ঞানমনস্কদের, বিশেষ করে মুদ্রা-মূর্ছনায় মজে থাকা, বা রাজনীতিজ্ঞ হিসেবে স্বীকৃতির দাবেদার-ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরক্তিকর বা অপ্রীতিকরই মনে হবার কথা। কেননা, উল্লিখিত দুটি বিষয় নিয়ে তাদের মনের গহীন কোণে প্রোথিত বিজ্ঞানবাদিতার শেকড় ওপড়ানোর সম্ভাবনা নেই বলেই মনে হয়। প্রশ্ন হল, তাঁর উপরিউক্ত বইটির কারণে তথাকথিত বিজ্ঞানমনস্ক বন্ধুদের চোখে ব্রাত্য বলে চিহ্নিত হবেন না তো? হলে আমি অন্তত আশ্চর্যচকিত হব না। দাগিয়ে দেবার পুরনো অভ্যাস বা পেটেন্ট এই মহলের বাসিন্দাদের প্রধান অস্ত্র, তা ভুক্তভোগীরা হাড়ে হাড়ে জানেন।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

অগ্নিবীর: বন্দুকের মুখে ঈশ্বর

১৯৫০ দশকে নেপালের রাজতন্ত্র ও রাজার মন্ত্রিগোষ্ঠী রানাশাহী শাসনের বিরুদ্ধে সফল সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে অনেকে বাঙালি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রথম সংঘর্ষ সে-দেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত। ভারত ও চীনের মধ্যে একফালি দেশ নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম সশস্ত্র ও নিরস্ত্র দুই পথ ধরে চলেছিল। ডান-বাম-অতিবাম— ত্রিমুখী রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের চূড়ান্ত সফলতা আসে ২০০৮ সালে রাজার শাসনের অবসানে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারী: এক দৈবী আখর

আমরা ৮-ই মার্চের আন্তর্জাতিক নারীদিবসে আবহমান নারীবিশ্বকে সামান্য একটু ছুঁয়ে যেতে চাইলাম মাত্র। হাজার হাজার বছর ধরেই তাঁদের ওপর কড়া অনুশাসন, জবরদস্ত পরওয়ানা আর পুরুষতন্ত্রের দাপট। সে-সবের ফল ভুগতে হয়েছে আন্তিগোনে থেকে সীতা, দ্রৌপদী; জোয়ান অফ আর্ক থেকে আনারকলি, হাইপেশিয়া; রানি লক্ষ্মীবাঈ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া; রোজা পার্কস থেকে মালালা ইউসুফজাই— তাঁদের মতো হাজারো নামহীন নারীকে।

Read More »
তন্ময় চট্টোপাধ্যায়

মাতৃভাষা: অবিনাশী হৃৎস্পন্দন ও বিশ্বজনীন উত্তরাধিকার

প্রতিটি ভাষার নিজস্ব একটি আলো আছে, সে নিজের দীপ্তিতেই ভাস্বর। পৃথিবীতে আজ প্রায় সাত হাজার ভাষা আছে। ভাষাবিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীর শেষে তার অর্ধেকেরও বেশি বিলুপ্ত হয়ে যাবে। এ তথ্য সত্যিই বেদনাদায়ক। একটি ভাষার মৃত্যু মানে কেবল কিছু শব্দের মৃত্যু নয়— সে মানে একটি জগৎদর্শনের অবলুপ্তি, একটি জাতির স্মৃতির চিরকালীন বিনাশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমাদের অঙ্গীকার হোক বহুমাত্রিক। নিজের মাতৃভাষাকে ভালবাসা, তাকে চর্চায় রাখা, তার সাহিত্য ও সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আর তার সাথে অন্য সমস্ত ভাষার প্রতি আরও বেশি করে শ্রদ্ধাশীল হওয়া।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শংকর: বিচিত্র বিষয় ও আখ্যানের কথাকার

শংকরের জনপ্রিয়তার একটি কারণ যদি হয় সাবলীল ও সহজ গতিচ্ছন্দময় ভাষা, অন্য আরেকটি কারণ হল, নিজ সময়কে করপুটে ধারণ করা। তার সঙ্গে মিশেছে আমাদের পরিকীর্ণ জগতের বহুকিছু, আমাদের নাগালের মধ্যেই আছে, অথচ আমরা এ-পর্যন্ত যার হদিশ পাইনি, তাকে পাঠকের দরবারে এনে হাজির করা। ১৯৫৫-তে যে উপন্যাসটি দিয়ে বাংলা-সাহিত্যে তাঁর আবির্ভাব, সেই ‘কত অজানারে’ হাইকোর্টের জীবনযাপন, সেখানকার আসামি-ফরিয়াদি, উকিল-ব্যারিস্টার প্রমুখের চিত্র। লেখকের নিজ অভিজ্ঞতাপ্রসূত রচনা এটি। তিনি প্রথম জীবনে হাইকোর্টের সঙ্গে চাকরিসূত্রে যুক্ত ছিলেন।

Read More »
সুজিত বসু

সুজিত বসুর তিনটি কবিতা

তারপরে একদিন আকাশে মেঘের সাজ, মুখরিত ধারাবারিপাত/ রঙিন ছাতার নিচে দু’গালে হীরের গুঁড়ি, মন মেলে ডানা/ আরো নিচে বিভাজিকা, নিপুণ শিল্পীর হাতে গড়া দুই উদ্ধত শিখর/ কিছুটা অস্পষ্ট, তবু আভাসে ছড়ায় মায়া বৃষ্টিস্নাত নাভি/ তখনই হঠাৎ হল ভূমিকম্প, পাঁচিলের বাধা ভাঙে বেসামাল ঝড়/ ফেরা যে হবে না ঘরে মুহূর্তে তা বুঝে যাই, হারিয়েছি চাবি/ অনেক তো দিন গেল, অনেক ঘুরেছি পথে, বিপথে অনেক হল ঘোরা/ তাকে তো দেখেছি, তাই নাই বা পড়ুক চোখে অজন্তা ইলোরা।

Read More »