Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

দেবাশিস গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প

পালিয়ে যাওয়া বন্ধু

আজ সুপ্রভাদের আসবার কথা। কমলিনী সে কারণে খুবই উত্তেজিত। সকাল থেকেই বাড়ি পরিষ্কারে মেতে উঠেছে। ঋষি ঘুম থেকে উঠে বিছানা না ছেড়েই হাতে ফোন তুলে নিয়েছে। কমলিনী রেগে গেল। সে বলল, ‘আরে। ওঠো ওঠো। উঠেই হাতে ফোন নিয়ে বসে পড়লে!’

ঋষি বলল, ‘আরে। দাঁড়াও। দাঁড়াও। খুব ইন্টারেস্টিং বিষয়।’

‘রাখো তোমার ইন্টারেস্টিং বিষয়। উঠে পড়ো। ঘর পরিষ্কার করতে দাও।

ঋষি বলল, ‘এত তাড়া দিচ্ছ কেন? ছুটির দিন।’

‘মনে নেই আজ সুপ্রভারা আসবে।’

ঋষির মনে পড়ল। সে উঠে পড়ল বিছানা থেকে। বাথরুম থেকে মুখে ব্রাশ নিয়ে সে জিজ্ঞেস করল, ‘ওরা কোথায় থাকে যেন?’

কমলিনী বলল, ‘রানাঘাটের দিকে।’

ঋষি বলল, ‘কী করে সুপ্রভা?’

কমলিনী বলল, ‘সুপ্রভা বোধহয় কিছু করে না। ওর বরের  কাপড়ের দোকান।’

‘তা হঠাৎ আসতে চাইছে কেন?’

কমলিনী মুখ তুলে তাকাল। সে বলল, ‘কী আশ্চর্য? বন্ধুর বাড়ি বন্ধু আসবে না?’

ঋষি মুখ ধুচ্ছে। শব্দ করে মুখ ধোয়া কমলিনীর খারাপ লাগে। অনেকবার বলেও তা পাল্টাতে পারেনি। মুখ ধোয়ার পর ঋষি হেলতেদুলতে বলল, ‘বন্ধু তো তোমার অনেক আছে, সুপ্রভার নাম বলেছিলে কিন্তু কোনওদিনও আগে চোখে দেখিনি।’

কমলিনী বলল, ‘দেখবে কী করে? আমার বিয়ের আগেই সুপ্রভা পালিয়েছিল। তারপর বহু বছর পর হঠাৎ ফেসবুকে আবার ওকে পেলাম। ওই একদিন বলল আসবে? আমি কি না করতে পারি?’

ডানদিকে একটা ছোট বারান্দা আছে। ঋষি সেখানে গিয়ে গ্রিলের কাছে দাঁড়াল। সিগারেট বার করে ধরিয়ে ও বলল, ‘যাই বলো, এতদিন পরে হঠাৎ আসছে মানে কিছু একটা ব্যাপার। তুমি তো আবার সাদাসিধে  আছ। টাকাপয়সা চাইলে আবার রাজি হয়ো না।’

বিছানার চাদর পাল্টাল কমলিনী। ঋষির কথা শুনে তার সামান্য অস্বস্তি হল।

সুপ্রভা যখন আসবার কথা বলল, কমলিনী ওর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছিল। কিন্তু তার একটাই মুস্কিল। সে দুম করে না বলতে পারে না। ঋষি যেমন দিব্বি মিথ্যে বানাতে পারে। কাটিয়ে দিতে চাইলে ঋষি বেমালুম বলে দিত, ও বাড়িতে থাকছে না সেইদিন। কোথাও একটা মিটিং আছে। কমলিনী এ কথা বলতে পারে না। তার অভ্যেস নেই। সে কারণে সুপ্রভার কথা শুনে সায় দিয়ে বলেছিল, ‘আসবি। আয়। রবিবার দেখে আসিস।’

ঋষির দিকে চোখ রাখল কমলিনী। আয়েস পেলে ও কিছু চায় না। বারান্দায় দিব্বি বসে চারপাশে চোখ বোলাচ্ছে। সে বলল, ‘যাও যাও ওঠো। চিকেন-ফিকেন আনো।’

ঋষি বলল, ‘দুর বাবা। চালিয়ে নাও না। আবার যেতে হবে।’

কমলিনী বলল, ‘না। যেতে হবে।’

‘কেন? সবই তো সন্তোষরা দিয়ে যায়।’

এখন দুয়ারে বাজার। কমলিনীর সুবিধাই হয়েছে। রাতদিন ঋষিকে বলার কিছু নেই। নিজেই সুবিধামতো কিছু জিনিস কিনে নেয়। বিকেলের দিকে নিজেও সে মার্কেটে যায়। নিয়ে আসে সবকিছু। কিন্তু আজ সুপ্রভারা আসবে। একটু মাংস না করলে চলে। সে বলল, ‘আমি রতনকে বলে রাখছি। তুমি আধঘণ্টা পরে যেয়ো। কেমন?’

ঋষি মাথা নাড়ল।

কমলিনী রতনকে ফোন করে জানিয়ে দিল সব। ঋষি বারান্দা থেকে একবার চিৎকার করে বলল, ‘চা দিলে না।’

‘দিচ্ছি।’

চা নিয়ে এসে ঋষিকে দিতে ও বলল, ‘শোনো।’

কমলিনী বলল, ‘এখন আর বসব না। মেয়েকেও একবার ডাকি। ও বলছিল কোথায় একটা যাবে?’

ঝিলিকের উনিশ বছর বয়স। সদ্য কলেজে ভর্তি হয়েছে। সারারাত প্রায় জেগে থাকে, এখনকার ছেলেমেয়েদের বেশিরভাগ স্বভাবই তাই। ভোর বা সকাল কাকে বলে তারা বুঝল না।

কমলিনী ভোরের অভ্যেস জারি রেখেছে। সকাল ছ’টার মধ্যে সে ঘুম থেকে উঠে পড়ে। পাড়ার মোড়ে  আবালসিদ্ধি থেকে সনাতন আসে। ওর কাছ থেকে সে গিয়ে ফুল কিনে আনে। ঠাকুরঘরে কিছুক্ষণ বসে নিজের মতো পুজো করে। এসব কাজগুলো ঋষি আর ঝিলিকের ঘুম থেকে ওঠার আগেই হয়ে যায়।

ঋষি বলল, ‘থাক। ঘুমাচ্ছে। একটু পরে ডেকো।’

কমলিনী কিছু বলতে যাচ্ছিল। তার আগেই পরের প্রশ্নটা করল ঋষি। বলল, ‘সুপ্রভা তোমার কেমন বন্ধু ছিল?’

কমলিনী বলল, ‘আমরা দুজনে বারো ক্লাস পর্যন্ত একসঙ্গে পড়েছি। পাশাপাশি বসতাম।’

ঋষি বলল, ‘যার সঙ্গে পালাল, চিনতে?’

‘চিনব না কেন? বুলবুলদা। ও তো আমাদের পাড়ার ছেলেই তো। সুপ্রভার বাবা মানে কাকা ছিলেন মাস্টারমশাই। সম্পর্কটা মেনে নেননি। ওরা তাই দুজনে পালিয়ে গেছিল।’

‘তারপর আর খবর পাওনি?’

কমলিনী ওর দিকে একবার তাকাল। সে বুঝতে পারছে, ওদের আসাটা ঋষি ঠিক মেনে নিতে পারছে না। ঋষি কোনও ব্যাপারে বাধা দেয় না ঠিকই, কিন্তু কমলিনীর নিজেরও কেমন স্বস্তি হচ্ছে না।

হিসেব করলে প্রায় বাইশ-তেইশ বছর হয়ে গেছে। সুপ্রভার সঙ্গে তার যোগ নেই। এখন এসব ভাবলে  কমলিনীর অস্বস্তি হয়।

Advertisement

ঋষি উঠে দাঁড়াল। আড়মোড়া ভেঙে বলল, ‘যাই। ঘুরে আসি। আর কী আনতে হবে তোমার বন্ধুর জন্য?’

‘হুম। বলছি।’

ঋষি বাজার যাওয়ার আগে বলল, ‘শোনো। এইসব বন্ধুদের বেশি পাত্তা দিয়ো না। সুযোগ দিলে কিন্তু গেঁড়ে বসবে। আমি ভাবতাম তোমার একটা স্ট্যান্ডার্ড আছে। পালিয়ে যাওয়া বন্ধু। ধ্যাত।’

কমলিনী কিছু বলতে পারল না।

ঝিলিক ঘুম থেকে উঠেছে। কমলিনী তাড়াতাড়ি ওর ঘরে গেল। বিছানা ঘর পরিষ্কার করল। সুপ্রভারা কখন আসবে ঠিক নেই। তবু পরিষ্কার করে রাখা ভাল। ঝিলিক বলল, ‘কে আসবে মা। তোমার বন্ধু? চিনি?’

‘তোর চিনে লাভ নেই। তুই বেরোবি কখন? কী খেয়ে যাবি? ম্যাগি করে দিই?’

ঝিলিক এমন মুখ করল, খেলেও হয় না খেলেও হয়।

কমলিনী রান্নাঘরে গেল। চটজলদি একটা খাবার বানাল, মেয়ের মুখে রুচলে হয়, ঝিলিক বাইরে চলে গেলে তার স্বস্তি। বাড়িটা ফাঁকা হলে সে আর সুপ্রভা কথা বলতে পারবে। রান্না করতে করতে সে ভাবল সুপ্রভা বাড়ি চিনতে পারবে তো।

সকাল পেরিয়ে দুপুর। দুপর পেরিয়ে সন্ধে। সুপ্রভার আসবার নাম নেই। কমলিনী ঘরবার করেছে। সে ফোন করেছে ওকে। মেসেঞ্জারে কল করেছে। সুপ্রভার কোনও পাত্তা নেই। ঋষি সারাদিন বাড়ি ছিল। শেষে বিরক্ত হয়ে সে উঠে পড়েছে। বলে গেছে, ক্লাবে গেলাম। ওরা এলে ডেকো।’

কমলিনী বুঝতে পারছে সুপ্রভাদের সমস্যা হয়েছে। নইলে ওরা চলে আসত। কমলিনী ওদের জন্য রান্নাও করে রেখেছিল, সেগুলোও নষ্ট হতে চলল। সন্ধের দিকে বেল বাজতে ও ছুটে গেল। মেয়ে ফিরেছে কোচিং থেকে। ও জিজ্ঞেস করল, ‘কী গো, তোমার বন্ধুরা এসেছে?’

কমলিনী বলল, ‘না।’

‘যাহ। কেন?’

‘কী জানি? যোগাযোগ  করতে পারছি না।’

মেয়ে বলল, ‘অদ্ভুত।’

ঘরে ঢুকে আবার ফোন দেখল কমলিনী। না। হোয়াটসঅ্যাপ, ফেবু সবকিছুতেই সুপ্রভা নিশ্চুপ। ওর কি কোনও বিপদ হল? কমলিনী বুঝতে পারছে না।

ঘণ্টাচারেক বাদে ঋষি ফিরে এসে জিজ্ঞেস করল, ‘খারাবদাবার সব ফ্রিজে রেখেছ তো? অনেক কিছু করেছিলে? নষ্ট হয়ে যাবে তো?’

কমলিনী বলল, ‘একটু হেল্প করো না। একা একা পারছি না।’

ঋষি বলল, ‘ওকে, চলো।’

সবকিছু তোলা হয়ে গেল। ঋষি বলল, ‘অনেক কিছু করেছিলে দেখছি?’

‘সকালেই তো দেখলে। মনে নেই?’

‘অত খেয়াল নেই।’

‘মন কোথায় পড়ে থাকে বুঝি না।’

ঋষি বাথরুমে গেল। একটু ফ্রেশ হয়ে নিল। ফিরে আসার পর সে দেখল কমলিনী মুখ ভার করে বসে আছে। দেখে খুব খারাপ লাগল। সে বলল, ‘আরে, ছাড়ো। দেখো কোনও অসুবিধেতে পড়েছে।’

‘তা বলে জানাবে না?’

আর কী করা যাবে। চলো। খেতে দাও।’

কমলিনী উঠল।

দুদিন নিপাত্তা হওয়ার পর সুপ্রভাকে অনলাইন দেখতে পেল কমলিনী। সে একটা পোস্ট করেছে। সুপ্রভা লিখেছে, ‘‘গতকাল আমার জীবনে একটা সাঙ্ঘাতিক অভিজ্ঞতা হল। আমার ছোটবেলার এক বন্ধুকে আমি ফেবুতে খুঁজে পেয়েছিলাম। স্বাভাবিক খুব খুশি হলাম। কথাবার্তা চলতে লাগল। তারপর ছ’মাস যেতে না যেতে কমলিনী আমাকে একদিন ওর বাড়ি নেমতন্ন করল। আমি তা গ্রহণ করলাম। একেবারে সপরিবারে নেমতন্ন।

এরপরেই আমার চরম অভিজ্ঞতা ঘটল। কমলিনী আমাদের ঠিকানা দিয়েছিল। হাওড়া। আমরা থাকি  রানাঘাটে। সকাল সকাল বেরিয়েছিলাম, বুঝতেই পারছেন পথ অনেকটাই।

সেই ঠিকানায় পৌঁছে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। কমলিনী বলে কেউ সে অঞ্চলে থাকে না। আমাদের মনে হল কোথাও ভুল হচ্ছে। কমলিনী নিশ্চয় এখানে আছে। সেই মুহূর্ত থেকেই ওকে ফোন করলাম। ফোন বেজে গেল। মেসেঞ্জার করলাম। কমলিনী সিন করল, কিন্তু কোনও উত্তর পেলাম না। বুঝে গেলাম আমি চূড়ান্ত ঠকে গেছি।

আমি জানি না ওর কী ক্ষতি করেছি। ওকে কোনওদিন ক্ষমা করব না। ওর ছবি দিতে পারলাম না। কমলিনীর প্রোফাইলে এখন কোনও ছবি পাচ্ছি না। মনে হয় সব সরিয়ে দিয়েছে।’’

পোস্ট করে একটা ছবিও দিয়েছে সুপ্রভা। সে, বুলবুলদা, আর ওদের ছেলে। একটা রাস্তার সামনে উদ্ভ্রান্ত হয়ে দাঁড়িয়ে।

কমলিনী পড়ে খিলখিল করে হাসতে শুরু করল। কী ভেবেছিল সুপ্রভা? সে তাকে খাতির করে ঘরে বসাবে? ও মনে করে দেখুক কী ক্ষতি করেছিল? বুলবুলদাকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে গেছিল। হঠাৎ এক রাতের ব্যবধানে সে জেনেছিল বুলবুলদা তার নয়, সুপ্রভার হাত ধরে সে চলে গেছে! কোথায় গেছে তার   ঠিক নেই।

তা কী করে ভোলে কমলিনী? হ্যাঁ। সেদিন তার খরচ অনেক হয়েছে। ইচ্ছে করেই তা করেছিল। সবই তো যত্ন করে ফ্রিজে তোলা আছে। কিছু নষ্ট হবে না। ঋষিদের কাছে এ অভিনয় না করলে মজাটাই সে পেত না।

সুপ্রভা তার জীবনে স্থায়ী ক্ষত করে দিয়ে গেছে, সে তো মোটে একদিন!

চিত্রণ: ধৃতিসুন্দর মণ্ডল

One Response

  1. অদ্ভুত মনস্তাত্বিক গল্প। খুব ভালো লাগলো।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

বুদ্ধ: অন্ধকারে আলোর দিশারী

তিনি বলেন গেছেন, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, তাকে জয় করতে প্রেম ও ভালবাসা দিয়ে। মৈত্রী ও করুণা— এই দুটি ছিল তাঁর আয়ুধ, মানুষের প্রতি ভালবাসার, সহযোগিতার, বিশ্বপ্রেমের। তাই তো তাঁর অহিংসার আহ্বান ছড়িয়ে পড়েছিল দেশ ছাড়িয়ে বিদেশে,— চীন, জাপান, মায়ানমার, তিব্বত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানে। এই বাংলায় যে পালযুগ, তা চিহ্নিত হয়ে আছে বৌদ্ধযুগ-রূপে। সুদীর্ঘ পাঁচ শতাব্দী ধরে সমগ্র বাংলা বুদ্ধ-অনুশাসিত ছিল। বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ বৌদ্ধ কবিদের দ্বারাই রচিত হয়েছে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

স্যার রোনাল্ড রস, ম্যালেরিয়া ও অন্যান্য

রোনাল্ড রসকে তাঁর গবেষণার সহায়তাকারী এক বিস্মৃত বাঙালি বিজ্ঞানীর নাম কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায় (১৮৭৭-১৯২৯)। তাঁর অবদান কিন্তু খুব কম নয়। তিনি ছিলেন রস-এর অধীনে সহ-গবেষক। রস নোবেল পেলে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর নেতৃত্বে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, শিবনাথ শাস্ত্রী, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ কিশোরীনাথের ভূমিকার বিষয়টি বড়লাট লর্ড কার্জনকে জানান। কার্জন এ-বিষয়টি ব্রিটিশ সরকারের গোচরে আনেন। এর ফলে ১৯০৩ সালে যখন দিল্লিতে দরবার বসে, তখন ডিউক অফ কনট-এর মাধ্যমে কিশোরীনাথকে ব্রিটিশরাজ সপ্তম এড‌ওয়ার্ড-এর তরফ থেকে স্বর্ণপদক প্রদান করা হয়। পরে কলকাতা
র সেনেট হলে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

Read More »
গৌতম চক্রবর্তী

দুই হুজুরের গপ্পো

১৯৩০ সালের ১৪ জুলাই, আলবার্ট আইনস্টাইন বার্লিনের উপকণ্ঠে নিজের বাড়িতে স্বাগত জানান ভারতীয় কবি, দার্শনিক ও সঙ্গীতজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় নোবেল বিজয়ী। তাঁদের এই সাক্ষাৎকারটি ইতিহাসের অন্যতম বুদ্ধিদীপ্ত ও মননশীল আলাপচারিতায় পরিণত হয়, যেখানে তাঁরা বিজ্ঞান ও ধর্মের চিরন্তন দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেন। “সায়েন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান ট্রাডিশন: হোয়েন আইনস্টাইন মেট টেগোর” গ্রন্থে এই ঐতিহাসিক সাক্ষাতের বিবরণ পাওয়া যায়। এই বইতে বিশ শতকের শুরুতে ভারতের বৌদ্ধিক পুনর্জাগরণ এবং ভারতীয় ঐতিহ্য ও পাশ্চাত্য বৈজ্ঞানিক চিন্তার মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শতবর্ষী বাঙালি

বাঙালিদের মধ্যেও শতায়ু লোক নেহাত কম নেই। একটা কথা মনে রাখা জরুরি, বিখ্যাত ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের আয়ু নিয়ে বিশেষ কোনও গবেষণা থাকে না। আবার একটু বেশি বয়স্ক মানুষকে শতায়ু বলে চালিয়ে দেওয়ার রেওয়াজ-ও রয়েছে। তবে শতবর্ষের আয়ুলাভ যে মানুষের কাঙ্ক্ষিত, তা উপনিষদের‌ একটি বাক্যে সুন্দরভাবে ধরা পড়েছে— ‘জীবেম শরদঃ শতম্’, অর্থাৎ শতবর্ষ বাঁচতে ইচ্ছে করবে। কেবল অলস জীবন নিয়ে বাঁচবার ইচ্ছে করলেই হবে না, কর্ম করে বাঁচার কথাও বলা হয়েছে সেখানে— ‘কুর্বেন্নেবেহ কর্মাণি জিজীবিষেচ্ছতম্ সমাঃ’।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আশা ভোসলে ও তাঁর বাংলা গান

সুদীর্ঘ আট দশক ধরে তিনি তাঁর সঙ্গীতের সুধায় ভরিয়ে দিয়েছেন কেবল ভারত বা এই উপমহাদেশকেই নয়, বিশ্বকে। পরিণত বয়সেই মৃত্যু হয়েছে তাঁর, যেমন কয়েক বছর আগে হয়েছিল তাঁর স্বনামখ্যাত অগ্রজা লতা মঙ্গেশকরের। আশা ভোসলে তাঁর সমগ্র জীবনে বারো হাজার গান গেয়ে গিনেস বুকে স্থান পেয়েছেন। একদিকে ধ্রুপদী সঙ্গীত, অন্যদিকে লঘু, পপ, এমনকী চটুল গানেও তাঁর সমকক্ষ খুঁজে পাওয়া কঠিন। সমসাময়িক কিংবদন্তি শিল্পীদের মধ্যে এজন্য অনায়াসে স্থান করে নিয়েছিলেন তিনি।

Read More »
গৌতম চক্রবর্তী

স্প্যানিশ ছোটগল্প: পুতুল রানি

সত্যিকারের আমিলামিয়া আবার আমার স্মৃতিতে ফিরে এসেছে, আর আমি আবার— সম্পূর্ণ সুখী না হলেও সুস্থ বোধ করছি: পার্ক, জীবন্ত সেই শিশুটি, আমার কৈশোরের পঠনকাল— সব মিলিয়ে এক অসুস্থ উপাসনার প্রেতচ্ছায়ার ওপর জয়লাভ করেছে। জীবনের ছবিটাই বেশি শক্তিশালী। আমি নিজেকে বলি, আমি চিরকাল আমার সত্যিকারের আমিলামিয়ার সঙ্গেই বাঁচব, যে মৃত্যুর বিকৃত অনুকরণের ওপর জয়ী হয়েছে। একদিন সাহস করে আবার সেই খাতাটার দিকে তাকাই— গ্রাফ কাগজের খাতা, যেখানে আমি সেই ভুয়ো মূল্যায়নের তথ্য লিখে রেখেছিলাম। আর তার পাতার ভেতর থেকে আবার পড়ে যায় আমিলামিয়ার কার্ডটি— তার ভয়ানক শিশুসুলভ আঁকাবাঁকা লেখা আর পার্ক থেকে তার বাড়ি পর্যন্ত যাওয়ার মানচিত্র। আমি সেটা তুলে নিয়ে হাসি।

Read More »