Search
Generic filters
Search
Generic filters

ঋত্বিক: চলচ্চিত্রিক

ম ল য় চ ন্দ ন  মু খো পা ধ্যা য়

গোড়াতেই ফরাসি সিনেমা তাত্ত্বিক ও মার্ক্সবাদী বুদ্ধিজীবী জর্জ শাদুলের (George Sadoul) একটি উক্তি দিয়ে শুরু করা যাক, ‘I do not know Bengali, and the film was not subtitled. But l have been under its spell. l am as much in love with that film as the driver is with Jagaddal.’ উক্তিটি তিনি করেন ১৯৫৮ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে ঋত্বিকের ‘অযান্ত্রিক’ ছবিটি দেখে। ফরাসি ছবির ‘নুভেল ভাগ’ যুগে তৈরি ছবিটি শাদুলকে আজীবন ঋত্বিকমুগ্ধ করে রেখেছিল। হলিউডের মার্টিন স্করসেসির ‘ট্যাক্সি ড্রাইভার’ তৈরির (১৯৭৬) অনেক আগেই ঋত্বিক যন্ত্র ও মানুষের‌ দ্বৈত সম্পর্ক নিয়ে ছবিটি উপহার দিয়েছেন। উল্লেখ্য, সেবছর ভেনিসে সত্যজিৎ রায়ের ছবিও দেখানো হয়েছিল, ‘জলসাঘর’।

ঋত্বিকের আন্তর্জাতিক স্বীকৃতি সেই থেকেই। শাদুল চেষ্টিত ছিলেন ‘সুবর্ণরেখা’-কে ভেনিসে আনতে। কিন্তু কোন এক রহস্যময় কারণে ভারত সরকার অনুমতি দেয়নি। আজ সমগ্র ভারত ও বিশ্বের চলচ্চিত্রজগৎ তাঁর ছবির আলোচনায় মুখর। ডেরেক ম্যালকম ১৯৮২-তে ‘সাইট অ্যান্ড সাইট’ পত্রিকায় তাঁকে নিয়ে প্রবন্ধ লেখেন। পত্রিকাটির সমালোচক-পরিচালকদের জরিপে ‘মেঘে ঢাকা তারা’-র স্থান বিশ্ব চলচ্চিত্রে ২৩১-এ। ছবিটিকে বিদেশি সমালোচকেরা বলেছেন, ‘Stunner’, — পরম বিস্ময়! আর ৩০৬-এ ‘কোমল গান্ধার’। ‘Cahier du Cinema’ হল বিশ্বখ্যাত সিনেমা পত্রিকা। ১৯৯০-তে তাদের‌ বার্ষিক শ্রেষ্ঠ ছবির তালিকায় দশম স্থান লাভ করে ‘মেঘে ঢাকা তারা’। পৃথিবীর যেসব সেরা ছবি ‘ক্রাটেরিয়ান কালেকশন’-এর অভিজাত সংগ্রহে স্থান পেয়েছে (এদের নন্দনতাত্ত্বিক বিচার সারা বিশ্বের সম্ভ্রম আদায় করেছে) ঋত্বিকের ছবি আছে সেখানে, আর তাঁর সম্পর্কে তাদের‌ মূল্যায়ন, তিনি হলেন পরিচালকদের পরিচালক, ‘Filmmaker’s filmmaker’!

দেশভাগের মহাকাব্যিক রূপকার রূপেও আন্তর্জাতিক সিনেমামহল জানে তাঁকে। সমালোচকেরা বিস্ময়ান্বিত হয়ে লক্ষ্য করেছেন, ঋত্বিক তাঁর‌ ছবিতে লোকায়তের সঙ্গে মিলিয়েছেন ধ্রুপদীকে, ছবির শব্দ ও কাঠামো নির্মাণে আদ্যন্ত প্রথাবিরোধী থেকেছেন, আর মেলোড্রামাকে নিয়ে এসেছেন শিল্পিত অবয়বে। তাছাড়া তাঁর ছবির অন্যতম বৈশিষ্ট্য হল— সাউন্ডস্কেপ ও অভিনব ক্যামেরা অ্যাঙ্গল তৈরি, যা বিশ্বচলচ্চিত্রে বৈপ্লবিক সংযোজন বলে মনে করা হয়। শাদুলের আরও এক বিখ্যাত উক্তি মনে পড়ে আমাদের, ঋত্বিক সিনেমার ব্যাকরণ ভাঙার ক্ষমতা রাখেন! তাঁর ছবির অন্যতম বৈশিষ্ট্য ডিপ ফোকাস আর ডায়ালেকটিকাল সাউন্ড। সেজন্য ঋত্বিকের ছবিতে ব্যবহৃত সংলাপের চরিত্ররা তাদের বিভিন্ন সামাজিক স্তর ও নানা অঞ্চলের ভাষা-ব্যবহারে হৃদ্য।

‘সিনেমার কাজ মন যোগানোর নয়, মন জাগানো। ফিল্ম মানে ফুল নয়, অস্ত্র’, লিখেছেন ঋত্বিক। সত্যিই তিনি তাঁর ছবিতে অস্ত্র শানিয়েছেন‌ সমাজ ও রাষ্ট্রের যাবতীয় বেবন্দোবস্তের বিরুদ্ধে। প্রচলিত ধারণা মতে, তিনি সাতচল্লিশের দেশভাগ ও উদ্বাস্তুজীবনের মর্মান্তিক এক্সোডাসের রূপকার। কিন্তু তিনি তার-ও অনেক বেশি। নিজের তৈরি আটটি ছবির তিনটিতে দেশভাগের ট্র্যাজেডি স্থান পেয়েছে। কিন্তু ‘বাড়ি থেকে পালিয়ে’ ছবিতে তিনি তুলে ধরেছেন শিশু-মনস্তত্ত্ব, আর ‘অযান্ত্রিক’-এ, আমরা আগেই জেনেছি, যন্ত্র-মানুষ সম্পর্ক, যা রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’ কিংবা চ্যাপলিনের ‘মডার্ন টাইমস’-এর অ্যান্টিথিসিস ও পুনর্পাঠ হিসেবে বিবেচনার যোগ্য। আবার ‘তিতাস একটি নদীর নাম’ ছবিতে বহমান সময়, আবহমানের সভ্যতার পালাবদল, তার সঙ্গে চিরায়ত আশাবাদকে মিলিয়েছেন তিনি। তাঁর শেষ ছবি ‘যুক্তি তক্কো আর গপ্পো’ রক্তের অক্ষরে লেখা এক বোধ ও বোধির মহাকাব্য, যা বলার চেষ্টা করেছে— ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব বেঁচে থাকে’! তাই ঋত্বিককে সরলরেখায় বিচার করাটা মহা ভুল, কেননা তিনি হুতাশনের মতোই সর্বভুক, আর স্ফিঙ্কসের মতোই নিভে নিভে ফের জেগে ওঠেন।

মহাভারতের কর্ণ তিনি, বারবার প্রত্যাখ্যানের বলিরেখা তাঁর কপাল জুড়ে। পূর্ণাঙ্গ ছবি করেছেন  আটটি, আর প্রায় তত ছবি-ই করতে পারেননি, অথবা অসমাপ্ত অবস্থায় পরিত্যক্ত হয়েছে। গোড়া থেকে অভিশপ্ত তাঁর চলচ্চিত্রজীবন। ১৯৫১-তে ‘বেদেনি’ করলেন, তারাশঙ্করের কাহিনি নিয়ে, ছবি উঠলই না যান্ত্রিক ত্রুটিতে! বোলপুর ও ঘাটশিলার সুবর্ণরেখা নদীর তীরে কুড়ি দিনের কাজ পণ্ড হল এর ফলে, ভাবা যায়! ১৯৫২-তে করলেন ‘নাগরিক’। তার ইতিহাস সুবিদিত। ১৯৫৯-তে ‘কত অজানারে’ ছবির আট রিল তোলার পর পরিত্যক্ত হল। অভিনয়ে ছিলেন ছবি বিশ্বাস। ‘বগলার বঙ্গদর্শন’-এর চার রিল, আর ‘রঙের গোলাম’ তিন রিলেই খতম! ১৯৬৮-তে ঋত্বিক এ ছবি শুরু করেন সুচিত্রা সেনকে নিয়ে। কয়েকদিন মাত্র শ্যুটিং-শেষে প্রযোজক বেঁকে বসেন, ফলে ঋত্বিক- সুচিত্রার যুগলবন্দী থেকে চিরতরে বঞ্চিত হল দর্শক। সুচিত্রাকে নিয়ে আরও একটি ছবি তৈরির পরিকল্পনা ছিল ঋত্বিকের, রবীন্দ্রনাথের ‘চতুরঙ্গ’। না, হয়নি, জানি আমরা। তাই সুচিত্রার আজীবনের আক্ষেপ, রবীন্দ্রনাথের কাহিনি নিয়ে নির্মিত কোনও ছবির কখনও নায়িকা হতে পারলেন না তিনি!

শেষ করতে পারেননি রামকিঙ্করকে, ইন্দিরা গান্ধীকে নিয়ে করা তথ্যচিত্র, ছ-ছ’টি গান পরিত্যক্ত হয়ে আছে প্রতিমা বড়ুয়া আর আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ‘বগলার বঙ্গদর্শন’-এ ব্যবহারের জন্য। কোপাই আজ-ও কাঁদে, কেননা এখানেই ঋত্বিক সুচিত্রাকে নিয়ে শ্যুটিং করেছিলেন। আর‌ বিভূতিভূষণের আরণ্যক! ‘মনে রয়ে গেল মনের-ই কথা’!

ছবি করেছেন, অন্যের ছবির চিত্রনাট্য লিখেছেন, নিজের ও অন্যের‌ ছবিতে অভিনয় করেছেন, পুনেতে পড়ানোর সূত্রে‌ তৈরি করেছেন অভিনেতা-পরিচালক, যাঁরা আজ উত্তর‌ ও দক্ষিণ ভারতে খ্যাতিমান। মণি কাউল, আসরানি, কুমার সাহানি, আদুর গোপালকৃষ্ণন, সাঈদ আখতার মির্জা, জন আব্রাহাম তাঁদের মধ্যে কতিপয়‌। এই নিয়ে ঋত্বিক, বিশ্বচলচ্চিত্রের এক স্বতন্ত্র অধ্যায়, যিনি বিশ্বাস করতেন, ‘কোনও মানুষের‌ যদি নিজস্ব দৃষ্টিভঙ্গি না থাকে, তিনি কিছু সৃষ্টি করতে পারেন না।’ তাঁর তা ছিল, তাই তিনি স্রষ্টা।

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 15 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

ঋত্বিক: চলচ্চিত্রিক

গোড়া থেকে অভিশপ্ত তাঁর চলচ্চিত্রজীবন। ১৯৫১-তে ‘বেদেনি’ করলেন, তারাশঙ্করের কাহিনি নিয়ে, ছবি উঠলই না যান্ত্রিক ত্রুটিতে! বোলপুর ও ঘাটশিলার সুবর্ণরেখা নদীর তীরে কুড়ি দিনের কাজ পণ্ড হল এর ফলে, ভাবা যায়! ১৯৫২-তে করলেন ‘নাগরিক’। তার ইতিহাস সুবিদিত। ১৯৫৯-তে ‘কত অজানারে’ ছবির আট রিল তোলার পর পরিত্যক্ত হল। অভিনয়ে ছিলেন ছবি বিশ্বাস। ‘বগলার বঙ্গদর্শন’-এর চার রিল, আর ‘রঙের গোলাম’ তিন রিলেই খতম! ১৯৬৮-তে ঋত্বিক এ ছবি শুরু করেন সুচিত্রা সেনকে নিয়ে। কয়েকদিন মাত্র শ্যুটিং-শেষে প্রযোজক বেঁকে বসেন, ফলে ঋত্বিক- সুচিত্রার যুগলবন্দী থেকে চিরতরে বঞ্চিত হল দর্শক। সুচিত্রাকে নিয়ে আরও একটি ছবি তৈরির পরিকল্পনা ছিল ঋত্বিকের, রবীন্দ্রনাথের ‘চতুরঙ্গ’। না, হয়নি, জানি আমরা।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারায়ণগঞ্জের দুর্গাপুজো

বাংলাদেশের নানা জেলার‌ রামকৃষ্ণ মিশনে ঘোরার অভিজ্ঞতায় দেখেছি, সব জায়গাতেই আচারপরায়ণ মহারাজ ও ব্রহ্মচারীদের সুমধুর ব্যবহার। এখানে এসেই যখন এখানকার অধ্যক্ষ মহারাজ স্বামী একনাথানন্দজির সঙ্গে আলাপ হল, মুহূর্তের মধ্যেই তিনি অন্তরঙ্গ হয়ে উঠলেন। আমাকে পূজামণ্ডপে নিয়ে তাঁর কাছে বসালেন। ষষ্ঠীর রাতে নববস্ত্র বিতরণ অনুষ্ঠান‌ ছিল। আমাকে দিয়েও বস্ত্রদান করালেন। এই যে আচরণ, এতে করে আমি যে কী পরিমাণ সম্মানিত বোধ করলাম, তা বলার‌ নয়। কেবল‌ তাই নয়, সমবেত দর্শক-শ্রোতার সামনে আমাকে কিছু বলার আমন্ত্রণ-ও জানালেন। আমাকে আপ্লুত করল তাঁর এই আহ্বান।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

দুর্গাপূজা ও প্রসঙ্গত

এতদিন ধরে অন্য কোনও দেবদেবীর পুজো কোথাও হয় না। দুর্গাপুজোর এটি একটি অনন্য বৈশিষ্ট্য। আরও একটি বৈশিষ্ট্য, এই পুজো উপলক্ষে কত যে পত্রপত্রিকা বেরোয়, তার কোনও সীমা নেই। কলকাতা যেহেতু এ-পুজোর প্রাণকেন্দ্র, স্বভাবতই এখান থেকে সবচেয়ে বেশি পুজোসংখ্যা পত্রিকা বেরোয়। প্রতিটি দৈনিক পত্রিকা বিরাট আকারে পুজোর অর্ঘ্য সাজায়। প্রসঙ্গত, সত্যজিৎ রায় তাঁর যে দু’টি ভিন্নধারার লেখার মাধ্যমে দীর্ঘ পঞ্চাশ বছরের ওপর জনপ্রিয়তার শীর্ষে, তা কিন্তু এই পুজোর ‘দেশ’ আর’ আনন্দমেলা’-র সূত্রেই।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মহালয়া

এই চণ্ডীপাঠকে অভাবিত মাত্রা দিয়েছে কলকাতার আকাশবাণী কেন্দ্র। ১৯২৭ সালে স্থাপিত হওয়া এই বেতার প্রচারকেন্দ্র থেকে (তখন নাম ছিল ‘Indian State Broadcasting Service’) ১৯৩১-এর ১১-ই অক্টোবর সর্বপ্রথম মহালয়ার অনুষ্ঠান প্রচারিত হয়। স্তোত্রপাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পরিকল্পনা বাণীকুমার, প্রকৃত নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনায় রাইচাঁদ বড়াল ও পঙ্কজকুমার মল্লিক। অচিরেই এটি তুমুল জনপ্রিয় হয়। অদ্যাপি, প্রায় শতবর্ষ হতে চলল, অনুষ্ঠানটির জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। সময়ের পরিবর্তনের সঙ্গে শিল্পীর পরিবর্তন হয়েছে, মহালয়ার প্রাক্-সূর্যোদয়ে এখনও কী কলকাতা, কী কানপুর-ঢাকা-ম্যাসাচুসেটস-আগরতলা-আন্দামান-মেহেরপুর-টোকিওর বাঙালি এটা শুনতে ভোলেন না।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

চিরজীবী বিদ্যাসাগর

বিদ্যাসাগর ‘বর্ণপরিচয়’ লেখার মাধ্যমে শিশুশিক্ষার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা রেখেছিলেন। ১৮৫৫-র ১৪-ই এপ্রিল, অর্থাৎ ১২৬২-র পয়লা বৈশাখ এর প্রথম খণ্ড, ও সে বছরের-ই পয়লা আষাঢ় বইটির দ্বিতীয় খণ্ড বেরোয়। এর আগেও শিশুদের অক্ষর পরিচয় ও বাক্যগঠনের বেশ কিছু বই থাকলেও বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ উপযোগিতার দিক দিয়ে সেগুলিকে, ও পরবর্তীকালে রবীন্দ্রনাথের ‘সহজপাঠ’-কে বহুগুণে ছাড়িয়ে গিয়েছে। তাঁর জীবিতকালেই বইটির ১৫০-এর ওপর সংস্করণ হয়, আর ছাপা হয়েছিল তিরিশ লাখের-ও বেশি। এখন-ও ও বইটির উপযোগিতা শেষ হয়ে যায়নি।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মূকাভিনয়: প্রাচীন ভারতীয় ঐতিহ্য

যুগে যুগে মূকাভিনয় রূপ পাল্টেছে, পাল্টাচ্ছে প্রতিনিয়ত। নাটকে, নৃত্যে, কথকতায় যা ছিল, এখন ‘White face makeup’ তার লাঞ্ছন। রঙের ব্যবহার হচ্ছে, নাটকের যৌথ শিল্পকলা থেকে বেরিয়ে এসে একদা একক প্রদর্শেয় হয়ে উঠে ফের দলগত প্রদর্শনীতে ফিরে গেছে। মার্সো মঞ্চ থেকে তাকে নিয়ে গেছেন পথে। এমনকী চ্যাপলিনের ভবঘুরের সমান্তরাল তাঁর বিখ্যাত ‘বিপ দ্য ক্লাউন’ নিয়ে তিনি চলচ্চিত্রেও অবতীর্ণ। মূকাভিনয় আর মার্সো আজ এতটাই সমার্থক যে, যোগেশ দত্ত সত্যজিৎ রায়ের কাছে ভারতীয় মার্সো! দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সৈনিক তাঁর মূকাভিনয়ের জাদুতেই ইহুদি বহু শিশুদের বাঁচিয়েছিলেন।

Read More »