Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সম্পাদকীয়

দুর্গাপুজো সর্বদা শারদ নয়

পৃথিবীতে যত জনগোষ্ঠী আছে, প্রত্যেকের বার্ষিক ধর্মীয় আনন্দোৎসব আছে। বৌদ্ধদের বুদ্ধপূর্ণিমা, মুসলমানদের ইদ, খ্রিস্টানদের বড়দিন, তেমনই বাঙালি হিন্দুদের দুর্গাপুজো। এখানে মিল ও পার্থক্য দুটোই আছে। মিলটা তো বোঝা গেল, পার্থক্যটা? অন্য সব মহোৎসব সেই সেই ধর্মপ্রবক্তাদের কেন্দ্র করে। কিন্তু বাঙালি হিন্দুদের উদযাপন দেবতাকেন্দ্রিক। তাই তামিল হিন্দুরা তাঁদের সেরা উৎসবরূপে পালন করেন পোঙ্গল, পাঞ্জাবিরা বৈশাখী, অসমিয়ারা বিহু, গুজরাতের লোক নবরাত্রি, কেরালাবাসীরা ওনাম, মারাঠীরা গণেশচতুর্থী, বা তেলুগুভাষীরা য়ুগাদি।

বহু বিবর্তনের পথ বেয়ে আজ দুর্গাপুজো বাঙালির আপন হৃদয়ে স্থান করে নিয়েছে। বাল্মীকিতে ছিল না, কৃত্তিবাস দেবী দুর্গার অকালবোধন আনলেন। যা ছিল একদা কৃষকের শস্যকেন্দ্রিক যাপন, তা প্রথমে ধনীদের, পরে ‘সর্বজনীন’-রূপে আমজনতার আরাধ্য হয়ে উঠল। একচালা মূর্তির পরিবর্তন এল, লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিককে আলাদা রেখে। আর এখন চলছে থিম পুজোর কাল। খুঁটিপুজো-ও নতুন সংযোজন।

বিবর্তন আসুক, স্বাগত তাকে। পুজোর ক’টি দিন আনন্দে আমোদে রঙিন হয়ে উঠুক মানুষ। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় একদিকে, অন্যদিকে পুজোয় কাছে-দূরে বেড়াতে যাওয়া, চলুক। কানাডা থেকে ত্রিনিদাদ, জার্মানি থেকে কেনিয়ার বাঙালি আত্মপরিচয় লাভ করে নিজ সংস্কৃতির, করুক। শারদীয় পত্রপত্রিকার ঢল নামে এই শারদোৎসবকে কেন্দ্র করে, নামুক। সারা বছরের জীবনীশক্তি অর্জিত হয় উৎসবের মধ্যে দিয়ে। বাণিজ্য হয় কোটি কোটি টাকার, যার মূল্য নিতান্ত উপেক্ষণীয় নয়।

কলকাতা পুজোর ঠিক আগে বন্যায় ভাসল, করুণ মৃত্যু হল দশজনের, কলেজ স্ট্রিটের বইপাড়ায় কোটি কোটি টাকার বই জলে ভিজে প্রকাশকদের বিশাল ক্ষতি করে দিয়ে গেল। নাগরিক জনজীবন চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়েছিল বেশ কয়েকদিন। বহু পুজো-প্যান্ডেল বিধ্বস্ত! তাইতে পুজো এবার সার্বিক আনন্দ দিতে পারবে না।

তবুও শারদলক্ষ্মী আসছেন প্রতি বছরের মতো। একটি সংশোধনী। দুর্গাপুজো কিন্তু সর্বদা শারদ নয়, কেন না একবছর তা আশ্বিনে হয়, পরের বছর কার্তিকে, অর্থাৎ হেমন্তে। তবু শারদীয়া পূজা! হ্যাঁ, আর্ষপ্রয়োগ এটা।

সকলের জন্য শারদীয় শুভেচ্ছা।

মলয়চন্দন মুখোপাধ্যায়, সম্পাদক, ভালভাষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 18 =

Recent Posts

তন্ময় চট্টোপাধ্যায়

মাতৃভাষা: অবিনাশী হৃৎস্পন্দন ও বিশ্বজনীন উত্তরাধিকার

প্রতিটি ভাষার নিজস্ব একটি আলো আছে, সে নিজের দীপ্তিতেই ভাস্বর। পৃথিবীতে আজ প্রায় সাত হাজার ভাষা আছে। ভাষাবিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীর শেষে তার অর্ধেকেরও বেশি বিলুপ্ত হয়ে যাবে। এ তথ্য সত্যিই বেদনাদায়ক। একটি ভাষার মৃত্যু মানে কেবল কিছু শব্দের মৃত্যু নয়— সে মানে একটি জগৎদর্শনের অবলুপ্তি, একটি জাতির স্মৃতির চিরকালীন বিনাশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমাদের অঙ্গীকার হোক বহুমাত্রিক। নিজের মাতৃভাষাকে ভালবাসা, তাকে চর্চায় রাখা, তার সাহিত্য ও সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আর তার সাথে অন্য সমস্ত ভাষার প্রতি আরও বেশি করে শ্রদ্ধাশীল হওয়া।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শংকর: বিচিত্র বিষয় ও আখ্যানের কথাকার

শংকরের জনপ্রিয়তার একটি কারণ যদি হয় সাবলীল ও সহজ গতিচ্ছন্দময় ভাষা, অন্য আরেকটি কারণ হল, নিজ সময়কে করপুটে ধারণ করা। তার সঙ্গে মিশেছে আমাদের পরিকীর্ণ জগতের বহুকিছু, আমাদের নাগালের মধ্যেই আছে, অথচ আমরা এ-পর্যন্ত যার হদিশ পাইনি, তাকে পাঠকের দরবারে এনে হাজির করা। ১৯৫৫-তে যে উপন্যাসটি দিয়ে বাংলা-সাহিত্যে তাঁর আবির্ভাব, সেই ‘কত অজানারে’ হাইকোর্টের জীবনযাপন, সেখানকার আসামি-ফরিয়াদি, উকিল-ব্যারিস্টার প্রমুখের চিত্র। লেখকের নিজ অভিজ্ঞতাপ্রসূত রচনা এটি। তিনি প্রথম জীবনে হাইকোর্টের সঙ্গে চাকরিসূত্রে যুক্ত ছিলেন।

Read More »
সুজিত বসু

সুজিত বসুর তিনটি কবিতা

তারপরে একদিন আকাশে মেঘের সাজ, মুখরিত ধারাবারিপাত/ রঙিন ছাতার নিচে দু’গালে হীরের গুঁড়ি, মন মেলে ডানা/ আরো নিচে বিভাজিকা, নিপুণ শিল্পীর হাতে গড়া দুই উদ্ধত শিখর/ কিছুটা অস্পষ্ট, তবু আভাসে ছড়ায় মায়া বৃষ্টিস্নাত নাভি/ তখনই হঠাৎ হল ভূমিকম্প, পাঁচিলের বাধা ভাঙে বেসামাল ঝড়/ ফেরা যে হবে না ঘরে মুহূর্তে তা বুঝে যাই, হারিয়েছি চাবি/ অনেক তো দিন গেল, অনেক ঘুরেছি পথে, বিপথে অনেক হল ঘোরা/ তাকে তো দেখেছি, তাই নাই বা পড়ুক চোখে অজন্তা ইলোরা।

Read More »
সর্বাণী বন্দ্যোপাধ্যায়

ছোটগল্প: ফাউ

গরমকালে ছুটির দিনে ছাদে পায়চারি করতে বেশ লাগে। ঠান্ডা হাওয়ায় জুড়োয় শরীরটা। আকাশের একপাশে আবির। সন্ধে হবে হবে। অন্যদিকে কাঁচা হলুদ। চায়ের ট্রে নিয়ে জমিয়ে বসেছে রুমা। বিয়ের পর কি মানুষ প্রেম করতে ভুলে যায়? নিত্যদিন ভাত রুটি ডালের গল্পে প্রেম থাকে না কোথাও? অনেকদিন রুমার সঙ্গে শুধু শুধু ঘুরতে যায়নি ও।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারীকে আপন ভাগ্য জয় করিবার…

মনু-পরাশর-বৃহস্পতি-কৌটিল্যদের অনুশাসন এসে নারী প্রগতির রাশ টেনে ধরল। নারীর শিক্ষালাভের ইতি ঘটল, অন্তঃপুরে বাস নির্দিষ্ট হল তাঁর জন্য। তাঁকে বাঁধা হল একের পর এক অনুশাসনে। বলা হল, স্বাধীনতা বলে কোনও পদার্থ থাকবে না তাঁর, ‘ন স্ত্রী স্বাতন্ত্র্যমর্হতি’! কুমারী অবস্থায় পিতা-মাতার অধীন থাকবে সে, বিয়ের পর স্বামীর, বার্ধক্যে সন্তানের। ধাপে ধাপে তাঁর ওপর চাপানো হতে লাগল কঠিন, কঠিনতর, কঠিনতম শাস্তি।

Read More »
স্বপনকুমার মণ্ডল

গরিব হওয়ার সহজ উপায়

এককালে পর্তুগিজ-মগরা আমাদের নিম্নবঙ্গ থেকে দাস সংগ্রহ করত মালয়-বার্মাতে শ্রমিকের কাজের জন্য, ইংরেজ সাহেবরাও কিনত গোলাম। আজ আবার মানুষ সস্তা হয়েছে। ঔপনিবেশিক শাসকের দরকার নেই। খোলাবাজারে নিজেরাই নিজেদের কিনছে দেশের মানুষ। মানুষ বিক্রির মেলা বসে এখন গ্রামগঞ্জের হাটে হাটে।

Read More »